অলস্পোর্ট ডেস্ক: ফিজি ফুটবল দলের অধিনায়ক ও আইএসএলে সাড়াজাগানো স্ট্রাইকার রয় কৃষ্ণাকে নিশ্চয়ই ভারতীয় ফুটবলপ্রেমীরা ভোলেননি। মনে রেখেছেন তাঁদের হৃদয়ে। একবছরের মতো সময় চোটের জন্য ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের মূল স্রোত থেকে দূরে থাকার পর আবার মাঠে ফিরতে চলেছেন রয় কৃষ্ণা। ২০২৫ মরশুমে কেরালা সুপার লিগের দল মালাপপুরাম এফসির জার্সিতে।
গতবছর ২০২৪য়ের নভেম্বরে হাঁটুতে গুরুতর চোট পেয়ে আইএসএলের খেলা থেকে ছিটকে যান কৃষ্ণা। ৩৮ বছর বয়সী স্ট্রাইকারের এসিএল সার্জারি হয় সেসময়। তারপর তাঁর ফুটবলজীবন অনিশ্চয়তার মুখে পড়েছিল। কিন্তু সার্জারির পর মাঠে ফেরার তাগিদ, শৃঙ্খলা, কঠোর পরিশ্রম, রিহ্যাবের মাধ্যমে আবার প্রতিযোগিতামূলক খেলায় ফেরার জায়গায় নিজেকে নিয়ে এসেছেন রয় কৃষ্ণা। গতমাসে ফিজি জাতীয় দলে যোগ দিয়েছেন তিনি। সেখানে পুরোদমে অনুশীলন করে নিজেকে ফিট করে তুলেছেন। ম্যাচ ফিটনেস আনতে বেশ কিছু ফ্রেন্ডিলতে অংশও নিয়েছেন।
রয় কৃষ্ণার মাঠে ফেরার খবরে তাঁকে দলে পাওয়ার সুযোগ হাতছাড়া করতে চায়নি কেরলের দল মালাপপুরাম এফসি। তাঁকে সই করিয়েছে সুপার লিগে খেলার জন্য। এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু এফসি ও ওড়িশা এফসি জার্সিতে খেলা রয় কৃষ্ণার মুখে একরাশ কৃতজ্ঞতা কেরলের দলের জন্য, তাঁকে প্রতিযোগিতামূলক ক্লাব পর্যায়ে ফুটবলে ফেরার সুযোগ করে দেওয়ায়। বলেছেন, ‘ চোট পাওয়ার পর জানতাম না কবে আবার মাঠে ফিরতে পারব। তবে চেষ্টা ছাড়িনি। ভারতে ও ফিজির মাঠে রিহ্যাব প্রসেস চালিয়ে গেছি নিষ্টার সঙ্গে, ফিজিও নির্দেশ মেনে। কয়েকসপ্তাহ আগে ফিজি জাতীয় দলে ফিরতে পেরে দারুন ভাল লেগেছে। আত্মবিশ্বাস তৈরি হয়েছিল। মালাপপুরামে সই করার সুযোগ আমাকে প্রতিযোগিতামূলক ফুটবলের মেজাজ ও লড়াইয়ের পরিবেশ এনে দেবে। কেরলের ঘরোয়া ফুটবলে একটা আলাদা উত্তেজনা ও উন্মাদনা আছে। সেটা উপভোগ করতে চাই।’
কেরল সুপার লিগের খেলা অক্টোবর থেকে ডিসেম্বর। সবকিছু ঠিকঠাক চললে আইএসএল শুরু হতে পারে ডিসেম্বরে। সেক্ষেত্রে রয় কৃষ্ণার লক্ষ্য থাকবে মালপপুরামের জার্সিতে ভাল খেলে আইএসএলের কোনও দলে জায়গা করে নেওয়া পরবর্তী ট্রান্সফার উইন্ডোতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
