অলস্পোর্ট ডেস্ক: ফিফা ২০২৬ বিশ্বকাপ শুরু হতে ১০০ দিনের সামান্য বাকি। ঠিক তার আগে মরক্কো অধিনায়ক রোমান সাইসের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘটনা সবাইকে অবাক করেছে। বিশেষ করে মরক্কো ফুটবলপ্রেমীদের কাছে এটা শকিং। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের প্রাক্তন ডিফেন্ডার ৩৫ বছর বয়সী রোমান কিছুদিন আগে ২০২৫ আফ্রিকান নেশনস কাপে মরক্কোর হয়ে খেলেছিলেন। বিতর্কিত ফাইনালে সেনেগালের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে।
সকলেই মনে করেছিলেন, ফিফা ২০২৬ বিশ্বকাপের মঞ্চটা রোমান তাঁর পাকাপাকি অবসরের জন্য বেছে নেবেন। কিন্তু রোমান তার আগেই সরে দাঁড়ালেন। ২০১২ সালের নভেম্বরে টোগোর বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মরক্কোর জার্সিতে অভিষেক ঘটেছিল তাঁর। ওই ম্যাচে মরক্কো হেরেছিল ০-১ গোলে। ১৯৭৬য়ের আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর হয়ে ৮৬ ম্যাচ খেলেছে রোমান।
হঠাৎ করে অবসর নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইনস্টাগ্রামে রোমান লিখেছেন, ‘ প্রিয় দেশবাসী। আমার প্রাণের মরক্কোর ভক্তরা। আমি ফুটবল জীবনের সবচেয়ে বর্ণময় অধ্যায় শেষ করলাম। অনেক ভেবেচিন্তে, আবেগতাড়িত হয়ে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। মরক্কোর জার্সি গায়ে চাপানো, সেই দলের অধিনায়ক হওয়া আমার ফুটবল জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমার কাছে এই জার্সির মূল্য অপরীসিম। খেলার মাধ্যমে জীবনের রন্ধ্রে রন্ধ্রে যা আলোড়ন জাগিয়েছেন এতদিন। মরক্কোর ফুটবল দলটা আমার কাছে একটা পরিবারের মতো। হৃদয়ের একবারে ভেতরে গেঁথে রয়েছে।’
রোমান আরও লিখেছেন,‘ যতবার আমি এই জার্সি গায়ে চাপিয়েছি, আমি তার ভারটা অনুভব করেছি। দায়িত্ববোধ কাজ করেছে সবসময়। সবার ওপরে আছে জার্সি গায়ে চাপানোর গর্ব। ছেলেবেলায় মরক্কো জার্সি গায়ে চাপানোর স্বপ্ন দেখতাম। আমি মরক্কোর পতাকা উঁচুতে তুলে রাখতে মাঠে নেমে নিজের সেরা দিয়েছি। কারণ ফুটবল ও আমাদের দেশ আমাকে অনেক কিছু দিয়েছে। দেশবাসীর ভালবাসা ও সমর্থন আমাকে সবসময় প্রেরণা জুগিয়েছে সাফল্য পেতে।’
কেন এই হঠাৎ অবসর বিশ্বকপের ঠিক আগে? এনিয়ে নানা জল্পনা। অনেকেই মনে করেছেন, ঘন ঘন চোটের কারণে বসে যাওয়ার কারণে ২০২৬ বিশ্বকাপের জাতীয় দলে জায়গা অনিশ্চিত বুঝেই আগেভাগে নিজের সম্মান বাঁচাতে সরে দাঁড়ালেন আল সাদের ডিফেন্ডার রোমান। সদ্য সমাপ্ত আফ্রিকান নেশনস কাপে কমোরোসের বিরুদ্ধে ম্যাচে অল্পসময়ের জন্য মাঠে ছিলেন রোমান। পেশির চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন, আর গোটা টুর্নামেন্টে খেলতে পারেননি।
আল হিলাল গোলকিপার ইয়াসিন বোনু এক আবেগঘন বার্তা পাঠিয়েছেন মরক্কোর অধিনায়ক রোমানের উদ্দেশ্যে। লিখেছেন, ‘ ধন্যবান অধিনায়ক আপনার সঙ্গে মাঠে অনেক স্মরণীয় মুহূর্ত কাটানোর সুযোগ পেয়ে। আমার কাছে আপনার সঙ্গে মাঠ ও সাজঘর শেয়ার করাটা রীতিমতো সম্মানের। মরক্কো দলের আপনি একজন স্তম্ভ, কিংবদন্তী। সবচেয়ে বড় কথা আপনি একজন বড় মনের মানুষ, যার মূল্যবোধ সকলের অনুসরণযোগ্য।’
মরক্কো জাতীয় দলের ফুটবলার নায়েফ আগুয়ার্ড তাঁর বার্তায় লিখেছেন, ‘ রোমান, আমার বড় ভাই। মরক্কো ফুটবল দলের জন্য তোমার অবদান অনস্বীকার্য। দেশবাসী তোমাকে চিরকাল তার জন্য কতজ্ঞচিত্ত স্মরণ করবে। একজন প্রকৃত যোদ্ধা, দেশভক্ত হিসেবে মাঠে নেমে সেরা দিয়েছ সবসময়। তোমার পাশে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। ভাইয়ের মতোই তুমি আমাকে মাঠে গাইড করে গেছ।’
জাতীয় দল থেকে অবসর নিলেও রোমান কাতারের স্টার ক্লাব আল সাদের হয়ে খেলা চালিয়ে যাবেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
