Photo Courtesy: IFA
অলস্পোর্ট ডেস্ক: রাখে নরহরি মারে কে? যখন মনে হচ্ছিল, সন্তোষ ট্রফির প্রথম ম্যাচে আসামের ঢাকুয়াখানার মাঠে নাগাল্যান্ডকে ৪-০ গোলে হারানোর পর শুক্রবার একই মাঠে দ্বিতীয় ম্যাচে উত্তরাখন্ডের বিরুদ্ধে গোলশূণ্য ড্র করে বাংলা ফুটবল দল পয়েন্ট খোয়াতে চলেছে, তখন ৯৬ মিনিটে বিশ্বমানের গোল করে নরহরি শ্রেষ্ঠা বাংলাকে ১-০ গোলের জয় এনে দেন। পরপর দু’ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে বাংলা।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা অতিক্রান্ত হয়ে গিয়েছিল। উত্তরাখন্ডের বিরুদ্ধে তখনও বাংলা ফুটবল দল গোল করতে পারেনি। তবে গোল করার আশা ছাড়েনি। উত্তম হাঁসদার গোড়ালির চোট থাকায় উত্তরাখন্ডের বিরুদ্ধে প্রথম একাদশে বাংলা দলের কোচ সঞ্জয় সেন রেখেছিলেন সুময় সোমকে। গোল আসছে না দেখে, এই সুময় সোমকে বসিয়ে নির্ধারিত সময় শেষ হতে ১৫ মিনিট মতো বাকি থাকতে নরহরি শ্রেষ্ঠাকে নামান কোচ সঞ্জয়। তাতেই বাজিমাত। সুপার সাব নরহরি ৯৬ মিনিটের মাথায় ফ্রিকিক থেকে পাওয়া বল ধরে গোল করে বাংলাকে জয় ও মূল্যবান ৩ পয়েন্ট এনে দেন। মাঝমাঠ থেকে চাকু মান্ডির ফ্রিকিক উত্তরাখন্ডের ডিফেন্ডার হেডে আংশিক ক্লিয়ার করলে শূণ্যে ভাসা বলে পাল্টা হেড করেন বাংলার বিকি থাপা। আলগা হল পড়ে নরহরির পায়ে। জটলার মাঝে দর্শনীয় হাফ ভলিতে উত্তরাখন্ডের জালের ভেতর কাঁপিয়ে দেন নরহরি।
যাতায়াতে তিন ঘন্টা করে ৬ ঘন্টা বাস যাত্রার ধকল করে হোটেলে ফিরে বিরক্তি ও ক্লান্তি মিলিয়ে বাংলার কোচ সঞ্জয় সেন বলেন,‘ আগেই বলেছিলাম, উত্তরাখন্ড, রাজস্থানের মতো দলগুলো সঙ্গে খেলা মোটেই সহজ হবে না। একে বাজে মাঠ, তারওপর দীর্ঘ বাস যাত্রার ধকল নিয়ে খেলার সঙ্গে উত্তরাখন্ডের শারীরিক শক্তি প্রয়োগের মোকাবিলার কাজটা কঠিন হয়ে পড়েছিল। ওদের গোলকিপার তো সময় নষ্ট করতে বারবার মাঠ শুয়ে পড়ছিল। খুবই আনস্পোর্টিং ব্যাপার। তবু ফুটবলারদের বলেছিলাম, এসবে মাথা না ঘামিয়ে খেলার মন দিতে। শেষমিনিট পর্যন্ত গোলের জন্য ঝাঁপাতে। তার ফল মিলেছে। মাঝে একদিনের গ্যাপ। আবার খেলা রবিবার রাজস্থানের বিরুদ্ধে। ওরা তামিলনাড়ুকে হারিয়েছে। আমাদের ঝামেলায় ফেলতে চেষ্টা করবে। জয়ের অভ্যাসটা ধরে রাখতে পারায় খুশি। তবে একটা বা দুটো ম্যাচে পয়েন্ট খোয়ানোয় কিছু আসে যায় না। কারণ ৪টে করে দল কোয়ার্টারফাইনাল যাবে। আসল খেলা তো তখন। সেটা মাথায় রেখেই ভাল খেলার ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
