অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার স্পেনের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে বিশ্বকাপে বহুচর্চিত ‘চুম্বন বিতর্ক’-এর কারণে। এছাড়াও দলের বিতর্কিত কোচকেও বরখাস্ত করেছেন তাঁরা। তাঁর জায়গায় একজন মহিলাকে কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে। ২০ অগস্ট বিশ্বকাপের ফাইনালে স্পেন ইংল্যান্ডকে হারানোর পর পুরস্কার বিতরনী মঞ্চে রুবিয়ালেস জোর করে স্পেনের মিড ফিল্ডার জেনি হারমোসাকে চুম্বন করেন। গোটা বিশ্বে নিন্দিত হওয়ার প্রায় দু’সপ্তাহ পরে স্প্যানিস ফুটবল ফেডারেশন থেকে ক্ষমা চাওয়া হল।
আরএফইফের অন্তর্বর্তীকালিন সভাপতি পেদ্রো রোচা স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়েছে, “আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। ফিফা মহিলা বিশ্বকাপ ২০২৩ এর ফাইনালের সময় এবং তার পরবর্তী মুহূর্তগুলিতে রুবিয়ালেসের এই সম্পূর্ণ অগ্রহণযোগ্য আচরণের জন্য”।
চুম্বনের এই ঘটনাটি গোটা ফুটবল দুনিয়ায় এবং তার বাইরেও ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল। এরপর আরএফইএফ থেকে রুবিয়ালেসকে সভাপতি পদ ছেড়ে দিতে বলা হয়েছিল। ঠিক তার আট দিন পর ফিফার পক্ষ থেকেও রুবিয়ালেসকে পদত্যাগ করতে বলা হয়েছিল।
কিন্তু রুবিয়ালেস পদত্যাগ করতে প্রথমে অস্বীকার করেছিলেন। এবং চুম্বন সম্মতিপূর্ন ছিল বলে দাবি করেছিলেন তিনি। যা পরে জেনি হার্মোসা পুরোপুরি অস্বীকার করেছিলেন।
‘‘গোটা ঘটনাতে স্প্যনিশ ফুটবল, স্প্যানিশ সমাজ এবং স্পেনের ক্রীড়া জগৎ ক্ষতিগ্রস্থ হয়েছে। এবং যে ক্ষতি হয়েছে তা ছিল বিশাল,’’ বলেছে আরএফইএফ। তাঁরা ক্ষমা চেয়েছে ফিফার কাছে এবং বিশেষ করে স্পেনের জাতীয় মহিলা দলের কাছে।
আরএফইএফ থেকে বলা হয়েছে, ‘‘মহিলা জাতীয় দলের কোচ হিসাবে ভিল্ডা কে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং তাঁর জায়গায় কোচ হিসাবে মন্টসে টোমে কে দায়িত্ব দেওয়া হবে। ২০১৮ থেকে দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। টোমেই হবেন স্পেনের প্রথম মহিলা যিনি কোচ হিসেবে নিযুক্ত হবেন।’’
ভিল্ডার বরখাস্ত হওয়া খুবই স্বাভাবিক ঘটনা। কারন তিনি রুবিয়ালেস পদত্যাগ করতে অস্বীকার করায় তাঁকে সমর্থন করেছিলেন এবং ‘‘মিথ্যা নারীবাদ’’ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
