সুচরিতা সেন চৌধুরী: এএফসি কাপ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের সব লাইম লাইট কেড়ে নিয়ে গেল মোহনবাগানের একটা পেনাল্টি শট। যা নিয়ে দুই দলের দুই কোচই তাঁদের ভিন্ন ভিন্ন মত দিয়ে গেলেন। পেনাল্টির দুই কারিগরও তাদের কথা স্পষ্ট করে জানিয়ে দিলেন। এদিন ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি পেয়ে গিয়েছিল মোহনবাগান। সেই পেনাল্টি নিতে যান জেসন কামিন্স। যিনি দলের হয়ে প্রথম গোলটি করে দলকে এগিয়ে দিয়েছিলেন। পেনাল্টি নেওয়ার আগে মাজিয়া বক্সে মোহনবাগান বিদেশিদের মধ্যে কয়েক সেকেন্ড কিছু একটা আলোচনা হয় এবং তার পরই হয় আসল ঘটনা। কামিন্স আর দিমিত্রি মেসি ও সুয়ারেজ হয়ে উঠতে পারেননি। বার্সেলোনা বনাম সেল্টা ভিগোর ম্যাচের সেই বিখ্যাত পেনাল্টির অ্যাকশন রিপ্লে করতে চেয়েছিলেন দুই অজি তারকা কিন্তু তাতে তাঁরা ব্যর্থ।
মাজিয়ার কোচ সেসলিজা মিলোমির মজা করে বলেই ফেললেন, ‘‘হতে চেয়েছিল হিরো হয়ে গেল কমেডি।’’ তিনি আরও বলেন, ‘‘পেনাল্টিটা ভাল ছিল। বিপক্ষ দল ওটা মিস করার পরে আমাদের পুরো সুযোগ ছিল ম্যাচ জেতার। আমি আমার দলকে বলেওছিলাম। তবে আমাদের দল আজকে প্রস্তুত ছিল না, যদি আজকে আমার বাকি দু’তিনটে প্লেয়াররা খেলত, তাহলে হয়ত একটা সুযোগ থাকত ম্যাচ জেতার। এটা কোনও অজুহাত না। যদি আমার দল সম্পূর্ণভাবে আজ তৈরি থাকত তাহলে আমরাই জিততাম।’’
দিমিত্র অবশ্য বলছেন, এটা এখনও পর্যন্ত তাঁর সব থেকে কঠিন ম্যাচ ছিল। অন্যদিকে, কামিন্স মেনে নিচ্ছেন, সব সময় সব পরিকল্পনা কাজে লাগে না। এদিনও তেমনটাই হয়েছে। তবে জিতেছে দল সেটাই অনেক বড়। কোচ হুয়ান ফেরান্দো অবশ্য এই পেনাল্টি নিয়ে মুখে না বললেও বেশ বিরক্ত। তিনি বলছেন, ‘‘প্লেয়াররা মাঠের মধ্যে খেলার সময় নিজেদের মতো সিদ্ধান্ত নেয়। যদিও কী পরিস্থিতিতে কী হবে তেমন পরিকল্পনা আগাম করা থাকে।’’
এক্ষেত্রে যে কোনও পরিকল্পনাই ছিল না সেটা ঘুরিয়ে মেনে নিলেন তিনি। তবে মজা করে বললেন, ‘‘এবার থেকে এমন অনুশীলন করাতে হবে। হ্যাঁ, যখন এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানে প্লেয়াররা আত্মবিশ্বাসী ছিল। তবে ভবিষ্যতে এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে ওরা নিশ্চই দু’বার ভাববে। তবে আমি দলের খেলা নিয়ে খুশি। দ্বিতীয়ার্ধে সবাই মিলে চেষ্টা করেছে, এটাই আসল।’’
ফেরান্দো বলছেন, ‘‘এটা খুব কঠিন ম্যাচ ছিল। ওরা বসুন্ধরাকে হারিয়ে এসেছে। আবার আজকে বসুন্ধরা ওড়িশাকে হারিয়েছে। গ্রুপ পর্বের ম্যাচ খুব কঠিন। আমি এখন পরের ম্যাচের কথা ভাবছি।’’ তবে তিনি মেনে নিচ্ছেন ১-০ গোলে এগিয়ে থাকার সময় যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন সেটা ১-১ হয়ে যাওয়ার পরে পরিবর্তন করতে হয়। যে ভাবে দলে পরিবর্তন আনার কথা ভেবেছিলেন সেভাবে আনতে পারেননি। তবে তিনি মনে করেন, এই পেনাল্টি থেকে যদি গোল হয়ে যেত তাহলে সবাই প্রশংসা করত, হয়নি তাই সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। তবে সর্বসমক্ষে পেনাল্টি মিসের কারিগরদের কোনওভাবেই সমালোচনা করতে চাননি তিনি। বরং পাশেই দাঁড়িয়েছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
