অলস্পোর্ট ডেস্ক: কলকাতা প্রিমিয়ার লিগ জয় দিয়েই শুরু করে দিল মোহনবাগান দল। দ্বিতীয় সারির দল নিয়েই কলকাতা লিগ খেলতে নেমেছিল সবুজ-মেরুন। তবে শুরুটা জয় দিয়ে করে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল দল। এদিন পাঠচক্রের বিরুদ্ধে ৩-১ গোলে জয় তুলে টুর্নামেন্টের সূচনা করল মোহনবাগান। মোহনবাগানের হয়ে গোল করলেন সুমিত, এঙ্গসন, টাইসন। পাঠচক্রের হয়ে একমাত্র গোলটি করলেন সুরজিৎ।
এই প্রথম অনূর্ধ্ব-২৩ দল নিয়ে কলকাতা লিগ খেলতে নেমেছে মোহনবাগান।তাঁদের কেউ কেউ অবশ্য সিনিয়র দলকেও ভরসা দিয়েছেন অতীতে। কলকাতা লিগ খেলে তাঁরা নিজেদের আরও ভাল মতো তৈরি করে নিতে পারবেন। ভবিষ্যতে মোহনবাগান দলের সাপ্লাই লাইন তৈরি হবে নিজেদের দল থেকেই। পাশাপাশি ভারতীয় প্লেয়ারদের মেপে নেওয়ার এর থেকে ভাল মঞ্চ আর কী হতে পারে। কারণ এবারের কলকাতা লিগে খেলছেন না কোনও বিদেশি ফুটবলার। মনে করা হচ্ছে আইএফএ-র এই উদ্যোগে স্থানীয় প্রতিভারা নিজেদের মেলে ধরতে পারবেন।
পাশাপাশি গত কয়েক বছর ধরে জেলায় জেলায়ও ছড়িয়ে দেওয়া হয়েছে কলকাতা লিগের খেলাকে। যার ফলে তৈরি হচ্ছে দর্শকও। এদিন মোহনবাগান বনাম পাঠচক্র ম্যাচের আয়োজন হয়েছিল নৈহাটি স্টেডিয়ামে। প্রথমার্ধের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন সুমিত রাঠি। তিনি গোল করেন ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে। তার ঠিক ন’মিনিটের মাথায় ২-০ করে দেন এঙ্গসন সিং। প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করে মোহনবাগান।
দ্বিতীয়ার্ধ দু’গোলে এগিয়ে থাকার আত্মবিশ্বাস নিয়েই নামে দল। যার ফল শেষবেলায় ৩-০-ও করে ফেলেন সবুজ-মেরুন বাহিনি।ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+১) করেন টাইসন। শেষবেলায় অবশ্য এক গোল হজমও করতে হয় তাদের। পাঠচক্রের হয়ে একমাত্র গোলটি করেন সুরজিৎ, ঠিক শেষ বাঁশি বাজার আগে (৯০+৩)।
এদিকে, বৃহস্পতিবার ইউনাইটেড স্পোর্টস বনাম মহমেডানের ম্যাচ আপাতত স্থগিত রাখা হয়েছে। কারণ হিসেবে জানা গিয়েছে পুলিশ না পাওয়ার জন্য নির্ধারিত দিনে এই ম্যাচ করা সম্ভব হচ্ছে না। পরবর্তী দিন এখনও জানানো হয়নি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
