Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ শুক্রবার গভীর রাতে কলকাতায় এসে পৌঁছেছিল তুর্কমেনিস্তানের দল আহাল এফকে। মঙ্গলবার তারা যুবভারতীর মাঠে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-‌র প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে। তিনদিন আগে আহালের কলকাতায় এসে পৌঁছানোর একটাই কারণ, নতুন পরিবেশ ও মাঠের সঙ্গে পরিচিত হওয়া, মানিয়ে নেওয়া। শনিবার সন্ধ্যায় তারা অনুশীলনও করেছে কলকাতার গরম ও আর্দ্রতার সঙ্গে সড়গড় হতে।

আহাল এফকে দলে কোনও বিদেশি ফুটবলার নেই। দলের সদস্যরা সকলেই তুর্কমেনিস্তানের ফুটবলার। দলের যিনি অধিনায়ক, তিনি আবার জাতীয় দলেরও অধিনায়ক। আসলে তুর্কমেনিস্তানের দেশের পরিবেশ ও প্রশাসনিক পরিস্থিতি অনুকূল নয় বলে কোনও বিদেশি চট করে সেদেশের ক্লাবে খেলতে আসতে চায় না। এমনকি নিজের দেশে অনুশীলনের মাঠ পেতেও বিস্তর সমস্যায় পড়তে হয় আহালকে। তাই কলকাতায় আসার আগে দলটা সংযুক্ত আরব আমিরশাহীতে ১০ দিন প্রস্তুতি সেরেছে। দেশের ক্লাব আরকাদাগের সঙ্গে রেষারেষি চরম থাকায় অনুশীলনের মাঠ পায়নি আহাল।

আহালের কোচ ওয়েলসায়েত ওয়েজাও কলকাতায় আসার আগে ভারতীয় ফুটবল, বিশেষ করে মোহনবাগান সুপার জায়ান্ট সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। আসলে এর আগে তুর্কমেনিস্তানের অন্য দুই দল আলটিন আসির ও আরকাদাগ কলকাতায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলে গেছে। তাদের ফুটবলারদের থেকে আহালের ফুটবলাররা ভারতীয় ক্লাব ফুটবল সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। আইডিয়া নিয়েছেন প্রতিপক্ষের শক্তি নিয়ে। সেই তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার যুবভারতীর মাঠে প্রতিপক্ষ মোহনবাগানকে শক্তিশালী মানলেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি আহাল।

অন্যদিকে, হাত পা গুটিয়ে বসে নেই মোহনবাগান সুপার জায়ান্টের থিংকট্যাঙ্ক। ডুরান্ড হারের পর থেকে টানা ফুটবলারদের কড়া অনুশীলনের মাঝে রেখেছেন সবুজ মেরুনের হেড স্যার হোসে মোলিনা। মূলত জোর দেন ফুটবলার ফিটনেস বাড়াতে, পরে বোঝাপড়া নিখুঁতভাবে গড়ে তুলতে। ডুরান্ডের পর চোট ও অসুস্থতা সমস্যা মাঝেমধ্যে সামনে এলেও মোলিনার প্রস্তুতিতে কোনও ব্যাঘাত ঘটেনি। চোট ও অসুস্থতা সারিয়ে পুরো ফিট জেমি ম্যাকলারেন, অনিরুদ্ধ থাপা, আলবার্তো রডড্রিগেজ। সবচেয়ে বড় স্বস্তি মোলিনার, শুভাশিস বসু চোট সারিয়ে আহালের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছেন। আলবার্তো, আলড্রেড ও আশিসের সঙ্গে লেফট ব্যাকে শুভাশিসের প্রত্যাবর্তনে রক্ষণ অনেক জমাট হবে।

সমস্যা বলতে শুধু মনবীরের হাল্কা চোট। তিনি ২ দিন দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি। মাঠের ধারে রিহ্যাবেই সময় কাটিয়েছেন। তাই বাঁদিকে লিস্টন কোলাসো খেললে, ডানপ্রান্তে মনবীর না থাকলে, তাঁর জায়গায় সাহালকে একটু অন্যভাবে মোলিনা ব্যবহার করবেন কিনা, সেটা সময়ই বলবে। মাঝমাঠে আপুইয়া আর অনিরুদ্ধ থাপাই মোলিনার প্রথম পছন্দ। আক্রমণভাগে ম্যাকলারেনের সঙ্গে জেসন কামিংসকে জুটি বাঁধতে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই।

প্রতিপক্ষ দল সম্পর্কে রীতিমতো হোমওয়ার্ক সেরেছেন মোলিনা। আহালের ম্যাচের ভিডিও ক্লিপিংস যেমন নিজে দেখেছেন, তেমন নিজের দলের ফুটবলারদেরও দেখিয়ে ম্যাচের রণনীতি বুঝিয়েছেন। এখন একটাই লক্ষ্য ম্যাচ জিততে মাঠে নেমে সেরা দেওয়া।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *