অলস্পোর্ট ডেস্ক: আগামী ১৬ অগস্ট এএফসি কাপের দক্ষিণাঞ্চল পর্বের প্রথম রাউন্ডের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে নেপালের মাচিন্দ্রা এফসি। মঙ্গলবার কাঠমান্ডুতে নেপালের দলটি ৩-২ গোলে হারায় ভুটানের পারো এফসি-কে। ফলে এই ম্যাচের জয়ী দল আগামী সপ্তাহে আসবে কলকাতায়, গতবারের ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলতে।
গত বছর সেপ্টেম্বরে এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে হেরে যাওয়ার পর মোহনবাগান এসজি এ বার আরও উন্নত পারফরম্যান্সের উদ্দেশ্যে শক্তিশালী দল গড়েছে। এ মরশুমে তাদের কাছে আইএসএলের মতোই সমান গুরুত্বপূর্ণ এএফসি কাপ। সেই অভিযান শুরু হবে ১৬ অগাস্ট, মাচিন্দ্রা এফসি-র বিরুদ্ধে ম্যাচেই।
মোহনবাগান এসজি বনাম মাচিন্দ্রা এফসি ম্যাচের দিনই বাংলাদেশের আবাহনী লিমিটেড ঢাকা মুখোমুখি হবে মলদ্বীপের ক্লাব ঈগলসের। মোহনবাগান ১৬ অগাস্টের ম্যাচে জিতলে সে দিনের এই অন্য ম্যাচের বিজয়ীদের বিরুদ্ধে খেলবে। এএফসি-র পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, মোহনবাগান এসজি তাদের প্রথম ম্যাচটি খেলবে কলকাতায় ঘরের মাঠে এবং এই ম্যাচে তারা জিতলে ২২ অগাস্ট পরের ম্যাচও তারা খেলবে কলকাতাতেই।
২২ অগাস্টের ম্যাচে জিতলে সবুজ-মেরুন বাহিনী পৌঁছবে প্রতিযোগিতার গ্রুপ পর্বে। এই গ্রুপ পর্বে তারা কোন গ্রুপে থাকবে ও সেই গ্রুপে তাদের প্রতিপক্ষ হবে কারা, তা জানা যাবে ২৪ অগাস্ট গ্রুপ বিন্যাস অনুষ্ঠানে। ভারতের ওডিশা এফসি ইতিমধ্যেই গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। ক্লাব প্লে অফে তারা গোকুলাম কেরালা এফসি-কে হারিয়ে এই যোগ্যতা অর্জন করে।
গত বছর সেপ্টেম্বরে এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে কুয়ালালামপুর এফসি-র কাছে ১-৩-এ হেরেছিল এটিকে মোহনবাগান। ৯০ মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়ে থাকার পর ফারদিন আলি মোল্লার গোলে সমতা আনে তারা। কিন্তু স্টপেজ টাইমে পরপর দু’গোল খেয়ে ম্যাচ হেরে যায়।
তার আগে এটিকে মোহনবাগান সে বারের এএফসি কাপের বাছাই পর্ব ও গ্রুপ পর্বের ম্যাচগুলি কলকাতায় খেলেছ। গত বছর এপ্রিলে তারা শ্রীলঙ্কার
ব্লু স্টার ও ঢাকার আবাহনী লিমিটেডকে হারিয়ে গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। মে মাসে গ্রুপ পর্বে তারা গোকুলম কেরালা এফসি-র কাছে ২-৪-এ হারলেও বাংলাদেশের বসুন্ধরা কিংসকে ৪-০ ও মলদ্বীপের মাজিয়া এসআর-কে ৫-২-এ হারিয়ে ইন্টার জোনাল সেমিফাইনালে ওঠে।
গতবার ফাইনালের মুখ থেকে অপ্রত্যাশিত ভাবে ফিরে আসার পরে এ মরশুমে সবুজ-মেরুন বাহিনীর সামনে অন্যতম প্রধান লক্ষ্য এএফসি কাপ। তাই এ বছর ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করার পরই স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো বলে দেন, “আইএসএলে এ বারও চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আমাদের লক্ষ্য থাকবে এএফসি কাপে আরও ভাল ফল করা”। এ বার ফেরান্দোর সঙ্গে দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে থাকবেন সবুজ-মেরুন ব্রিগেডের প্রাক্তন কোচ আন্তোনিও লোপেজ হাবাসও।
এ বারের এএফসি কাপের লক্ষ্যে তাদের এ বারের অভিযান শুরু হয় গত মে মাসে, কোঝিকোড়েতে। ২০২১-২২-এর হিরো আইএসএল ট্রফিজয়ী হায়দরাবাদ এফসি-কে প্লে অফ ম্যাচে হারিয়ে এএফসি কাপের ছাড়পত্র অর্জন করে মরশুম শেষ করে কলকাতার দল। নির্ধারিত সময়ে ফল ১-১ থাকার পরে পেনাল্টি শুট আউটে ৩-১-এ জেতে সবুজ-মেরুন বাহিনী। সেই জয়ের সুবাদেই তারা ১৬ অগাস্ট এই ম্যাচে খেলছে।
(লেখা আইএসএল ওয়েবসাইট থেকে)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
