অলস্পোর্ট ডেস্ক: ফিফা ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ফুটবল দলের মাঠে নামার আর বেশি দেরি নেই। বড়জোর দু’মাস। কিন্তু ব্রাজিল দলে নেইমার জুনিয়ারের জায়গা হবে কিনা, তা নিয়ে একটা ধোঁয়াশা রয়েই গেছে। এমন একটা পরিস্থিতিতে ব্রাজিল জাতীয় দলের চিফ কোচ কার্লেস আনসেলোত্তির মন্তব্যে নেইমার ভক্তদের খুশি হওয়ার কথা। আনসেলোত্তি ইঙ্গিতপূর্ণ একটি মন্তব্য করেছেন। বলেছেন, নেইমার ঠিক পথেই এগোচ্ছে ব্রাজিল দলে জায়গা পেতে। নিজের ফিটনেস ও ফর্ম প্রমাণ করতে ওর হাতে এখনও দু’মাস সময় আছে। এটা নেইমারের জন্যই একটা উজ্জীবিত হওয়ার মত খবর।
উরুগুয়ের বিরুদ্ধে ব্রাজিলের হয়ে খেলার সময় ২০২৩ সালের অক্টোবরে হাঁটুতে গুরুতর চোট পেয়ে মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন নেইমার। তখন থেকে আর ব্রাজিলের জাতীয় দলে ঢুকতে পারেননি ফিটনেস ইস্যুতে। ৩৪ বছর বয়সী অল্পসময় সৌদি প্রোলিগের ক্লাব আল হিলালে কাটানোর পর ২০২৫য়ে নিজের ছেলেবেলার ক্লাবের ব্রাজিলের স্যান্টোসে ফেরেন নেইমার। তবে চোট সারিয়ে পুরো ফিট এমন এখনও পর্যন্ত প্রমাণ করতে পারেননি। এমনকি হাঁটুর অপারেশনের পর অত্যাধুনিক চিকিৎসার সাহায্য নেওয়া সত্ত্বেও। সম্প্রতি নিজের রক্ত দিয়ে হাঁটুর অস্থি মজ্জা প্রতিস্থাপনের এক পদ্ধতিও অবলম্বন করেছেন নেইমার পুরো ফিট হয়ে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেতে।
ব্রাজিল দলে না থাকলেও, কাসেমিরোর মতো জাতীয় দলের সিনিয়র ফুটবলার ও টিম ম্যানেজমেন্টের একাংশ মনে করেন, ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা নেইমার তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে ফিফা ২০২৬ বিশ্বকাপে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। সবচেয়ে বড় আশার বাণী শুনিয়েছেন আনসেলোত্তি। তিনি বলেছেন, নেইমার অসাধারন প্রতিভাসম্পন্ন ফুটবলার। আর সেকারণেই অনেকেই মনে করেন বিশ্বকাপ জিততে নেইমার দলকে সাহায্য করতে পারে। আর সেকারণেই আমি নিজে ও ব্রাজিল ফুটবল কনফেডারেশনের কর্তারা নেইমারের দিকে লক্ষ্য রাখব। নেইমার নিজেকে পুরো ফিট প্রমাণের জন্য ২ মাস সময় পাচ্ছে।’
আনসেলোত্তির মতে, ‘ আমি সেই ফুটবলারদেরই শুধু ব্রাজিল দলে রাখব, যারা শারীরিক ভাবে মাঠে নেমে সেরা দিতে তৈরি। নেইমার ওর হাঁটুর চোট সমস্যা অনেকটাই সারিয়ে ফেলেছে । গোলের মাঝে ফিরেছে। এই উন্নতির গতিটা ধরে রাখতে হবে নেইমার। মনে করি ও সঠিক পথেই এগোচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নিতে।’
সম্প্রতি ফ্রান্স ও পর্তুগালের বিরুদ্ধে ২টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেইমারের জায়গা হয়নি ব্রাজিল দলে। তবে পরের কোনও বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নেইমার ডাক পেতে পারেন, নিজের ফিটনেস ও দক্ষতা প্রমাণের জন্য। ইতিমধ্যে নেইমারের দল বদল নিয়ে নতুন একটা তথ্য সামনে এসেছে। শোনা যাচ্ছে নেইমার স্যান্টোস ছেড়ে এমএলএসের ক্লাব সিনসিনাটি এফসিতে যোগ দিতে পারেন ২০২৭ মরশুমে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
