অলস্পোর্ট ডেস্ক: মহমেডান স্পোর্টিং ক্লাবের প্রধান কোচ আন্দ্রে চের্নিশভের বিদায়ের ঘোষণা করে দিল ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের ইতিহাসে অসাধারণ এক অধ্যায়ের সূচনা করে দিয়েছিলেন তিনি। কিন্তু ক্লাবের অন্দরের বিভিন্ন সমস্যার কথা সোশ্যাল মিডিয়ায় লিখে পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু তার পর আবার তাঁকে বুঝিয়ে সুঝিয়ে রেখে দেওয়ার কথা জানিয়েছিল ক্লাব ও স্পনসররা। যদিও তার পর দেশে ফিরে গিয়েছিলেন চের্নিশভ। তাতেই পরিষ্কার হয়ে যায় তিনি আর ফিরবেন না। শুক্রবার সেটাই অফিসিয়ালি জানিয়ে দিল ক্লাব। মেহরাজউদ্দিন ওয়াডুকে বাকি মরসুমের জন্য অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে।
ক্লাবের পক্ষ থেকে বার্তায় বলা হয়, ‘‘চের্নিশভের নেতৃত্বে ক্লাব তার এবং তার সমর্থকদের নিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল। তাঁর পরামর্শ, তরুণ প্রতিভা তুলে আনা, পেশাদারিত্ব এবং অনুপ্রেরণা দেওয়ার ক্ষমতা দলকে আরও শক্তিশালী, আরও ঐক্যবদ্ধ শক্তিতে রূপান্তরিত করেছে।’’
‘‘তাঁকে বিদায় জানানো কখনওই সহজ নয়, বিশেষ করে এমন কাউকে, যিনি এই ক্লাবকে এত কিছু দিয়েছেন। কোচ চের্নিশভের প্রভাব ফলাফলের বাইরেও বিস্তৃত – তিনি দলের নতুন পরিচয় তৈরি করে দিয়েছিলেন, দলের উচ্চাকাঙ্ক্ষাকে উন্নীত করেছেন এবং এমএসসি পরিবারের হৃদয় জয় করেছেন। ক্লাবের সাথে যুক্ত সকলের জন্য তার উপস্থিতি অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।’’
মহমেডান এসসি কোচ চের্নিশভের অমূল্য অবদানের জন্য তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং তাঁর ভবিষ্যতের প্রচেষ্টায় শুভেচ্ছা জানিয়েছে। তিনি সর্বদা এমএসসি পরিবারের একজন প্রিয় সদস্য হয়ে থাকবেন এবং তাঁর উত্তরাধিকার আগামী বছরগুলিতে ক্লাবকে অনুপ্রাণিত করে যাবে।
যৌথভাবে বাঙ্কারহিল, শ্রাচিস্পোর্টস এবং মহমেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে জারি করা হয়েছে এই বার্তা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
