ছবি: ইমামি ইস্টবেঙ্গল / এক্স
অলস্পোর্ট ডেস্ক: ছন্দে ফিরেছিল ইস্টবেঙ্গল। চেন্নাইয়ের মাঠে চেন্নাইন এফসির বিরুদ্ধে আইএসএলের শেষ ম্যাচে ৩-১ গোলের আধিপত্য জয় তুলে নিয়েছিল লাল হলুদ ব্রিগেড। আর ঠিক তখনই মশাল বাহিনীর শিবিরে বাংলা বছরের শেষদিনে একটা বড় ধাক্কা। হাঁটুর চোটের জন্য আইএসএল থেকে ছিটকে গেলেন ইস্টবেঙ্গলের নির্ভরযোগ্য ফুটবলার নাওরেম মহেশ সিং।
২৭ বছর বয়সী উইঙ্গার মহেশ দ্বিতীয়ার্ধে এডমুন্ড লালরিনডিকার জায়গায় মাঠে এসেছিলেন চেন্নাইন ম্যাচে। কিন্তু ৭ মিনিট মাঠে থাকার পরই হাঁটুতে গুরুতর চোট পান। ফলে মহেশের জায়গায় ইস্টবেঙ্গল কোচ অস্কার মাঠে নামান শৌভিক চক্রবর্তীকে।
ইমামি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে চেন্নাইন এফসির বিরুদ্ধে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মহেশ। সেই চোট দলের মেডিকেল টিম পরীক্ষা করেছে। বুঝতে চেষ্টা করছে মহেশের চোট কতটা গুরুতর। তবে আপাতত বলা যায়, মহেশের চলতি আইএসএলে মাঠে ফেরার সম্ভাবনা খুবই কম। ইস্টবেঙ্গলের তরফে মহেশের জন্য প্রার্থনা করা হয়েছে, যাতে তিনি দ্রুত ফিট হয়ে খেলায় ফিরতে পারেন।
বৃহস্পতিবার যুবভারতীতে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। ম্যাচটা লাল হলুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু রয়েছে লিগ টেবিলের ৫ নম্বরে। ইস্টবেঙ্গল ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে। বেঙ্গালুরুকে কোচ অস্কার ব্রুজোঁর দল হারাতে পারলেই মোহনবাগান সুপার জায়ান্টকে(৮ ম্যাচে ১৭ পয়েন্ট) শুধু ধরে ফেলবে ইস্টবেঙ্গল তাই নয়, ভাল গোল পার্থক্যে মোহনবাগানকে টপকে উঠে আসবে ৩ নম্বরে। বেঙ্গালুরু গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে এমনিতেই চাপে আছে।
চোট সমস্যায় মোহনবাগান সুপার জায়ান্টও। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ঘরের মাঠের ম্যাচে চোট পান আলবার্তো রডড্রিগেজ। মঙ্গলবার অনুশীলন করতে পারেননি। দেখা যায় ক্রাচ নিয়ে হাঁটছেন। তার আগের ম্যাচে চোট পাওয়া আপুইয়াও এখনও ফিট নন। এই দুই ফুটবলারের চোটের যা অবস্থা তাতে ১৯ এপ্রিল গুয়াহাটির মাঠে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তাঁদের ব্যবহারের সুযোগ মোহনবাগান এসজি কোচ সের্জিও লোবেরা পাবেন বলে মনে হয় না।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
