অলস্পোর্ট ডেস্ক: বেঙ্গালুরু এফসির সঙ্গে আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচ গোলশূণ্য ড্র করে অখুশি ছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট কোচ সের্জিও লোবেরা ও তাঁর ফুটবলাররা। কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে এসে আক্ষেপের সুরে লোবের আ বলেছিলেন, তাঁরা বেঙ্গালুরু ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়ে সন্তুষ্ট নন, বরং তিনি হতাশ ২ পয়েন্ট নষ্ট করায়। চ্যাম্পিয়ন হতে গেলে, প্রতি ম্যাচ থেকেই পুরো পয়েন্ট পাওয়া জরুরি।
মোহনবাগান কোচ লোবেরা ও তাঁর শিবির কিছুটা ভাবনায় ছিলেন জামশেপুরকে নিয়ে। বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্র করায় বাগানের পয়েন্ট দাঁড়িয়েছিল ৫ ম্যাচে ১৩ পয়েন্ট। শনিবার জামশেদপুর এফসি ছিল ঠিক মোহনবাগানের পিছনে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে। রবিবার নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল জামশেদপুর। ম্যাচটা জিতে গেলে ওয়েন কোলের দল ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে মোহনবাগানকে টপকে লিগ টেবিলের শীর্ষে চলে যেত।
কিন্তু সেটা হয়নি। নর্থ ইস্টের কাছে ১-২ গোলে জামশেদপুরের হারে মোহনবাগান সুপার জায়ান্ট লিগ টেবিলের শীর্ষেই থাকল। মোহনবাগানের পরের ম্যাচ ঘরের মাঠে ২০ মার্চ মুম্বই সিটির বিরুদ্ধে। ৫ ম্যাচে ১১ পয়েন্ট মুম্বইয়ের। মোহনবাগানের সঙ্গে ব্যবধান কমাতে মুম্বই যে বাড়তি ঝাঁপাবে, সেটা বলাই বাহুল্য। ২২ মার্চের পর আইএসএলের খেলা ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকছে ভারতীয় ফুটবল দলের এএফসি এশিয়ান কাপের যোগ্যতানির্ণায়ক পর্বের নিয়মরক্ষার খেলা থাকায়। তাই দু’দলই যে পুরো পয়েন্টের জন্য ওই ম্যাচে উজাড় করে দেবে বলাই বাহুল্য।
ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে জেতা যে সহজ হবে না, সেটা মানছেন বাগান কোচ লোবেরা। তিনি বেঙ্গালুরু ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে মুম্বই ম্যাচের জন্য ফুটবলারদের তৈরি করছেন। বলেছেন, ‘বেঙ্গালুরু ম্যাচ না জেতাটা হতাশাজনক। বলা ভাল ৩ পয়েন্ট পাওয়াটা হাতছাড়া হয়েছে নিজেদের দোষে। সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে। বিশেষ করে ম্যাচের শেষদিকে ১ গোল পাওয়া উচিত ছিল। বেঙ্গালুরু দল হিসেবে শক্তিশালী। ওদের বিরুদ্ধে ফুটবলাররা নিজেদের লড়াকু চরিত্র তুলে ধরেছিল। তবে এখন আর বেঙ্গালুরু ম্যাচের কথা না ভেবে পরের ম্যাচটা নিয়ে ভাবাই ভাল পুরো পয়েন্ট পেতে।’
রেফারিং নিয়ে একটু অখুশি ভাব থাকলেও, সরাসরি রেফারিং নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি লোবেরা। শুধু বলেন, ‘ রেফারির কাজটা কঠিন। তাছাড়া ম্যাচে এমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি, যার জন্য রেফারির দিকে আঙুল তোলা যায়। তবে এটা বলব, রেফারিদেরও আরও ম্যাচ খেলায় মুন্সিয়ানা বাড়াতে হবে। ম্যাচ পরিচালনায় ওঁদের উন্নতি দরকার। সেইসঙ্গে বলব, নিজের দলের খেলাতেও।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
