সুচরিতা সেন চৌধুরী: সমস্যার শেষ নেই। সব থেকে বড় সমস্যা টাকা। তাও লড়াই চালিয়ে যাচ্ছে কোচ ফুটবলাররা। মহমেডান এসসির মতোই একগুচ্ছ সমস্যা নিয়েই শুরু হয়েছে আইএসএল ২০২৫-২৬। ততোধিক কঠিন অবস্থার মধ্যেই এই টুর্নামেন্টে খেলতে নেমেছে কলকাতার তৃতীয় প্রধানও। প্রথম দুই ম্যাচ হেরেই মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি খেলতে নামছে মহামেডান। তার আগে দলের কোচ, ফুটবলারের মুখে নিজেদের জন্যই লড়াই করার অঙ্গীকার। নিয়মিত স্যালারি নেই, নেই দেশের শীর্ষ লিগ খেলার মতো পরিকাঠামো, তাও কেন খেলে যাচ্ছেন?
প্রশ্ন শুনে দলের অন্যতম বাঙালি গোলকিপার শুভজিৎ ভট্টাচার্য অবশ্য তাঁর জায়গায় খুবই পরিষ্কার। বলছিলেন, “আমাকে খেলতে হবে নিজের উন্নতি করার জন্য। প্রতিদিন ভালো খেলতে হবে।” আর এই জন্যই প্রচুর প্রতিবন্ধকতার মধ্যেও মাঠে নেমে নিজের সেরাটা দেওয়ার লড়াই চালিয়ে যাচ্ছে সাদা-কালো ব্রিগেড। একই কথা বলছেন কোচ মেহেরাজউদ্দিনও। বলছিলেন, “যা নেই তাই নিয়ে ভেবে কী করব, যা আছে তার নিয়েই এগিয়ে যেতে হবে। আমরা সেই চেষ্টাই করছি।”
এর সঙ্গেই অবশ্য মেনে নিচ্ছেন, তাঁদের এই পথ চলাটা মোটেও সহজ নয়। গত বছরই আইএসএল-এর যোগ্যতা অর্জন করেছিল আই লিগ চ্যাম্পিয়ন হয়ে। কিন্তু কোটি টাকার লিগে শুরু থেকেই সমস্যায় পড়তে হয় মহমেডানকে। লিগ তালিকার সবার শেষেই মরসুম শেষ করেছিল মহমেডান। এবারও পরিস্থিতির বদল হয়নি। বিদেশি কোচ বিদায়ের পর কঠিন সময়ে এই দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন মেহেরাজ। একসময় খেলেছেন এই ক্লাবের হয়ে, সে কারণেই হয়তো লড়ে যাচ্ছেন একগুচ্ছ প্রতিবন্ধকতার সঙ্গে।

বলছিলেন, “এই মরসুম আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। প্রিসিজনের সময় খুব কম পেয়েছি।একদম নতুন দল। কোনোটাই রাতারাতি হয়ে যাওয়ার বিষয় নয়। তির মধ্যে ইনভেস্ট রেল সরে যাওয়া, দলের উপর ট্রান্সফার ব্যান। সব মিলে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দল।” ফুটবলারদের প্রশংসা করে মেহরাজ বলেন, “প্লেয়াররাও নিজেদের উন্নতির জন্য খেলতে চায়। নিয়মিত স্যালারি পায় না তাও কোনও অভিযোগ করে না। ওরাও জানে যা আছে তার নিয়েই লড়াই করতে হবে।”
তবে নিজের দলের উপর ভরসা রাখছেন কোচ। প্রথম দুই ম্যাচে হারের মুখ দেখতে হলেও সেখান থেকেই পাওয়া গিয়েছে একাধিক সদর্থক দিক। আর সেগুলোকে নিয়েই এগোতে চাইছেন তিনি। বলছিলেন, “ছেলেরা উন্নতি করছে। ভুলগুলো আমরা শুধরে নেওয়ার চেষ্টা করছি। আমরা দেশীয় দলের উপর ভরসা রাখছি। এটা ঠিক বিদেশিরা দলের শক্তি বাড়ায় কিন্তু স্বদেশীদের উপরও আস্থা রাখতে হবে। এই মরসুমের ভারতীয়রা ভালো করছে।”
মোহনবাগানের মতো চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে নামার আগে তাদের সমিহ করছেন মহমেডান কোচ মেহরাজউদ্দিন। যদিও জানিয়ে দিলেন ডার্বিতে তাঁর সেরা একাদশ করেই দেখা যাবে মাঠে। বলছিলেন, “মোহনবাগান ভালো দল। লড়াইটা কঠিন। ওরা দারুণ ফর্মে রয়েছে। কিন্তু আমাদের যুব দল লড়াই করবে। আমাদের উন্নতি করতে হবে কারণ এই মরসুমে অবনমনও আছে।”
কোচের কথার রেশ ধরে দলের অন্যতম গোলকিপার শুভজিতও জানিয়ে দিলেন মাঠে নামলে সব সমস্যার কথা আর মাথায় থাকে না। বলছিলেন, “মাঠে নেমে পড়লে আর কিছু মাথায় থাকে না। তখন সেরাটা দেওয়ার চেষ্টা করি। মোহনবাগানের বিরুদ্ধেও সেটাই করব। ওদের আপফ্রন্ট খুব ভালো, সবাই গোল করতে পারে। ম্যাকলারেন, লিস্টন-সহ সবাই কঠিন প্রতিপক্ষ। শুধু বিদেশি নয়। কোচ যেভাবে বলবে সেভাবেই খেলব।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
