Cart Total Items (0)

Cart

All Sports

সুচরিতা সেন চৌধুরী: আইএসএল মরসুম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তার আগেই অবশ্য দলবদলের বাজারে খবরের ছড়াছড়ি। সেমিফাইনালে পৌঁছনো একটা দলের উপর তারও যে প্রভাব পড়তে পারে তা নিয়ে কোনও সংশয় নেই। তবে পেশাদারিত্ব এখানে বড় একটা বাধা। আর সেই পেশাদারিত্বই ফুটবলারদের সব কিছু থেকে দূরে থাকতে সাহায্য করে বলে মনে করছেন মোহনবাগান মাঝমাঠের ভরসা গ্রেগ স্টুয়ার্ট। এই দলবদলের নানান খবরের মধ্যে আইএসএল ২০২৪-২৫ সেমিফাইনালই এখন পাখির চোখ পুরো মোহনবাগান দলের।

গ্রেগ বলছিলেন, “ট্রান্সফারের খবর নিয়ে আমি মাথা ঘামাই না। আমাকে নিজের কাজ করে যেতে হবে। ওটা নিয়ে ভাবতে থাকলে তা অপেশাদারিত্ব হবে। আমরা সবাই পেশাদার ফুটবলার, এগুলোর প্রভাব পড়বে না। তাই আমি নিজের কাজেই ফোকাস করছি। একটাই লক্ষ্য ট্রফি জয়।” 

ঠিক যতটা আত্মবিশ্বাস দেখা গিয়েছিল মোলিনার মধ্যে ততটাই আত্মবিশ্বাসী তাঁর দলের ফুটবলারও। পুরো সাংবাদিক সম্মেলনে সব প্রশ্নের উত্তরেই ছিল তাঁর আত্মবিশ্বাসী জবাব। তবে মেনে নিচ্ছেন, জামশেদপুর ম্যাচ সহজ হবে না। বরং সুপার সিক্সে নর্থইস্টের বিরুদ্ধে সতর্ক থাকার কথা বলছেন গ্রেগ। বলছিলেন, “জামশেদপুরের বিরুদ্ধে ম্যাাচ চ্যালেঞ্জিং হতে চলেছে। ওদের নিয়ে সতর্ক থাকতে হবে। অন্যান্য দলের মতো জামশেদপুরকেও গুরুত্ব দিচ্ছি আমরা।” 

আগামী ১০ দিন মোহনবাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুটো সেমিফাইনাল ও একটি ফাইনাল। আর এই সব জিতেই মরসুম শেষ করতে চাইছে মোহনবাগান। গ্রেগ বলছিলেন, “আমাদের কাছে আরও একটা সুযোগ রয়েছে। ১০ দিনের ভেতর আরও একটা ট্রফি জেতার সুযোগ।” আর এই লক্ষ্যে পৌঁছতে মরিয়া পুরো দল। গত দু’সপ্তাহের অনুশীলনের পর চনমনে গোটা দল। তবে ভাবাচ্ছে আবহাওয়া। কলকাতায় প্রবল গরম, জামশেদপুরেও একইরকম গরম। সমস্যার কথা মেনে নিচ্ছেন গ্রেগ।

“গরম তো একটা সমস্যা বটেই। আমার মতো স্কটিশদের কাছে এই গরম আর আর্দ্রতা আরও বেশি সমস্যার। তবে আমি ভারতে চার বছর খেলেছি। জানি সহজ নয়। সঙ্গে এটাও জানি এই আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হয়। আমাদের যদি সমস্যা হয় এই আবহাওয়া, তাহলে ওদেরও হবে।” 

ইতিমধ্যেই গত চার বছরের ভারতের তিন ক্লাবের হয়ে খেলা হয়ে গিয়েছে গ্রেগের। লিগ শিল্ডও জিতেছে তিন ক্লাবের হয়েই। তাার মধ্যে কোনও একটাকে বেছে নিতে নারাজ তিনি।
“তিনটে দলের হয়ে চ্যাম্পিয়ন হয়েছি। কোনটা বেশি উপভোগ করি, তা এভাবে বলা কঠিন। তবে জামশেদপুরের হয়ে চ্যাম্পিয়ন হওয়াটা খুব কঠিন ছিল। মুম্বই আর মোহনবাগানের হয়ে সেটা ছিল না। কারণ জামশেদপুর যে চ্যাম্পিয়ন হতে পারে সেটা কেউ ভাবতেই পারেনি।” এবার সেই জামশেদপুরের বিরুদ্ধেই আইএসএল ২০২৪-২৫-এর সেমিফাইনালে খেলতে নামতে হচ্ছে। প্রাক্তন দলের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাস এই স্কটিশ মিডফিল্ডার। 

বলছিলেন, “আমি লিগ জিতলেও সেমিফাইনালে কখনও জিততে পারিনি। এবারে সেই সুযোগটা আছে। কাপ জিততে মুখিয়ে রয়েছি। মুম্বই ছাড়া ভারতে কোনও দল লিগ আর কাপ একসাথে জেতেনি। আশা করি, মোহনবাগান সেটা করে দেখাতে পারবে।”

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *