Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ পিএসজির জার্সি গায়ে শেষবারের মতো মাঠে নামলেন লিওনেল মেসি। তবে শেষটা ভালো হল না মেসির। লিগ শিরোপা জিতলেও জয় দিয়ে পিএসজি অধ্যায়ের শেষ করতে পারলেন না আর্জেন্তিনার সুপার স্টার। ক্লেরেমন্টের কাছে হেরে গেছে পিএসজি। ফলে পিএসজি-র জার্সিতে মেসির শেষ ম্যাচটা মেসিভক্তদের মনের মতো হল না। শনিবার (৩ জুন) লিগ ওয়ানের খেলায় ক্লেরেমন্টের বিরুদ্ধে ৩-২ গোলে হেরে গেল পিএসজি। সার্জিও রামোস ও কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যাওয়ার পর তিন গোল হজম করে ক্রিস্তফ গালতিয়েরের দল। সফরকারী ক্লেরেমন্টের হয়ে গোল তিনটি করেন – জোহান গাস্তিয়েন, মেহদি জেফফান ও গ্রিজন কেয়েই।

শুক্রবারই পিএসজির কোচ ক্রিস্তফ গালতিয়ের নিশ্চিত করেছিলেন, ক্লেরেমন্টের বিপক্ষে ম্যাচটিই পিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচ হতে চলেছে। কিছুদিন থেকেই গুঞ্জন ছিল পিএসজির সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না মেসি। অবশেষে সে গুঞ্জনই সত্য হল। প্যারিসিয়ানদের জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেললেন ৩৫ বছর বয়সি মহাতারকা। শেষ হল পিএসজিতে মেসির দুই বছরের অধ্যায়।

এদিন শুরুতেই গোল খেয়েছিল পিএসজি। পঞ্চম মিনিটে ফরাসি ফরোয়ার্ড গ্রিজন কেয়েই পিএসজির জালে বল জড়ান। কিন্তু হ্যান্ডবলের কারণে গোলটি বাতিল হয়। তবে দ্রুতই ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নেয় পিএসজি। ম্যাচের নয় মিনিটে মেসির শট বাঁচিয়ে দেন ক্লেরেমন্টের গোলরক্ষক। তবে গোলের জন্য বেশি অপেক্ষা করতে হয়নি পিএসজিকে। ম্যাচের ১৬ মিনিটে সার্জিও রামোস হেডে গোল করে এগিয়ে দেন পিএসজিকে। মেসির পাস থেকে বল পেয়ে ডিবক্সে ক্রস করেন ভিতিনিয়া। হেডে বলটা জালে পাঠাতে বেগ পেতে হয়নি স্প্যানিশ ডিফেন্ডারের। ম্যাচের ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এটি এবারের লিগে তার ২৯তম গোল।

এর তিন মিনিট পরই নিজেদের সর্বনাশ ডেকে আনে পিএসজি। ব্যাকপাসের মেলা বসিয়েছিল তারা। ভেরাত্তির তেমনই একটি দূর্বল ব্যাকপাস ধরে জালে বল পাঠান জোহান গাস্তিয়েন। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে সফরকারী ক্লেরেমন্ট। মহম্মদ চামের শট ঠিকমতো ফেরাতে ব্যর্থ হন পিএসজির গোলরক্ষক দোনারুম্মা, ছুটে গিয়ে বল জালে জড়ান মেহদি জেফফান।

এরপর খেলার ধারার বিপরীতেই ৬৩ মিনিটে কেয়েইয়ের গোলে এগিয়ে যায় ক্লেরেমন্ট। এলবাসান রাশনির চমৎকার ক্রসে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে জাল খুঁজে নেন এই ফরাসি। এরপর মরিয়া হয়ে সমতা ফেরানোর চেষ্টা করেও সফল হয়নি পিএসজি। ম্যাচের অন্তিম সময়ে দলকে পয়েন্ট এনে দেওয়ার সুযোগ এসেছিল লিওনেল মেসির সামনে। কিন্তু তার দারুণ ফ্রিকিক ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। বিস্ময়ে বিমূঢ় হয়ে যান পিএসজির মহাতারকা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *