অলস্পোর্ট ডেস্ক: সম্প্রতি হাঁটুর চোট সারাতে অপারেশনের সাহায্য নিতে হয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। তাঁর ক্লাব স্যান্টোস জানিয়েছে, ৩৩ বছর বয়সী বিশ্বকাপারের অপারেশন সফল হয়েছে। মিডিয়াল মিনিসকাস ইনজুরি সারাতে আর্থোস্কোপি করতে হয়েছে। হাঁটুর চোটের কারণে ব্রাজিলিয়ান সিরিয়া ‘এ’র শেষদিকে নেইমার মাঠে নেমে খেলতে সমস্যায় পড়েছিলেন। তবে সেই চোট নিয়েই স্যান্টোসের হয়ে মাঠে খেলে ও গোল করে দলের অবনমন বাঁচিয়েছেন নেইমার। এখন সফল অস্ত্রোপচারের পর মাঠে ফেরার প্রস্তুতি ইতিমধ্যে শুরুও করেছেন নেইমার। ঠিকঠাক রিহ্যাবের মাধ্যমে একমাসের মধ্যে বল পায়ে পুরোদমে অনুশীলন শুরু করতে পারবেন তিনি এমনই আশা করা যায়।
তা যদি সম্ভব হয়, তাহলে ব্রাজিলের হয়ে ২০২৬ বিশ্বকাপে নেইমারের খেলার সম্ভাবনা প্রবল। নেইমার আত্মবিশ্বাসী এব্যাপারে। তিনি জোরের সঙ্গেই ব্রাজিলের ফুটবলপ্রেমী ও নিজের ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, ২০২৬ বিশ্বকাপে শুধু খেলবেনই না, গোলও করবেন মাঠে নেমে। ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লোস আনসেলোত্তির কানেও নিশ্চয়ই কথাগুলো পৌঁছেছে। তিনি তো আগেই বলেছেন, চুড়ান্ত দলগঠনের আগে নেইমার কেন, কোনও আনফিট ফুটবলারের বিশ্বকাপের দলে জায়গা হবে না।
ব্রাজিল জাতীয় দলের হয়ে শেষবার খেলেছেন নেইমার ২০২৩ সালের সেপ্টেম্বরে। ওই ম্যাচে এসিএল ছিঁড়ে যাওয়ায় মাঠের বাইরে চলে যান তিনি। তারপর থেকে আর জাতীয় দলের হয়ে কোনও ম্যাচ খেলেননি নেইমার। তবে জাতীয় দলের হয়ে খেলার আশাও ছাড়েননি। ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন। আর সেকথা ব্রাজিল দলের চিফ কোচ কার্লোস আনসেলোত্তিকে বলেওছেন। নেইমারের প্রতিজ্ঞা, ‘ আমরা বিশ্বকাপ জিততে যা যা করার তা করব। যদি এটা কারও এটা অসম্ভব মনে হয়, তাহলে তাদের জানিয়ে রাখি, সেই অসম্ভবকে বাস্তবে পূরণ করবে। ব্রাজিলের ঘরে বিশ্বকাপ নিয়ে আসবই। আনসেলোত্তি আমাদের সাহায্য করুন। আমাদের ওপর বিশ্বাস রাখুন। যদি বিশ্বকাপের ফাইনালে পৌঁছই , কথা দিচ্ছি আমি গোল করব।’
আনসেলোত্তি অবশ্য আবেগের বশবর্তী হয়ে কোনও সিদ্ধান্ত নিতে নারাজ। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আনসেলোত্তির প্রতিক্রিয়া, ‘ নেইমারের বিশ্বকাপে খেলা নিশ্চিত নয়। এব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেব মে মাসে। তখন যদি নেইমার পুরোপুরি ফিট থাকে, খেলার মতো অবস্থায় থাকে, তাহলে বিশ্বকাপের দলে থাকবে।’ ব্রাজিলের ফুটবলপ্রেমী ও নেইমার ভক্তরা এখন মনে প্রাণে প্রার্থনা করছেন, তাঁদের তারকা ফুটবলার যেন ২০২৬ বিশ্বকাপে নিজের ছন্দে থেকে দেশকে বিশ্বকাপ এনে দেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
