অলস্পোর্ট ডেস্ক: অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্প্রতি তাঁর প্রতিদ্বন্ধী লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে যোগ দেওয়া নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের লিগের থেকে সৌদি লিগ অনেক ভাল। গতবছর রোনাল্ডো সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি মধ্যপ্রাচ্যে তাঁর ফুটবল কেরিয়ার চালিয়ে যেতে চান। তারপরই মোটা টাকার চুক্তিতে সই করেছিলেন আল-নাসরের সঙ্গে। যেখানে খবর পাওয়া গিয়েছিল মেসিও সৌদির ক্লাব থেকে বড় অঙ্কের অফার পেয়েছিলেন। যদিও পিএসজি-র সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর তিনি যোগ দিয়েছেন আমেরিকার মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিতে। এর মধ্যেই মেসির মিয়ামিতে যোগ দেওয়া নিয়ে রোনাল্ডোকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমেরিকার থেকে সৌদি লিগ অনেক ভাল।
রোনাল্ডোর জন্মস্থান পর্তুগালে একটি প্রীতি ম্যাচে লা লিগার সেল্টা ভিগোর কাছে আল-নাসর ৫-০ গোলে হেরে যাওয়ার পর তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘সৌদি লিগ এমএলএসের চেয়ে ভাল। আমি সৌদি লিগে যাওয়ার পথ খুলে দিয়েছি এবং এখন সব খেলোয়াড় এখানে আসছে,’’ বললেন রোনাল্ডো।
রোনাল্ডো ইউরোপের প্রথম হাইপ্রোফাইল খেলোয়াড় যিনি সৌদি লিগে যোগ দেন। তবে চলতি বছর একগুচ্ছ তারকা ফুটবলার করিম বেঞ্জেমা, এন’গোলো কান্তে, রুবেন নেভেস, রবার্তো ফিরমিনো যোগ দিয়েছেন মধ্য প্রাচ্যের লিগ খেলা বিভিন্ন ক্লাবে। শোনা যাচ্ছে আরও কিছু শীর্ষস্থানীয় ফুটবলার গাল্ফের বিভিন্ন ফুটবল দলে নতুন চুক্তিতে স্বাক্ষর করতে পারেন।
‘‘এক বছরে আরও বেশী সংখ্যক শীর্ষস্তরের খেলোয়াড় সৌদিতে যোগ দেবে। এক বছরে সৌদি লিগ তুর্কি লিগ এবং ডাচ লিগকে ছাড়িয়ে যাবে।‘’ রোনাল্ডো আরও বলেছেন সৌদি লিগের ভবিষ্যতের জন্য তিনি তাঁর অর্থ ব্যয় করছেন।
তিনি ইউরোপিয়ান ক্লাবে যোগ দেওয়ার কথাও অস্বীকার করেছেন। তিনি বলেছেন প্রিমিয়ার লিগ ছাড়া বাকি মহাদেশীয় লিগ তাদের আকর্ষণ হারিয়েছে।
‘‘আমি ১০০ শতাংশ নিশ্চিত করে বলছি আমি কোনও ইউরোপিয়ান ক্লাবে আর ফিরব না। আমার বয়স ৩৮। আর ইউরোপিয়ান ক্লাবগুলি তাদের মান হারিয়েছে। একমাত্র বৈধ এবং এখনও ভাল কাজ করছে প্রিমিয়ার লিগ। তারা অন্য সব লিগের থেকে এগিয়ে রয়েছে।‘’
আল-নাসরের সূচি অনুযায়ী রোনাল্ডো তাঁর পরবর্তী প্রীতি ম্যাচটি খেলবেন বেনফিকার বিরুদ্ধে।
রোনাল্ডো বলেছেন,‘‘ আজ আমার পরিকল্পনা ছিল ৪৫ মিনিট খেলব। বেনফিকার বিরুদ্ধে ৬০ অথবা ৭০ মিনিট খেলব। নিজের সেরা ফর্মে পৌঁছানোর জন্য ধীরে ধীরে যন্ত্রে সুর তুলতে হয়।‘’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
