অলস্পোর্ট ডেস্ক: ষষ্ঠবার বিশ্বকাপে খেলার জন্য তৈরি পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একথা নিজেই জোরালোভাবে জানিয়েছেন তারকা ফুটবলার। পর্তুগালের জার্সিতে নাইজেরিয়া ও চিলির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে প্রথম একাদশে থেকে খেলা শুরু করলেও, দুটি ম্যাচেই গোল পাননি তিনি। তবে তা নিয়ে চিন্তিত নন রোনাল্ডো। তাঁর যাবতীয় ফোকাস এখন বিশ্বকাপের আসরে। আল নাসরের জার্সিতে সৌদি প্রোলিগ জয়ের পর বাড়তি মনোবল নিয়ে বিশ্বকাপে ঝড় তুলতে তৈরি তিনি।
৪১ হছর বয়সী রোনাল্ডোর কাছে প্রচারমাধ্যমের প্রশ্ন ছিল, বিশ্বকাপে খেলার জন্য আপনি কি পুরো ফিট? সেটা শুনে একটু তির্যক ভাবেই রোনাল্ডোর মন্তব্য, ‘ শারীরিকভাবে আমি তৈরি। ফিট ও ফাইন। কেন আপনারা আমাকে ম্যাচে খেলতে দেখেননি।’
রোনাল্ডোর ওপর পুরো আস্থা রাখছেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ। রোনাল্ডো নিজেও তাঁর বিশ্বকাপ জেতার অধরা স্বপ্ন পূরণ করতে মরিয়া। এবার নাহলে নেভার, এই মনোভাব নিয়েই ফিফা ২০২৬ বিশ্বকাপে খেলতে নামবেন তিনি। রোনাল্ডো খুশি নিজের দলের প্রস্তুতিতে। বলেছেন,‘ বিশ্বকাপে সাফল্য পাওয়ার আশায় প্রচুর পরিশ্রম করেছি আমরা সকলে। এটা খুব ক্লান্তিকর, কিন্তু কার্যকরী। বিশ্বকাপে সেরা দেওয়ার জন্য সকলে তৈরি। কিন্তু আমাদের আসল খেলাটা শুরু হবে ১৭ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে। কারণ তখন থেকে চাপ সামলে নিজেদের সেরাটা দিতে হবে। তাতেই বোঝা যাবে বিশ্বকাপ জেতার দাবিদার কে বা কারা?’
রোনাল্ডো পর্তুগালের জার্সিতে ২২৭ ম্যাচে ১৪৩ গোল করেছেন। যা তাঁকে পর্তুগালের সর্বকালীন সেরা নেতা বানিয়েছে। জীবনে অনেক ট্রফি জিতেছেন। এমনকি তাঁর সঙ্গে শ্রেষ্ঠত্ব নিয়ে যাঁর সবচেয়ে বেশি তুলনা ও বিতর্ক চলে, সেই মেসির ক্যাবিনেটে বিশ্বকাপ ট্রফি থাকলেও, রোনাল্ডোর সেই ট্রফি এখনও অধরা। তাঁর সে স্বপ্ন এবার পূরণ হবে কি? এই প্রশ্নে রোনাল্ডোর উত্তর, ‘ সেটা সময়ই বলবে। আমাদের লক্ষ্য খুব পরিষ্কার। চ্যাম্পিয়ন হওয়া। আমরা জানি বিশ্বকাপ সবসময় একটা বিশেষ প্রতিযোগিতা। ইউরোপিয়ান চ্যাম্পিনশিপের মতোই গুরুত্বপূর্ণ। আমরা একরাশ আশা নিয়ে বিশ্বকাপ খেলতে নামব।’
পর্তুগাল কখনও বিশ্বকাপ জেতেনি। বিশ্বকাপ জেতার খুব কাছাকাছি আসতে পেরেছিল তারা ১৯৬৬ সালে। তৃতীয় স্থান পেয়েছিল। ২০০৬ বিশ্বকাপে লুই ফিগোর পাশে থেকে খেলা শুরু করলেও বিশ্বকাপে সাফল্য পাননি রোনাল্ডো। এবার তাঁর পাশে থাকছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে দুরন্ত ফর্মে থাকা ব্রুনো ফার্নান্ডেজ। প্রিমিয়ার লিগে ব্রুনো নয়া রেকর্ড গড়েছেন গোল করার পাশাপাশি গোল করানোর অবদানের। পর্তুগাল দলে আরও ৪জন পার্থক্য গড়ে দেওয়ার মতো ফুটবলার রয়েছেন। এঁরা হলেন নুনো মেন্ডিজ, জোয়াও নাভাস, ভিতিনহা, গঞ্জালো র্যামোস। যাঁরা প্যারিস সাঁ জাঁকে লিগ ১ খেতাব ছাড়াও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে বড় ভূমিকা নেন।
পাঁচ বার ব্যালন ডি’ওর জয়ী রোনাল্ডো বলেন, ‘ আমাদের এই দলটা খুব ভাল। এরা পর্তুগালের মানুষ ও সমর্থকদের অনেক খুশির মুহূর্ত উপহার দিয়েছে। আরও বড় সাফল্য আনবে। তবে খেলার মাঠে এমন অনেক কিছু ঘটে, যা নিয়ন্ত্রণ করা যায় না। যার ওপর ম্যাচে জেতা বা হারা নির্ভর করে। আপাতত লক্ষ্য একটাই, বিশ্বকাপে শুরুটা ভাল করা জরুরি। ম্যাচ বাই ম্যাচ ধরে এগোন। ছন্দ ও আত্মবিশ্বাস বজায় রেখে সেগুলো জিতে গ্রুপ শীর্ষে থাকা। আশা করি আমাদের পরিকল্পনা ঠিক পথেই এগোবে।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
