Cart Total Items (0)

Cart

All Sports India

‌অলস্পোর্ট ডেস্ক:‌ এমনিতেই মরক্কো জাতীয় ফুটবল দলের অধিনায়ক রোমান সাইসের ফিফা ২০২৬ বিশ্বকাপের ঠিক আগে অবসর ঘোষণার খবরে দেশবাসী মর্মাহত। তারওপর রটে গেছে, জাতীয় দলের চিফ কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন ওয়ালিদ রেগ্রাগুই। এতে মরক্কো ফুটবলপ্রেমীদের মধ্যে জোর জল্পনা শুরু হয়েছে। কেন রেগ্রাগুই দায়িত্ব ছাড়ছেন বিশ্বকাপ শুরু হতে যেখানে ১০০ দিনের সামান্য বেশি বাকি?‌ যদি রেগ্রাগুই ছেড়ে দেন, তাহলে এই সময় দলের হাল ধরতে কে এগিয়ে আসবেন?‌ এত অল্পসময়ে তিনি কি মরক্কোকে বিশ্বকাপে সাফল্য এনে দিতে পারেবেন?‌ যেখানে গোটা ফুটবল দুনিয়ার চোখে এবার মরক্কো কালো ঘোড়া।

বলতে গেলে একপ্রকার বাধ্য হয়েই জল্পনা থামাতে মরক্কো ফুটবল সংস্থা একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করেছে। যাতে তারা বলেছে, ওয়ালিদ রেগ্রাগুই এখনও মরক্কোর কোচ আছেন। তিনি দায়িত্ব ছাড়েননি, বা তাঁকে সরিয়ে দেওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। এর বেশি কিছু বিবৃতিতে বলা হয়নি। তবে এরপর নতুন কিছু ঘটবে কিনা বলা শক্ত। এটা হতে পারে, ওয়ালিদ রেগ্রাগুইয়ের কোনওরকম অসন্তোষের কথা জানতে পেরে, মরক্কো ফুটবল সংস্থার কর্তারা তা মেটানোর উদ্যোগ নিয়ে থাকলে অবাক হওয়ার কিছু নেই।

ওয়ালিদ রেগ্রাগুই মরক্কো কোচের ভূমিকায় ২০২২ কাতার বিশ্বকাপে দলকে সেমিফাইনালে তুলেছিলেন স্পেন ও পর্তুগালকে নকআউট পর্বে হারিয়ে। সেমিফাইনালে রানার্স ফান্সের কাছে লড়ে হেরে যান। তৃতীয় ও চতুর্থ স্থানের লড়াইয়ে মদ্রিচের ক্রোয়েশিয়ার কাছে হেরে চতুর্থ স্থান পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল মরক্কোকে। এবার ফিফা ২০২৬ বিশ্বকাপে মরক্কো রয়েছে শক্ত গ্রুপে। প্রতিপক্ষ ব্রাজিল, হাইতি ও স্কটল্যান্ডের সঙ্গে।

সম্প্রতি আফ্রিকান নেশনস কাপে ঘরের মাঠে বিতর্কিত ফাইনালে সেনেগালের কাছে হারের পর মরক্কোর বিশ্বকাপার কোচ রেগ্রাগুইয়ের সাফল্য না পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর খেলানোর ধরন ও হাতের মুঠোয় থাকা আফ্রিকান নেশনস কাপ বেরিয়ে যাওয়াটা অনেকেই মানতে পারছেন না। যতই অখোলোয়াড়োচিত আচরণের জন্য প্রতিপক্ষ সেনেগালকে দোষারোপ করা হোক না কেন, মরক্কো কেন অনেক আগেই ম্যাচটা পকেটে পুরে ফেলতে পারেনি , তা নিয়ে ক্ষোভ আছে মরক্কো সমর্থকদের মনে।

এসব সমালোচনায় বিরক্ত হয়ে ওয়ালিদ রেগ্রাগুই নাকি মরক্কো জাতীয় কোচের পদ ছেড়ে দিয়েছেন, এমন রটেছে জোরভাবে। তাতেই মরক্কো ফুটবল সংস্থা তড়িঘড়ি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ওয়ালিদ রেগ্রাগুই এখনও তাদের কোচ আছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *