অলস্পোর্ট ডেস্ক: রবার্তো মানচিনি সৌদি আরব জাতীয় ফুটবল দলের কোচ হলেন। এই মাসের শুরুতেই বিতর্কিত ভাবে ইতালির চাকরি ছেড়েছেন তিনি। তারপরই ২৫ মিলিয়ন ডলারের বার্ষিক চুক্তিতে সৌদি আরবের কোচ হিসেবে যোগ দেন তিনি। শেষ বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে হারিয়েছিল সৌদি আরব। বিশ্বকাপের পর তাঁদের কোচ হারভে রেনার্ড দল ছেড়ে ফ্রান্স মহিলা দলের কোচ হিসেবে যোগ দেন। তারপর থেকে এতদিন কোচ ছাড়া ছিল সৌদি দল।
৫৮ বছরের মানচিনি ২০২০-তে ইউরো কাপে ইতালিকে চ্যাম্পিয়ান করেছিলেন। যদিও গত বছর বিশ্বকাপে ইতালি কোয়ালিফাই করতে পারেনি। ইতালি ছেড়ে চার বছরের চুক্তিতে সৌদি দলের কোচ হলেন তিনি। ‘‘সৌদি আরবের কোচ হতে পেরে আমি সম্মানিত। আমি বিশ্বাস করি এটা আমার কাছে দুর্দান্ত সুযোগ নতুন কোনও দেশের ফুটবলের অভিজ্ঞতা অর্জন করার। বিশেষ করে এশিয়া ফুটবল যেভাবে এগোচ্ছে,“ বলেন মানচিনি।
তিনি আরও বলেন, ‘‘সৌদি প্রো লিগে বিশ্বের শীর্ষস্থানীয় ফুটবলারদের উপস্থিতি দেখে বোঝা যাচ্ছে, আন্তর্জাতিক ফুটবলে তাঁদের উন্নতি হচ্ছে।”
বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারী দেশ সৌদি আরব, এই মরশুমে সৌদি প্রো লিগে দলের জন্য অনেক ইউরোপিয়ান খেলোয়াড় কিনে ঝড় তোলেন তাঁরা। এবছর জানুয়ারি মাসে বড় অঙ্কের টাকার বিনিময়ে আল-নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তারপর ব্রাজিল তারকা নেইমারও যোগ দেন আল-নাসেরে।
এবছরের শুরুতে ইতালির অনূর্ধ্ব-২০ এবং ২১ দলের দায়িত্ব দেওয়া হয়েছিল মানচিনিকে। তাঁর পদত্যাগ ইতালি দলের কাছে একটা বড় ধাক্কা ছিল। এই সিদ্ধান্তের জন্য অনেক সমালোচিত হতে হয়েছে তাঁকে। অনেকে মনে করছেন সৌদিতে বেশি টাকার প্রস্তাব পাওয়ায় তিনি ইতালি ছাড়লেন। কিন্তু তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।
প্রাক্তন নাপোলি কোচ লুসিয়ানো স্পালেত্তির পর ইতালির কোচ হন মানচিনি। দীর্ঘ পাঁচ বছরে অনেক খারাপ,ভাল সময় দলের সঙ্গে থেকেছেন তিনি। ২০২০-তে ইতালি ইউরো কাপ জেতার পর অনেকে ভেবেছিলেন আবার পুনরুজ্জীবিত হবে দল। কিন্তু শেষ বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয় তারা।
রবিবার সৌদির এক পত্রিকা থেকে জানা যায় মানচিনি বার্ষিক কত টাকার বিনিময় সৌদির কোচ হিসেবে যোগ দেন। কিন্তু সৌদি ফেডারেশনের তরফে এই ব্যাপারে কিছু জানানো হয়নি। ‘‘মানচিনির কোচ হওয়া আরবের জাতীয় দলের উন্নতিতে সাহায্য করবে এবং তাঁর কোচিং কেরিয়ারে এটা স্মরণীয় হয়ে থাকবে,“ মানচিনির কোচ হিসেবে যোগদানকে নিশ্চিত করে বলে সৌদি ফেডারেশন।
সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াধে এসে পৌঁছেছেন মানচিনি। ৮ সেপ্টেম্বর কোস্টারিকার বিরুদ্ধে দলের সঙ্গে প্রথম খেলা তাঁর। এরপরে ১২ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার হয়ে ম্যাচ আছে সৌদি আরবের।
রবিবার সৌদির জাতীয় দলের টুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে মানচিনি বলেছেন, ‘‘আমি এতদিন ইউরোপে ইতিহাস তৈরি করেছি। এবার সময় সৌদির সঙ্গে ইতিহাস তৈরি করার।“
মানচিনির চুক্তির সময়সীমা অনুযায়ী সম্ভবত পরবর্তী বিশ্বকাপে সৌদি দলের কোচ থাকবেন তিনি। তাঁকে নিয়ে যথেষ্ট আশাবাদী সৌদি আরবের জাতীয় দল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
