Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ নেইমারভক্তদের জন্য মন খারাপ করা খবর। আশঙ্কটা ছিলই, সেটাই সত্যি হল। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের ব্রাজিল দলে নেইমারের জায়গা হল না। যদিও নেইমারকে প্রাথমিক সম্ভাব্য তালিকায় রেখেছিলেন ব্রাজিল জাতীয় দলের চিফ কোচ কার্লেস আনসেলোত্তি। বিশ্বকাপের আগে প্রস্তুতির অঙ্গ হিসেবে ২৬ মার্চ বোস্টনে ফ্রান্স ও ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। নেইমারের জায়গায় এই দু’‌টি ম্যাচের জন্য আনসেলোত্তি বেছেছেন এন্ডরিককে।

ব্রাজিল দলে নেই জানার পর নেইমার খুব হতাশ ও মুষড়ে পড়েছেন। সাও পাওলোতে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে ব্রাজিলের হয়ে সর্বাধিক ৭৯ গোল করা নেইমার বলেন, ‘‌ সত্যি ব্রাজিল দলে না থাকার খবরটা আমার কাছে খুব দুঃখের। তবে এখনই হাল ছাড়ছি না। আমি ফেকাস ঠিক রেখে প্রতিদিন ট্রেণিং চালিয়ে যাব, ম্যাচের পর ম্যাচ খেলব। ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে। এখনও তো বিশ্বকাপের চুড়ান্ত দল ঘোষণা হয়নি।’‌ এসিএল চোটের কারণে ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের জার্সিতে শেষবার খেলেছিলেন নেইমার।

নেইমার কতটা ফিট ও দক্ষতা ফিরে পেয়েছেন তা দেখতে পুরো সাপোর্ট স্টাফ নিয়ে রবিবার স্যান্টোসের সঙ্গে কোরিন্থিয়ান্স ম্যাচে হাজির ছিলেন আনসেলোত্তি। নেইমারের খেলা তাঁকে খুশি করেনি। সোমবার রাতে দুটি প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণার পর আনসেলোত্তি বলেন, ‘‌ নেইমার ১০০ ভাগ ছন্দে নেই, তাই আমার দলে ওর জায়গা হয়নি। যদি নিজেকে ১০০ শতাংশ শারীরিক ও দক্ষতার জায়গায় নিজেকে ও নিয়ে যেতে পারে, তাহলে বিশ্বকাপে ওকে খেলতে দেখা যাবে। নেইমারকে এখন প্রতিনিয়ত নিজের ফিটনেস ও কোয়ালিটি বাড়ানোর কাজ চালিয়ে যেতে হবে। ম্যাচ খেলে নিজেকে উন্নত করতে হবে।’‌

নেইমারের জায়গায় আনসেলোত্তি সুযোগ দিয়েছেন এন্ডরিককে। রিয়েল মাদ্রিদ থেকে শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে লিয়ঁতে যোগ দেওয়া এন্ডরিক ১২ ম্যাচে ৬ গোল করে আনসেলোত্তির নজর কেড়েছেন। জুন মাসে ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর আনসেলোত্তি তাঁকে জাতীয় দলে প্রথমবার সুযোগ দিলেন। ব্রাজিলের ২৬ জনের দলে প্রথমবার জায়গা পেয়েছেন ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো। দলে রয়েছেন বার্সিলোনা ফরোয়ার্ড রাপিনহা, রিয়েল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়ার, চেলসির জোয়াও পেড্রো, মাথিয়াস কুনহা, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড মিডফিল্ডার কাশেমিরো। তবে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড থেকে ফ্ল্যামেঙ্গোতে যোগ দেওয়া লুকাস পারকোয়েতার দলে জায়গা হয়নি নেইমারের মতোই।

আনসেলোত্তির বক্তব্য, ‘‌ বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতি ভালভাবে চলছে। শারীরিক ও মানসিকভাবে সবচেয়ে ভাল জায়গায় পৌঁছানাটাই লক্ষ্য। সঙ্গে টেকনিকালিও সেরা জায়গায় নিজেদের নিয়ে যেতে হবে। নামের পেছনে ছুটতে রাজি নই। বরং যারা এইমুহূর্তে নিজেদের লিগে ক্লাবের জার্সিতে ভাল খেলছে, তাদের ব্রাজিল দলের জার্সি গায়ে চাপানোটা প্রাপ্য। এই তালিকায় রয়েছে এন্ডরিকে, রায়ান, দানিলোরা।’‌

ফিফা ২০২৬ বিশ্বকাপের শেষেই ব্রাজিল দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান না আনসেলোত্তি। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের কোচ হিসেবে থেকে যেতে চান। আনসেলোত্তি জানিয়েছেন, ‘‌ ব্রাজিল ফুটবল ফেডারেশনের কর্তারা চান আমি ২০৩০ পর্যন্ত থাকি। তাহলে তো আর থাকতে অসুবিধা নেই। ২০২৬ বিশ্বকাপের আগে বা পরে এনিয়ে চুড়ান্ত চুক্তি হয়ে যেতে পারে। সেটা হলে সরকারি ভাবে ব্রাজিল ফুটবল ফেডারেশন তা ঘোষণা করবে। তবে ২০২৬ বিশ্বকাপের আগে চুক্তির মেয়াদটা বাড়িয়ে নিলে, সেটা ব্রাজিল ফুটবল ফেডারেশনের জন্য একটু সস্তা পড়বে, পরে হলে সেটা কিন্তু খুব কস্টলি হয়ে যাবে।’‌

আনসেলোত্তির এই আত্মবিশ্বাসী মন্তব্যে ব্রাজিলের সমর্থকরা খুশিই হবেন। আনসেলোত্তি তাঁদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *