Cart Total Items (0)

Cart

All Sports India

‌ব্রাজিল ২(‌ক্যাসেমিরো, মার্টিনেলি)‌                                   জাপান ১(‌স্যানো)‌

মুনাল চট্টোপাধ্যায়: ওস্তাদের মার শেষ রাতে একেই বলে।‌ শুরুতে পিছিয়ে পড়েও হিউস্টনের মাঠে জাপানকে ৯৬ মিনিটের মার্টিনেলির গোলে ২-‌১ ফলে হারিয়ে ফিফা ২০২৬ বিশ্বকাপের প্রিকোয়ার্টারফাইনালে গেল ব্রাজিল। স্যানোর গোলে এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না জাপানের অনভিজ্ঞতার কারণে। তাঁদের কোচ হাজিমে মোরিয়াসু নিশ্চয়ই বুঝলেন আগাগোড়া অতিরক্ষণাত্মক ফুটবল খেলে, বিশেষ করে ম্যাচের শেষ ১০ মিনিট ব্রাজিলকে ঘাড়ে চেপে বসার সুযোগ করে দিয়ে তিনি ঠিক করেননি। তার খেসারত দিয়ে ম্যাচ হারলেন, ব্রাজিলকে বিশ্বকাপে এগোনোর পথ করে দিলেন। জাপান যে বিশ্বকাপের মঞ্চে ছোট দলই রয়ে গেল, সেটা এর প্রমাণ।

খেলার শুরুতে বিশ্বের ফুটবল বিশেষজ্ঞদের চোখে ব্রাজিল যে ফেবারিট ছিল সেটা বলার অপেক্ষা রাখে না। আর সেটাই স্বাভাবিক। এর আগে ১৪ বার জাপানের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। তার মধ্যে ১১ বারই জয় পায় সেলেকাওরা। জাপান মাত্র একবার। ২ ম্যাচ ড্র। গতবছর অক্টোবরে টোকিওতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩‌-‌২ গোলে হারিয়েছিল জাপান। জয়সূচক গোল এসেছিল উয়েদার পা থেকে। সম্ভবত এটাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছিল জাপানকে হিউস্টনে বিশ্বকাপের আসরে ব্রাজিলের বিরুদ্ধে সমানে সমানে লড়ে যেতে।

ব্রাজিলের অভিজ্ঞ কোচ কার্লেস আনসেলোত্তি যখন ৪-‌১-‌৩-‌২ ছকে জাপানকে চাপে ফেলার চেষ্টা করেছেন, তখন জাপানের কোচ ৩-‌৪-‌৩ ছকে নিজের দলের রক্ষণ জমাট রেখে প্রতিআক্রমণ হানার পথে হাঁটেন। জাপানের ফুটবলারদের খেলার প্রশংসা না করে উপায় ছিল না অন্তত প্রথম ৪৫ মিনিটের খেলা দেখে। খেলার আগাগোড়া শেপ ও শৃঙ্খলা বজায় রেখে ব্রাজিলকে প্রথমার্ধে গোলে শট নেওয়ার মতো একবারও ফাঁকা জায়গা দেননি জাপানের ফুটবলাররা। আর তাতেই ব্রাজিল ফুটবলারদের খেলায় হতাশা বাড়ছিল।

সেই সুযোগটাই কাজে লাগায় সামুরাই ব্লুরা। প্রতিআক্রমণ নির্ভর ফুটবলই জাপানকে ২৯ মিনিটে এগিয়ে দেয় ম্যাচে। ব্রাজিল মাঝমাঠের ফুটবলারদের আলগা ভাবের সুযোগে দানিলোর পা থেকে বল কেড়ে নেন জাপানের স্যানো। বল ধরে গতি বাড়িয়ে ক্যাসেমিরোকে পিছনে ফেলে ব্রাজিল বক্সের সামনে পৌঁছে ডানপায়ে গড়ানো জোরালো শট নেন তিনি। সেই বল ব্রাজিল গোলকিপার অ্যালিসনের বাড়ানো হাতের নাগাল এড়িয়ে ডানদিকের পোস্টের কোন ঘেঁষে জালের ভেতর জড়িয়ে যায়। গ্যালারিতে থাকা জাপানের সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন নিজের দলকে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে এগিয়ে যেতে দেখে।

প্রথমার্ধে পিছিয়ে থেকে সাজঘরে যান ব্রাজিলিয়ান ফুটবলাররা। কথায় আছে বড় কোচেরা বিরতিতে নিজেদের রোজগার বাড়ান। অর্থাৎ নিজের দলের ভুল ত্রুটি শুধরে দল নামান গুছিয়ে নিয়ে। ব্রাজিল কোচ আনসেলোত্তিওর কৌশলও সেটাই প্রমাণ করল। প্রথমার্ধের শেষে চোট পেয়ে খোড়াচ্ছিলেন পাকুয়েতা। আনসেলোত্তিকে তাঁকে বসিয়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই নামিয়ে দেন নবীন তারকা এন্ডরিককে। একইসঙ্গে বিরতিতে সাজঘরে ব্রাজিল ফুটবলারদের বাড়তি আক্রমণাত্মক হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেটাই দেখা গেল ব্রাজিলের খেলায় দ্বিতীয়ার্ধের শুরুর মিনিট থেকে। আক্রমণের চাপ বাড়াতে জাপান কোনঠাসা হয়ে পড়ে।

দ্রুত পাস খেলে বারবার জায়গা বদলে ব্রাজিলের ফুটবলাররা জাপান বক্সে পৌঁছে আঘাত হানা শুরু করতে গোলের মুখ খোলে। দ্বিতীয়ার্ধের শুরুতেই দানিলোর ক্রশে গুইমারেসের হেড রুখে দিয়ে জাপানের লিড ধরে রাখেন গোলকিপার সুজুকি। ৫৫ মিনিটে জাপান গোল হজম থেকে অবিশ্বাস্যভাবে বাঁচে আবার। কাসেমিরোর হেড গোলকিপার সুজুকি আংশিক প্রতিহত করলে, তা জটলার মাঝে ব্রাজিলের ফুটবলারের গায়ে লেগে গোলে ঢোকার মুখে গোললাইন থেকে ফেরান জাপানের টোমিয়াসু। আক্রমণের ঢেউ আছড়ে পড়তে থাকে জাপান বক্সে। কতক্ষণ আর ঠেকিয়ে রাখা যায় ব্রাজিলকে শুধুমাত্র অতিরক্ষণাত্মক খেলে। সমতা ফেরানোর গোলটা ব্রাজিল পেয়েই যায় ৫৬ মিনিটে। গ্যাব্রিয়েলের তোলা বলে হেড করে জাপান গোলকিপার সুজুকিকে হার মানান ক্যাসেমিরো। স্বস্তির নিঃশ্বাস ফেলে ব্রাজিল শিবির। হিউস্টনের গ্যালারিতে হলুদ জার্সির উন্মাদনার ঝড় ওঠে। ৫৯ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র জাপানোর টোমিয়াসুকে পায়ের জাদুতে টলিয়ে দিয়ে শট নিলে জাপান গোলকিপার সুজুকি বাঁদিকে ঝাঁপিয়ে বলে হাত লাগালে, সেই বল পোস্টে লেগে ফেরে। জাপান পিছিয়ে পড়ার হাত থেকে বাঁচে।

তবে ব্রাজিলকে শেষপর্যন্ত জয় এনে দিলেন সুপার সাব মার্টিনেলি ৯৬ মিনিটে গোল করে। জাপান রক্ষণের সামান্যতম ভুল থেকে বল পেয়ে যান গুইমারেস বক্সের মাঝে। তিনি মাপা বল বাড়ান বক্সের ভেতর বাঁদিকে দাঁড়ানো মার্টিনেলিকে। জাপানের দুই ডিফেন্ডারের মাঝে বল ধরে মার্টিনেলি কোনাকুনি শট নিলে তা গোলকিপার সুজুকির বাড়ানো হাতের নাগাল এড়িয়ে গোলে ঢোকে। এই গোলেই ব্রাজিল সমর্থকদের বিশ্বকাপ জেতার আশা জিইয়ে রেখে শেষ ১৬য় অর্থাৎ প্রিকোয়ার্টারফাইনালে গেল সেলেকাওরা। গেল বটে, তবে ভিভিআইপি বক্সে বসে খেলা দেখা রোনান্ডো সিনিয়র, বেবেতো, রোনাল্ডিনহোরা যে খুব একটা স্বস্তি বোধ করলেন এই কষ্টসাধ্য জয়, এমনটা বলা যাবে না। ব্রাজিলকে পরের রাউন্ডে খেলতে হবে আইভরি কোস্ট ও নরওয়ের বিজয়ীর সঙ্গে। ব্রাজিলের খেলায় উন্নতি না ঘটলে, প্রিকোয়ার্টারফাইনালের বাধা টপকানো কঠিন হবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *