Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ তিনটি ইওরোপিয়ান ও একটি ব্রাজিলিয়ান দলের নজর এখন ২০২৫ ফিফা বিশ্ব ক্লাব কাপ ট্রফিতে। মঙ্গলবার ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় প্রথম সেমিফাইনালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের ফ্লুমিনেসের মুখোমুখি হবে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি। একই স্টেডিয়ামে বুধবার ভারতীয় সময় রাতে ১২টাতেই দ্বিতীয় সেমিফাইনালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ী পিএসজির মোকাবিলা করবে ৫বার বিশ্ব ক্লাব কাপ জয়ী রিয়েল মাদ্রিদ। ৮৮ হাজার দর্শকাসন বিশিষ্ট দুটি সেমিফাইনালেই যে জমজমাট লড়াই অপেক্ষা করে আছে সেটা বলাই বাহুল্য।

ব্রাজিলিয় ক্লাব ফ্লুমিনেস বিশ্ব ক্লাব কাপে তাদের জয়যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে ফ্লোরিডার অরল্যান্ডোতে আল হিলালকে ২-‌১ গোলে হারিয়ে। তাদের হয়ে দুটি গোল করেন ম্যাথিউস মারতিনেলি ও হারকিউলিস।

অন্য ম্যাচে, পালমেইরাসের বিরুদ্ধে ১৬ মিনিটের মাথায় চেলসিকে গোল করে এগিয়ে দিয়েছিলেন কোল পামার। কিন্তু ৫৩ মিনিটে ১৮ বছরের এস্তেভাও গোল করে সমতা ফেরান। ৮৩ মিনিটে মালো গাসতোর শট পালমেইরাস ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলে ঢোকায়, ২-‌১ গোলে জয়ের ভিত্তিতে চেলসির বিশ্ব ক্লাব কাপের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়ে যায়।

এদিকে, পিএসজি কেন চ্যাম্পিয়ন টিম, সেটা ৯জনে খেলে বায়ার্ন মিউনিখকে ২-‌০ গোলে হারিয়ে বিশ্ব ক্লাব কাপের সেমিফাইনালে উঠে দেখিয়ে দিয়েছে। গোল দুটি করেন ডিজায়ার ডুয়ে ও ওসুমানে ডেমবেলে। লুই এনরিকের প্রশিক্ষণে থাকা ফ্রান্সের দল আটলান্টার মার্সিডিজ-‌বেনজ স্টেডিয়ামে ম্যাচের শেষদিকে সমস্যায় পড়েছিল তাদের দুই ফুটবলার উইলিয়াম পাচো ও লুকাস হার্নান্ডেজ লাল কার্ড দেখায়। তবে ডিফেন্স জমাট রেখে ম্যাচ বের করে নিয়ে যায় পিএসজি। এটাই তাদের সেমিফাইনালে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে রিয়েল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে।

অন্যদিকে, ৫ গোলের থ্রিলারে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-‌২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে রিয়েল মাদ্রিদ মানসিকভাবে বেশ ভাল জায়গায়। ১০ মিনিটে গার্সিয়া ও ২০ মিনিটে ফ্রানের করা গোলে রিয়েল এগিয়ে যাওয়ার পর মনে হয়েছিল ম্যাচে একতরফা প্রাধান্য থাকবে তাদেরই। কিন্তু ৯২ মিনিটে বিয়েরের গোলে ডর্টমুন্ড ২-‌১ করায় লড়াইটা জমে যায়। তবে ২ মিনিটের মধ্যে কিলিয়েন এমবাপে চমকপ্রদ গোল করে ৩-‌১ করায় চাপ কমে রিয়েলের ওপর। ৯৮ মিনিটে জিরুসে পেনাল্টি থেকে ৩-‌২ করলেও ডর্টমুন্ডের হার বাঁচাতে পারেননি। গোটা বিশ্ব ক্লাব কাপ জুড়ে অসুস্থতায় ভোগা এমবাপের এটা প্রথম গোল টুর্নামেন্টে। পিএসজি ছেড়ে জুনের ২০২৪য়ে রিয়েল মাদ্রিদে যোগ দেওয়ার পর এই প্রথমবার বিশ্ব ক্লাব কাপ সেমিফাইনালে তাঁর পুরোন ক্লাবের মুখোমুখি হবেন এমবাপে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *