Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ আজ কোঝিকোড়ের মাটিতে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। বুধবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে এএফসি কাপের মূলপর্বে খেলবে বাগান।

চলতি বছরে এই নিয়ে পঞ্চম বার একে অপরের মুখোমুখি হতে চলেছে দুই দল। আইএসএলে দুটো সাক্ষাতে ফলাফল ছিল ১-১। সেমিফাইনালের প্রথম পর্ব গোলশূন্য শেষ হয়। ফিরতি পর্বে টাইব্রেকারে জেতে মোহনবাগান। ওগবেচেদের হারিয়ে এ বার এএফসি কাপের মূলপর্বে যেতে মরিয়া আইএসএল চ্যাম্পিয়নরা। সুপার কাপের ভুল থেকে শিক্ষা নিয়েছে ফেরান্দোর দল। মরসুমের শেষ ম্যাচ জিতে ঘরে ফিরতে চান দিমিত্রি পেত্রাতোসরা। সুপার কাপ থেকে বিদায় নেওয়ার পরই এএফসি কাপের প্রস্তুতি শুরু করে দেয় মোহনবাগান।  

৯০ মিনিটেই ম্যাচের ফয়সালা চাইছেন বাগান কোচ খুয়ান ফেরান্দো। আক্রমণাত্মক ফুটবলকেই হাতিয়ার করছেন বাগানের স্প্যানিশ কোচ। হায়দরাবাদের রক্ষণে কাঁপুনি ধরাতে চান পেত্রাতোস, হুগো বোমাসরা। হায়দরাবাদের রক্ষণকে নেত্বত্ব দিচ্ছেন ওডেই ওনান্ডিয়া। আইএসএলে ভালো খেললেও সুপার কাপে নিষ্প্রভ ছিলেন দিমিত্রি। এএফসি কাপের প্লে অফে গোল করে দলকে জেতাতে তৈরি অজি স্ট্রাইকার।দ্রুত গোল তুলতে লিস্টন কোলাসো, মনবীর সিং, আশিকদের উপরেও আস্থা রাখছেন বাগান কোচ খুয়ান ফেরান্দো। 

বোরহাদের আক্রমণ রুখতে ডিফেন্সে ম্যাকহিউ, স্লাভকোদের কাঁধেও থাকছে বাড়তি দায়িত্ব। হায়দরাবাদের সাপ্লাই লাইন বন্ধ করতে মহম্মদ ইয়াসির, আকাশ মিশ্রদের দৌড় বন্ধ করতে চান ফেরান্দো। জোয়াও ভিক্টর, জেভিয়ার সিভেরিওদের মতো বিদেশিরাও ম্যাচের রং বদলে দিতে পারেন। তাই সতর্ক থাকছেন বাগান হেডস্যার। অন্যদিকে হায়দরাবাদ কোচ মানোলো মার্কুয়েজের এটাই শেষ ম্যাচ। বুধবারের পরই সরকারি ভাবে হায়দরাবাদের দায়িত্ব ছাড়ছেন তিনি। ৫৫ বছরের স্প্যানিশ কোচ যোগ দেবেন এফসি গোয়াতে। তার আগে এএফসি কাপে হায়দরাবাদকে মূলপর্বে পৌঁছে দিতে চান মার্কুয়েজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *