অলস্পোর্ট ডেস্ক: ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার তাঁর কেরিয়ারে প্রথমবার ভারতে অফিসিয়াল ম্যাচ খেলতে পারেন কারণ ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) দল মুম্বই সিটি এফসি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-এর সর্বশেষ ড্র-তে আল-হিলালের মতো একই গ্রুপে জায়গা করে নিয়েছে। আল-হিলাল, যারা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব, তারা সম্প্রতি ট্রান্সফার উইন্ডোতে নেইমার, রুবেন নেভেস, কালিদু কৌলিবালি, সার্জেজ মিলিনকোভিক-সাভিচের মতো প্লেয়ারদের দলে নিয়েছে।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্তরা এই ড্রয়ের পর হতাশ হতে পারেন। কারণ, পর্তুগীজ তারকার বর্তমান ক্লাব আল নাসের মুম্বইয়ের গ্রুপে না থাকায় তাঁর ভারতে এসে খেলার সম্ভাবনা আপাতত নেই। রোনাল্ডোর আল নাসের রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ‘ই’ গ্রুপে এবং করিম বেঞ্জিমার আল ইত্তিহাদ রয়েছে গ্রুপ ‘সি’-তে। ফলে এই দুই তারকার কেউই ভারতে আসছেন না।
তাঁদের জায়গায় নেইমারের খেলা দেখার সুযোগ পেতে চলেছেন ভারতের ফুটবলপ্রেমীরা। পুনের বালেওয়াড়ি স্টেডিয়াম যেহেতু এ বার চ্যাম্পিয়ন্স লিগে মুম্বই সিটি এফসি-র হোম, তাই এই মাঠেই হয়তো নেইমারের ফুটবলের জাদু সচক্ষে দেখার সুযোগ পাবেন তাঁর ভক্তরা। হয়তো বলা হচ্ছে এই কারণে, ওই সময়ে যদি চোট-আঘাতের সমস্যায় পড়েন নেইমার, তা হলে দলের সঙ্গে হয়তো আসবেন না। ‘ডি’ গ্রুপের অন্য দু’টি দল ইরানের এফসি নাসাজি মাজানদারান এবং উজবেকিস্তানের পিএফসি নাভবাহর নামানগান।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ওয়েস্ট জোন ও ইস্ট জোনে মোট দশটি গ্রুপ রয়েছে। প্রতি জোনে পাঁচটি করে গ্রুপ এবং প্রতি গ্রুপে চারটি করে দল। অর্থাৎ মোট ৪০টি দল খেলবে এই পর্বে। প্রতি গ্রুপের এক নম্বর দল, অর্থাৎ দশটি দল পৌঁছবে শেষ ষোলোয়। এ ছাড়াও প্রতি জোনের দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে সেরা তিনটি করে দল, অর্থাৎ মোট ছ’টি দল পৌঁছবে শেষ ষোলোয়। মুম্বই সিটি এফসি-কে নক আউট পর্বে উঠতে হলে হয় গ্রুপ সেরা, নয় দ্বিতীয় স্থানাধিকারীদের মধ্যে সেরা হয়ে ওই জায়গায় পৌঁছতে হবে।
মুম্বই সিটি এফসি পুণে বালেওয়াড়ি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচ খেলবে—
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব
গ্রুপ এ: আল-ফাইহা এফসি, পাখতাকোর, আহলা এফসি, আল আইন এফসি
গ্রুপ বি: আল-সাদ, নাসাফ, আল-ফয়সালি, শারজাহ এফসি
গ্রুপ সি: আল-ইত্তিহাদ, সেপাহান এসসি, এয়ার ফোর্স ক্লাব, এজিএমকে এফসি
গ্রুপ ডি: আল-হিলাল, এফসি নাসাজি মাজানদারান, মুম্বই সিটি এফসি, পিএফসি নাভবাহর নামানগান
গ্রুপ ই: পার্সেপোলিস, আল-দুহাইল, ইস্তিকলোল, আল-নাসর
গ্রুপ এফ: জিওনবুক হুন্ডাই মোটরস, ব্যাংকক ইউনাইটেড, লায়ন সিটি নাবিক, কিচি
গ্রুপ জি: তেরেঙ্গানু এফসি, বালি ইউনাইটেড, স্ট্যালিয়ন লেগুনা, সেন্ট্রাল কোস্ট মেরিনার্স
গ্রুপ এইচ: হাইফং এফসি, হাউগাং ইউনাইটেড, সাবাহ এফসি, পিএসএম মাকাসার
গ্রুপ আই: সিপিকে, তাইনান সিটি, এফসি উলানবাটার, তাইচুং ফুতুরো
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
