রোনাল্ডিনহো। ছবি সৌজন্যে, টুইটার
অলস্পোর্ট ডেস্ক: অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, দূর্গাপুজোয় শহরে আসবেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহো। সেই গুঞ্জনেই এদিন শিলমোহর দিলেন তারকা নিজেই। জানিয়ে দিলেন, অক্টোবরে পুজোর সময়ে তিনি কলকাতা ভ্রমণে আসবেন। তিনবার ফুটবলে ব্যালন ডি’ওর বিজেতা রোনাল্ডিনহোর এটি প্রথমবার কলকাতা সফর হতে চলেছে। যা নিয়ে তিনি খুব উচ্ছ্বসিত। নিজের সোশ্যাল মিডিয়াতে এদিন কলকাতায় আসার কথা ঘোষণা করেন রোনাল্ডিনহো। শুধু তাই নয়, তিনি জানান, কলকাতায় এসে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে ক্রিকেট খেলা শিখবেন। সেই সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গেও। কলকাতায় আরও বেশ কিছু ইভেন্টে অংশগ্রহণ করবেন তিনি।
৪৩ বছর বয়সী রোনাল্ডিনহো ফেসবুক পোস্টে লেখেন, ‘‘সবাইকে স্বাগতম। আমি এই অক্টোবরের মাঝামাঝি কলকাতায় প্রথম সফর করতে চলেছি। আমি জানি কলকাতায় প্রচুর সংখ্যক ব্রাজিল ভক্ত রয়েছে এবং আমি তাদের সঙ্গে দেখা করতে খুবই উচ্ছসিত’’।
তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পেরে আমি সম্মান বোধ করব। তাঁকে একটি জার্সিও উপহার দেব।’’
তিনি আরও বলেন শহরের ক্রিকেট আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে ‘ক্রিকেট শিখতে চান’। ‘‘আমি জানি ক্রিকেট খুব জনপ্রিয় সেখানে এবং আমি বাংলার ‘দাদা’র থেকে ক্রিকেট শিখতে চাই।’’
‘আমি স্পনসরদের সঙ্গে এবং অন্যান্য অনেক অভিনন্দন অনুষ্ঠানে যোগদান করব। এই দুর্গাপুজোয় সাম্বা ম্যাজিক হোক। আমি তোমাদের ভালবাসি (আমি তোমাদের সবাইকে ভালবাসি),’’ তিনি যোগ করেন।
ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ১৬ অক্টোবর শহরে আসবেন বলে আশা করা হচ্ছে এবং ঢাকায় যাওয়ার আগে দুই দিনের জন্য এখানে থাকবেন, একজন কর্মকর্তা পিটিআইকে জানিয়েছে একথা।
রোনাল্ডিনহো কলকাতার বেশ কয়েকটি বিখ্যাত ক্লাব, শ্রীভূমি স্পোর্টিং, আহিরীটোলা যুবকবৃন্দ, বারুইপুর, গ্রীনপার্ক এবং রিষড়া, এইসকল ক্লাবগুলিতে পুজো দেখতে আসবেন। সঙ্গে নিজের আর-১০ ফুটবল অ্যাকাডেমিতেও যাবেন তিনি। এছাড়া, ডায়মন্ডহারবার এফসির মাঠে একটি চ্যারিটি ম্যাচে অংশ নেবেন তিনি। কলকাতায় পা রেখে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন ব্রাজিলের এই প্রাক্তন ফুটবলার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
