Cart Total Items (0)

Cart

All Sports India

‌ফ্রান্স ২(‌ এমবাপে, ডেম্বেলে)‌                                               মরক্কো ০

 

মুনাল চট্টোপাধ্যায়:‌ আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি যখন ফিফা ২০২৬ বিশ্বকাপের জৌলুস বাড়িয়ে চলেছেন প্রতি ম্যাচে নিজের দক্ষতা তুলে ধরে, তখন ফ্রান্সের জার্সিতে একইরকম উজ্জ্বল কিলিয়ান এমবাপে। অধিনায়ক এমবাপের দাপটে বোস্টনের মাঠে মরক্কোকে ২-‌০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে এই একই ফলে মরক্কোকে হারিয়ে ফাইনালে গেছিল তারা।

এই নিয়ে পরপর তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন ও ২০২২ কাতার বিশ্বকাপ রানার্স দিদিয়ের দেশঁর দল। ফ্রান্সের সামনে এখন পরপর তিনটি ফাইনাল খেলার হাতছাড়ি। শুধু তাই নয়, মরক্কোর বিরুদ্ধে গোল করার সুবাদে বিশ্বকাপে এমবাপের মোট গোলের সংখ্যা এখন ২০। বিশ্বকাপে সবচেয়ে কমবয়সী ফুটবলার হিসেবে ২০টি ম্যাচ খেলে ২০ গোল করেছেন ২৬ বছর বয়সী এমবাপে। মেসির মোট গোলসংখ্যা এখন ২১। এখন দেখার বাকি ম্যাচগুলোয় মেসি নিজের গোল আর কত বাড়িয়ে নিতে পারেন। আর এমবাপে বাকি ম্যাচে মেসিকে ছুঁতে বা টপকে যেতে পারেন কিনা। চলতি বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির সঙ্গে সমান জায়গায় দাঁড়িয়ে এমবাপে ৮ গোল করে, তিনটি অ্যাসিস্টের কারণে। মরক্কো ম্যাচে ৬০ মিনিটে নিজে গোল করা ছাড়াও ৬৬ মিনিটে ডেম্বেলের করা গোলের পিছনেও তাঁর অবদান ছিল। চলতি বিশ্বকাপে ডেম্বেলের এটা ৫ নম্বর গোল। ২৮ মিনিটে এমবাপে পেনাল্টি মিস না করলে তাঁর ব্যক্তিগত গোলের সংখ্যা বাড়তে পারত।

তবে মরক্কোকে দাপটের সঙ্গে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেও আত্মতুষ্টিতে ভুগছেন না এমবাপে। কারণ সেমিফাইনালে ফ্রান্সকে খেলতে হবে বেলজিয়াম ও স্পেনের বিজয়ী দলের বিরুদ্ধে। যেটা মোটেই সহজ নয়। আরও একবার বিশ্বকাপ জেতার লক্ষ্যে ঝাঁপাতে তৈরি। আর তাই ম্যাচ শেষে এমবাপের প্রতিক্রিয়া, ‘‌ জয় চাপ অনেকটা কমিয়ে দেয় ঠিকই, তবে হাল্কা দেওয়ার কোনও অবকাশ নেই। যতক্ষণ না লক্ষ্যপূরণ হচ্ছে, ততক্ষণ সেরাটা দিয়ে যেতে হবে মাঠে। সেমিফাইনালে পৌঁছানোয় অবশ্যই খুশি। কিন্তু এখনও অনেকটা পথ যেতে হবে।’‌

ফ্রান্স হল দ্বিতীয় দল, যাদের ২৪ বছর বাদে এমবাপে ও ডেম্বেলের মতো দুই ফুটবলারের ৫টি করে গোল আছে। এর আগে শেষবার এই কৃতিত্ব ছিল ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের। রোনাল্ডো ও রিভাল্ডো ৫টি করে গোল পেয়েছিলেন। মরক্কোর বিরুদ্ধে ম্যাচে প্রতিপক্ষের কড়া ট্যাকলে ৭৬ মিনিটে গোড়ালি চেপে ধরে মাটিতে বসে পড়েন এমবাপে। এটা দেখে ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দেশঁ আর এমবাপেকে মাঠে রাখার ঝুঁকি নেননি সেমিফাইনাল ম্যাচে কথা ভেবে। এক মিনিটে বাদেই এমবাপেকে তুলে নেন। তাঁর জায়গায় মাঠে নামেন জাঁ ফিলিপ-‌মাতেতা। ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে মরক্কো জয়ের সেলিব্রেশন সেরে এমবাপে বলেন, ‘‌ আমার গোড়ালিকে আঘাত লেগেছিল। জোর করে খেলতে গেলে হিতে বিপরীত হত। ম্যাচ তখন আমাদের কব্জায় ছিল। তাই উঠে যাই। আমি ঠিক আছি। ওই সময় আমার থেকে ফিট মাতেতা নেমে মরক্কো ডিফেন্সকে চাপে রেখেছিল। কোচ দেশঁ ঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন।’‌ কোচ দেশঁর প্রতি কতটা শ্রদ্ধা, ভালবাসা ও আস্থা আছে এমবাপের, সেটা বোঝা গেছে ম্যাচ শেষে পরস্পরকে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ হতে দেখে।

মরক্কোর বিরুদ্ধে দলের জয় ও এমবাপের পারফরমেন্সের উচ্ছ্বসিত প্রশংসা কোচ দেশঁর মুখে। বলেন, ‘‌ আমরা কতটা ধারাবাহিকভাবে ভাল খেলেছি, সেমিফাইনালে ওঠাটাই তার প্রমাণ। দলে ভাল ফুটবলার থাকলেই শুধু হয় না, দলগত সংহতি ও প্রচেষ্টাও সমান জরুরি। ফুটবলারদের কৃতিত্ব দিতেই হবে তাদের সেরা দেওয়ার জন্য। আমিও হয়ত ওদের ঠিকঠাক পরিচালনা করতে পেরেছি এখনও পর্যন্ত। আর এমবাপের সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। ও দলের অধিনায়ক। ওর মানসিকতা প্রসংশনীয়। পেনাল্টিতে গোল না পেলেও ওর ফোকাস নষ্ট হয়নি। বরং গোল না পাওয়া পর্যন্ত মরক্কো ডিফেন্সকে চাপে রেখেছিল। অনেকে বলেন এমবাপে নাকি নিজের জন্য খেলে। কিন্তু আমি মনে করি, যা করে তা দলের জন্যি। ও নিজেই একটা দৃষ্টান্ত সকলের কাছে। এখনও ওর কাছে আরও গোল প্রত্যাশা করি। সঙ্গে বিশ্বকাপ ট্রফিটাও। আরও একবার আমার কোচিংয়ে।’‌

সব ঠিকঠাক চললে ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি ঘটতে পারে। মুখোমুখি হতে পারে আবার ফ্রান্স ও আর্জেন্টিনা। তখন লড়াইটা জমবে। কারণ মেসি চাইবেন পরপর দু’‌বার বিশ্বকাপ জয়ে বিরল কৃতিত্ব অর্জনের, যা কিংবদন্তী মারাদোনাও পারেননি। আর এমবাপের লক্ষ্য হবে গত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হারের জ্বালা জুড়োতে। একইসঙ্গে দ্বিতীয়বার মাথায় বিশ্বকাপ জয়ের মুকুট পরতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *