Cart Total Items (0)

Cart

All Sports
জুয়ান ফেরান্দো

অলস্পোর্ট ডেস্ক: এএফসি কাপ-এ পরপর দুটি ম্যাচে অনায়াস জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে জুয়ান ফেরান্দোর ছেলেদের। কারণ এই দু’টি ম্যাচ ছিল প্রাক-মরসুম প্রস্তুতির পর প্রথম প্রতিযোগিতার। বিদেশি থেকে স্বদেশি- এবার প্রথম একাদশে অনেক পরিবর্তন হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টে। ফলে নিজেদের মধ্যে পুরোপুরি সমঝোতা তৈরি করতে আরও কিছুটা সময় লাগবে বলে মনে করছে কোচিং টিম।  এই আবহে রবিবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে সবুজ মেরুন বিগ্রেড। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। যাদের সঙ্গে আবার সবুজ মেরুনের খেলা ম্যাচের পরিসংখ্যান একেবারে সুখকর নয়।

এই অবস্থায় যুবভারতীর এই ম্যাচটিকে একদিকে যেমন প্রাক মরসুম প্রস্তুতি ম্যাচ হিসাবে দেখছে ফেরান্দো বাহিনী পাশাপাশি তাদের লক্ষ্য এবার যে কোনও মূল্যে মুম্বই সিটি এফসিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যাওয়া। চোখের সংক্রমণ সারিয়ে অনুশীলনে ফিরেছেন দিমিত্রি পেত্রাতোস। শেষ ম্যাচে প্রথমবার নেমে দুর্দান্ত ফুটবল খেলেছেন স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউয়েস্তা। গোল পেয়েছেন দুই স্ট্রাইকার কামিনস-সাদিকু জুটি। এই আবহে রবিবাসরীয় সন্ধ্যায় মাঠে নামার আগে কি ভাবছেন কোচ জুয়ান ফেরান্দো।

জুয়ান ফেরান্দো বলেন, ‘‘চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য দল তৈরি করেছে মুম্বই সিটি। আমরা এ এফ সি কাপের জন্য দল তৈরি করেছি। দু’দলের কাছেই এটা ভাল একটা প্রস্তুতি ম্যাচ হতে যাচ্ছে। মুম্বই শক্তিশালী প্রতিপক্ষ। ওদের দুটি উইং বেশ কার্যকর। ছাংতে, বিপিন, মেহতাব, আকাশদের মতো সফল ভারতীয় ফুটবলার আছে। স্টুয়ার্টের মতো ভাল মানের বিদেশি প্লেয়ার আছে। আমাদের দলও পরপর দুটো ম্যাচ খেলে অনেকটা তৈরি। ফলে খেলাটা হাড্ডাহাড্ডি হবে। আমরা জেতার জন্য যতটুকু শক্তি খরচ করা যায় করব। একটা ব্যাপার মাথায় রাখতে হবে, এই ম্যাচটা খেলতে নামার আগে মুম্বই প্রায় দশদিন বিশ্রাম পেয়েছে। আমরা তিনদিন।’’

‘‘আমাদের আসল লক্ষ্য এএফসি কাপে ভাল ফল করা। সে জন্য চোট-আঘাত বাঁচিয়ে খেলতে হবে। সেটা মাথায় রেখেই টিম নামবে। প্রাক মরসুম প্রক্রিয়া এখনও চলছে। ফুটবলারদের অনেকেই নতুন। বোঝাপড়া হতে একটু সময় লাগবে। শেষ দু’টি ম্যাচে আমরা গুছিয়ে নিয়েছি অনেকটাই। আরও কিছু জায়গায় উন্নতি করতে হবে।’’

তিনি আরও বলেন, ‘‘মুম্বইকে অনেকদিন হারাতে পারিনি বলে এবার হারাতে পারব না, এরকম ভাবার কোনও কারণ নেই। নতুন টিম, নতুন পরিবেশ, নতুন টুর্নামেন্ট। ফুটবলারদের মধ্যে মুম্বই-মিথ নিয়ে কোনও মেন্টাল ব্লকেজ নেই। সবথেকে বড় কথা এই টিমের অনেকেই সবুজ-মেরুন জার্সি পরে প্রথমবার মুম্বইয়ের বিরুদ্ধে খেলবে। তাঁরা সবাই জেতার জন্য মরিয়া থাকবে,’’ বলেন বাগান কোচ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *