অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গিয়েছেন প্যারিসে। দু’দিনের ফ্রান্স সফরে গিয়ে প্রশংসায় ভরিয়ে দিলেন কেলিয়ান এমবাপে -কে। ফ্রান্সের জাতীয় ফুটবল দলের অধিনায়ক কেলিয়ান এমবাপের জনপ্রিয়তা নিয়ে এদিন কথা বললেন তিনি। মোদী জানান, নিজের দেশের থেকে এমবাপের জনপ্রিয়তা ভারতে অনেক বেশী।
বর্তমানে এমবাপে ফ্রান্স তথা সারা বিশ্বের ফুটবল জগতের অন্যতম সেরা ফুটবলার। তার সঙ্গে তাঁর জনপ্রিয়তাও এখন শিখরে। বৃহস্পতিবার ফ্রান্সের একটি সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘‘ভারতের যুব সম্প্রদায়ের কাছে এমবাপে খুবই জনপ্রিয়। ফ্রান্সের থেকেও তিনি ভারতে বেশী জনপ্রিয়।’’ তাঁর এই কথা শোনার পর হাততালি দিয়ে ওঠে সম্মেলনে উপস্থিত প্রবাসী ভারতীয়রা।
২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। চার বছর পর আবার ২০২২ বিশ্বকাপে ফ্রান্স ফাইনালে উঠেছিল। লিওনেল মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন এমবাপে। যদিও কাতার বিশ্বকাপ জিততে পারেনি এমবাপের দেশ। ফ্রেঞ্চ লিগ থেকে আন্তর্জাতিক ম্যাচ সবেতেই এমবাপে তাঁর অসাধারণ পারফরম্যান্স দিয়ে খুব তাড়াতাড়ি ভক্তদের মন জয় করে নিয়েছেন। বিশেষত ২০২২-এ আর্জেন্টিনার সঙ্গে ফ্রান্সের ফাইনালে তাঁর অসাধারণ পারফরম্যান্স তাঁকে আরও জনপ্রিয় করে তুলেছে।
দু’দিনের জন্য ফ্রান্স সফরে গিয়েছেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন। ফ্রান্সের জাতীয় দিবসের আগে সে দেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। প্যারিসে থাকা প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দিয়ে মোদী দুই দেশের বন্ধুত্বের কথা, দুই দেশের সাধারণ মানুষদের মেলবন্ধনের কথা তুলে ধরেছেন।
ফ্রান্সের প্রধানমন্ত্রী টুইট করেছেন, ‘‘ফ্রান্সে নরেন্দ্র মোদীকে স্বাগত। ২৫ বছরের পার্টনারশিপ আমরা এক সঙ্গে পালন করছি। আমাদের এই বন্ধুত্ব আমাদের শিক্ষা, সংস্কৃতির মধ্যে দিয়ে বজায় থাকুক।’’
ফ্রাসে পৌঁছানোর পর প্রবাসী ভারতীয়রা নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। সেখানে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট সোনোট জেরার্ড লার্চারের সঙ্গে সেনেট হাউসে সাক্ষাৎ করেন। ভারতের প্রধানমন্ত্রীর ফ্রান্স সফর দুই দেশের ২৫ বছরের বন্ধুত্বের সাক্ষী হয়ে রইল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
