অলস্পোর্ট ডেস্ক: সময়টা একদমই ভাল যাচ্ছে না ব্রাজিলিয়ান ফুটবল তারকার। চোটের কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে নেইমার । এরমধ্যেই তাঁর পিএসজিতে থাকা নিয়ে তৈরী হয়েছে ধোঁয়াশা। এতকিছুর মাঝেই নতুন করে বিপাকে এই ফুটবলার। রিও ডি জেনেইরো থেকে ১৩০ কিলোমিটার দুরের উপকুলবর্তী শহর মাঙ্গারাতিবাতে-তে তৈরী হচ্ছে তাঁর বিলাসবহুল প্রাসাদ। অভিযোগ প্রাসাদ নির্মাণের সময় তিনি পরিবেশ আইন লঙ্ঘন করেছেন। সেই কারণেই তাঁকে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। যার পরিমাণ ৩.৩ মিলিয়ন ডলার (প্রায় ২৭ কোটি টাকা)।
২০১৬-তে রিও ডি জেনেইরোর দক্ষিনপ্রান্তে উপকুলবর্তী শহর মাঙ্গারাতিবাতে-তে জমিটি কিনেছিলেন নেইমার । সমুদ্র সৈকতের সামনে এই বিলাস বহুল বাড়িটি তৈরী করতে গিয়ে একাধিক পরিবেশ আইন লঙ্ঘন করেছেন তিনি। একটি ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আড়াই একর জায়গা জুড়ে বাড়িটি তৈরী করা হচ্ছে। যার মধ্যে হেলিপ্যাড, জিম ও স্পা-সহ একটি কৃত্রিম হ্রদও রয়েছে। তবে বাড়িটি নির্মান করার সময় অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ জানিয়েছে স্থানীয় পরিবেশ বিভাগ।
গত ২২ জুন রিও ডি জেনেইরোর স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। তদন্ত করতে গিয়ে তারা দেখতে পান এই সম্পত্তির নির্মান কর্মীরা একাধিক প্রাকৃতিক ক্ষতি করেছেন। তারা কৃত্রিমভাবে তৈরী করেছেন হ্রদ এবং বিচ।
সোমবার শহরের কাউন্সিল সেক্রেটারিয়েট একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘‘নেইমারের প্রাসাদে এই কৃত্রিম হ্রদ নির্মাণ করায় পরিবেশ আইন লঙ্ঘন করা হয়েছে। যার জন্য চারটি আইনে জরিমানা ধার্য করেছে প্রশাসন। প্রায় ১৬ মিলিয়ন রেইসের (৩.৩ মিলিয়ন ডলার) বেশী জরিমানা দিতে হবে নেইমারকে।’’
এই শাস্তির বিরুদ্ধে আবেদন করতে ২০ দিন সময় দেওয়া হয়েছে নেইমারকে। প্রাথমিকভাবে তাঁকে ৫ মিলিয়ন রেইস জরিমানা করা হয়েছিল। ব্রাজিল মিডিয়া সূত্রের খবর, এতকিছুর পরেও নির্মাণ কার্য বন্ধের পরিবর্তে সেখানে সম্প্রতি একটি পার্টির আয়োজন করেছিলেন নেইমার। শুধু তাই নয় বেআইনি লেকটিতে স্নানও করেছেন তিনি যা নিষিদ্ধ ছিল।
তবে রিও ডি জেনেইরোর স্থানীয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে শুধুমাত্র জরিমানা দিয়েই ছাড়া পাচ্ছেন না নেইমার। স্থানীয় অ্যাটর্ণি জেনারেলের অফিস, রাজ্য পুলিশ কর্তৃপক্ষ, পরিবেশ সুরক্ষা দপ্তর, পরিবেশ নিয়ন্ত্রণের আরও বেশকিছু আইন লঙ্ঘনের বিষয়গুলো নিয়ে তদন্ত করে দেখা হবে। আরও কোনও অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
