অলস্পোর্ট ডেস্ক: কিংবদন্তী হকি খেলোয়াড় অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় দলের অধিনায়ক পিআর শ্রীজেসকে ‘ভারত গৌরব’ সম্মান দিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব, ১ আগস্ট, ক্লাবের ১০৬ তম প্রতিষ্ঠা দিবসে। ওইদিন জীবন কৃতি সম্মান প্রদান করা হবে লাল হলুদ ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সত্যজিত মিত্রকে ও মিহির বসুকে।
১ আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নেওয়া হয়েছে নানা কর্মসূচী। সকাল সাড়ে ১১টায় ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে প্রধান প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরি, শৈলেশ বসু, নশা সেনের প্রতিকৃতিতে মাল্যদান, প্রদীপ প্রজ্জ্বলন ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা। বিকেল ৪টেয় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ক্রীড়াজগতের গুনীজন সংবর্ধনা। উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও মহানাগরিক ফিরহাদ হাকিম।
ভারত গৌরব ও জীবনকৃতী সম্মানের পাশাপাশি আরও যাঁরা সম্মানিত হবেন, তাঁরা হলেন রেফারি করুণা চক্রবর্তী ও কার্তিক ইন্দু, বর্ষসেরা ফুটবলার শৌভিক চক্রবর্তী ও সৌম্যা গুগুলথ, সেরা উদীয়মান খেলোয়াড় পিভি বিষ্ণু, বর্ষসেরা ক্রিকেটার কনিষ্ক শেঠ। এছাড়া প্রদীপ কুমার ব্যানার্জি স্মৃতি সম্মান লাভ করবেন সঞ্জয় সেন ও অ্যান্টনি অ্যান্ড্রু। ‘প্রাইড অফ বেঙ্গল’ স্বীকতি দেওয়া হবে ইস্টবেঙ্গল ও ভারতীয় মহিলা দলের ফুটবলার সঙ্গীতা বাসফোরকে। গ্র্যান্ডমাস্টার দাবাড়ু আরণ্যক ঘোষকেও সংবর্ধনা জানানো হবে ওই মঞ্চে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
