চ্যাম্পিয়ন্স লিগের জায়গা পাকা করল ম্যান ইউ। ছবি সৌজন্যে ট্যুইটার
এরঅলস্পোর্ট ডেস্কঃ প্রিমিয়ার লিগে চেলসিকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের জায়গা পাকা করল এরিখ টেন হাগের দল। বৃহস্পতিবার রাতে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে মুখোমুখি হয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং চেলসি। আর সেই ম্যাচে বিপক্ষের বিরুদ্ধে ১-৪ ব্যবধানে জিতল টেন হাগের দল।
পয়েন্ট টেবিলের ১২ নম্বরে থাকা চেলসির বিরুদ্ধে ৪-২-৩-১ ফর্মেশনে দল নামান ম্যান ইউ কোচ। অন্যদিকে চেলসিও কঠিন প্রতিপক্ষকে রুখে দিতে ৪-৩-৩ ফর্মেশনে দল নামায়। তবে শেষ পর্যন্ত বাজিমাত করে ম্যান ইউনাইটেড। ম্যাচের একেবারে শুরুতেই অর্থাৎ ৬ মিনিটের মাথায় এরিকসনের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ক্যাসিমেরো। শুরুতেই ধাক্কা খায় চেলসি। তবে এই ম্যাচের শুরুতে ম্যান ইউনাইটেড কোচকে দলে পরিবর্তন ঘটাতে হয়। অ্যান্টনির চোট লাগলে ২৯ মিনিটের মাথায় মাঠে নিয়ে আসা হয় রাশফোর্ডকে। তবে প্রথমার্ধেই ফের আরও একটি গোল করতে সক্ষম হয় ম্যান ইউনাইটেড। প্রথমার্ধের ইঞ্জুরি টাইমে গোল করে দলকে আরও এগিয়ে দেন অ্যান্টনি মার্টিয়াল। ২-০ ভাবে প্রথমার্ধ শেষ করে তারা।
দ্বিতীয়ার্ধ শুরু হলে আক্রমণ বাড়ায় চেলসি। কিন্তু তারা খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। ম্যান ইউনাইটেড ফুটবলারদের কাছে অনেকটাই ব্যাকফুটে চলে যায় চেলসি। ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালালেও পুরোপুরি ভাবে ব্যর্থ হয় তারা। বরং পরিবর্তে গোল হজম করতে হয় তাদের। ৭৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে জালে বল জড়িয়ে দলের তৃতীয় গোলটি এনে দেন ব্রুনো ফার্নান্ডেজ। আর এই গোলের সঙ্গে সঙ্গে চেলসির হার নিশ্চিত হয়ে যায়।
৭৩ মিনিটে ব্রুনোর গোলের কয়েক মিনিটের পর এই ম্যাচের ম্যান ইউনাইটেডের শেষ গোলটি করেন রাশফোর্ড। ৭৮ মিনিটের মাথায় দুর্দান্ত গোল করেন তিনি। আর এই গোলের পরই ডিফেন্সিভ ফুটবল খেলতে থাকে ম্যান ইউনাইটেড। আর সেই সুযোগে ব্যবধান কমায় চেলসি। ম্যাচের একেবারে শেষে অর্থাৎ জোয়াও ফেলিক্স ৮৯ মিনিটের মাথায় গোল করে ব্যবধান কমান। আর এই ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
