অলস্পোর্ট ডেস্ক: আসন্ন সুপার কাপ থেকে ওড়িশা এফসির নাম প্রত্যাহারের সিদ্ধান্তের পর তাদের নিয়ে নানা রকমের জল্পনা তৈরি হয়েছে, ওড়িশার ভক্তরা হতাশ এবং দলের ভবিষ্যৎ নিয়ে তারাও পরিষ্কার বার্তা পেতে চাইছে। ওড়িশার ভারতীয় ফুটবলের মূল ও সর্বোচ্চ আসরে জায়গা করে নেওয়া বেশিদিনের না হলেও, আগমনেই মানুষের মনে জায়গা করে নিয়েছিল তাদের সাফল্য দিয়ে। হঠাৎ তাদের বিভিন্ন টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো থেকে শুরু করে দল না গড়া, বিদেশি ফুটবলারদের ছেড়ে দেওয়া, সব নিয়ে প্রশ্ন উঠছে। শেষ পর্যন্ত দলের মালিক রোহন শর্মা এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁর পরিকল্পনা পরিষ্কার করেছেন। কয়েকদিন আগে তিনি এই নিয়ে এক্স হ্যান্ডলে তাঁর বক্তব্য সামনে আনেন।
২৫ অক্টোবর থেকে ২২ নভেম্বর গোয়ায় হতে চলা সুপার কাপে ১৩টি আইএসএল দল এবং তিনটি আই-লিগ ক্লাব অংশ নেবে। ওড়িশা এফসি সুপার খেলবে না বলে জানিয়েছে। তারা ডুরান্ড কাপেও অংশ নেয়নি। যদিও আইএসএল বেশিরভাগ ক্লাবই এই মরসুমের প্রথম টুর্নামেন্টে অংশ নেয়নি কারণ তখনও এফএসডিএল-এআইএফএফ বিতর্কের সমাধান হয়নি।
তবে রোহন শর্মা ভারতীয় ফুটবলের ক্যালেন্ডার এবং রাজস্ব প্রবাহে যে অনিশ্চয়তা বিদ্যমান তার কারণেই তাঁর দলের অনিশ্চয়তাকে দায়ী করেছেন। ভক্তদের কাছে ক্ষমা চেয়ে তিনি স্বীকার করেছেন যে ফুটবল “একটি ব্যয়বহুল ব্যবসা” হয়ে উঠেছে এবং স্পষ্ট রাজস্ব প্রবাহ ছাড়া ক্লাব পরিচালনা করা সহজ নয়।
“আমি ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি, কিন্তু দুর্ভাগ্যবশত, ফুটবল এখন একটা ব্যয়বহুল ব্যবসা হয়ে উঠেছে, আর যেকোনও ব্যবসার মতো, আমি আয় কী তা না জেনে পরিকল্পনা করতে পারি না। এটি একটি মৌলিক ব্যবসায়িক নীতি। অন্যান্য ক্লাবের তহবিল দেওয়ার বিভিন্ন উপায় থাকে, এবং হয়তো আলাদা আলাদা ব্যান্ডউইথ থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সীমা আছে। আমি এমন একটি লিগে স্পনসর বিক্রি করতে পারি না যার শুরুর তারিখ নেই!! আমি তাদের কী প্রতিশ্রুতি দিচ্ছি?” রোহন তাঁর পোস্টে লিখেছেন।
রোহন তাঁর দীর্ঘ পোস্টে পয়েন্ট করে করে তাঁর বক্তব্য সামনে তুলে ধরেছেন। যা থেকে তাঁর আশা তাঁদের ক্লাব চালানোর মানসিকতা নিয়ে যে প্রশ্ন উঠছে তাঁর জবাব মানুষ পেয়ে যাবে। অতীতেও তিনি আইএসএল এবং তার ভবিষ্যৎ নিয়ে একাধিক পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। দেখুন তাঁর পোস্ট—
ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তার মধ্যে, সুপ্রিম কোর্ট এআইএফএফ এবং এফএসডিএলের মধ্যে সম্মতিসূচক সমাধান অনুমোদন করেছে, লিগের নতুন বাণিজ্যিক অংশীদার নির্বাচনের তত্ত্বাবধানের জন্য বিচারপতি এলএন রাওকে নিয়োগ করেছে। যদিও এই পদক্ষেপের ফলে ২০২৫-২৬ মরসুমের সময়মতো শুরু নিশ্চিত হবে এবং সম্ভাব্য ফিফা-এএফসি স্থগিতাদেশের ঝুঁকি এড়ানো যাবে বলে আশা করা হচ্ছে, ভারতীয় ফুটবল ভক্তরা এখনও একটি সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী সমাধানের জন্য অপেক্ষা করছেন। একইভাবে ক্লাবগুলোও, এটাই বোঝাতে চেয়েছেন রোহন শর্মা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
