অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার ২০২৬ ফুটবল বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে গোল করে পেলের রেকর্ড ভাঙলেন নেইমার । এই ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে ৫-১ গোলে জেতে ব্রাজিল। এদিনের ম্যাচে দু’টি গোল করেন নেইমার। এই নিয়ে নেইমারের ঝুলিতে মোট গোল সংখ্যা হল ৭৯। প্রাক্তন ব্রাজিল অধিনায়ক পেলে তাঁর ফুটবল জীবনে মোট ৭৭টি গোল করেছিলেন। শুক্রবারের ম্যাচে ১৭ মিনিটের মাথায় নেইমারের সামনে সুযোগ আসে ৭৮তম গোল করে পেলের রেকর্ড ভাঙার। কিন্তু বলিভিয়ার গোলকিপার গুইলারমো পেনাল্টিটি আটকে দেন। তবে তার কিছুক্ষণের মধ্যেই নেইমারের জীবনের সেরা মুহূর্তটি আসে। মোট ১২৫টি ম্যাচ খেলে ৭৮তম গোলটি করেন তিনি। ভেঙে দেন পেলের রেকর্ড। আকাশের দিকে হাত তুলে নিজের কৃতিত্ব উদযাপন করেন তিনি।
বলিভিয়ার হয়ে গোল শোধ করেন ভিক্টর আব্রেগো। এডারসনকে পাশ কাটিয়ে অপ্রতিরোধ্য শটে গোলটি করেন তিনি। এরপর আর গোল করতে পারেনি বলিভিয়া। ব্রাজিলের হয়ে দু’টি গোল করার পরেও নেইমারের হাতে সুযোগ ছিল তাঁর গোলের সংখ্যা বাড়ানোর।
৩১ বছরের প্রাক্তন বার্সেলোনা স্ট্রাইকার সদ্য প্যারিস সেন্ট জার্মেইন থেকে সৌদি আরবের ক্লাব আল হিলাল-এ চলে যান।
ফুটবলের কিংবদন্তী পেলে গত ডিসেম্বরে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৫৭ থেকে ১৯৭১ পর্যন্ত মোট ৯২টি ম্যাচ খেলে ৭৭টি গোল করেছেন। ব্রাজিলের এই জয়টি তাঁদের নতুন কোচ ফার্নান্দো দিনেজের জন্য শুভ সূচনা ছিল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
