Photo Courtesy: Al Nassr X Handle
অলস্পোর্ট ডেস্ক: আফ্রিকান নেশনস কাপ ফাইনালে মরক্কোর বিরুদ্ধে সেনেগালের মাঠ ছেড়ে যাওয়ার ঘটনার জল অনেকদূর গড়িয়েছে। যদিও সাদিও মানের সৌজন্যে মাঠে ফিরে অতিরিক্ত সময়ের গোলে সেনেগাল কাপ জিতে নেয় শেষপর্যন্ত, তবে ২০ মিনিটের বেশি সময় পেনাল্টি দেওয়ার প্রতিবাদে একমাত্র সাদিও মানে ছাড়া সেনেগালের গোটা দলের মাঠ ছেড়ে সাজঘরে ফিরে যাওয়াটা ভালভাবে নেননি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বিতর্কিত ম্যাচের শেষে সেনেগালের সাদিও মানের হাতে বিজয়ী ট্রফি তুলে দিলেও, সেনেগালের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। রেফারির সিদ্ধান্তের প্রতি অশ্রদ্ধা দেখানোটা তিনি অণ্যায় বলেই উল্লেখ করেছেন,পরবর্তী সময়ের প্রতিক্রিয়ায়। অনেকের ধারনা, আফ্রিকান ফুটবল কনফেডারেশন শাস্তি দিলে ফিফা ২০২৬ বিশ্বকাপে সেনেগালের খেলা আটকে যেতে পারে।
এখানেই ব্যাপারটা শেষ হচ্ছে না। সেনেগালের অখোলোয়াড়োচিত আচরণে জন্য কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আফ্রিকান ফুটবল কনফেডারেশনের কাছে অভিযোগ জানিয়েছে মরক্কো। তাদের দাবি, সেনেগালের থেকে ট্রফি কেড়ে নেওয়া হোক। একইসঙ্গে তাদের নির্বাসনে পাঠানো হোক।
এই বিতর্কের মাঝে একজনই সকলের প্রশংসা কুড়োচ্ছেন। তিনি সেনেগালের কিংবদন্তী ফুটবলার সাদিও মানে। সাজঘরে চলে যাওয়া সেনেগালের ফুটবলারদের তিনি মাঠে ফাইনালের বাকি সময় খেলতে না ফেরালে, সেদিনই ট্রফি চলে যেত মরক্কোর দখলে, নির্বাসনের মুখে পড়ত সেনেগাল। সাদিও মানের এই আচরণের প্রশংসায় পঞ্চমুখ আল নাসরে তাঁর সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চ্যাম্পিয়ন হওয়ার পর সৌদি প্রো লিগে আল নাসর ক্লাবের হয়ে খেলার জন্য ফিরতে, সাদিও মানেকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন পর্তুগীজ তারকা রোনাল্ডো। সাদিও মানের সাফল্যের স্বীকৃতিতে কেক কেটে উৎসব পালন করেন ক্রিশ্চিয়ানো তাঁর সতীর্থরা।
সাদিও মানেকে তাঁর কাপ ফাইনালে খেলোয়াড়োচিত ভূমিকা ও পারফরমেন্সের জন্য বুকে জড়িয়ে ধরেন ক্রিশ্চিয়ানো। সকলের উপস্থিতিতে সাদিওকে ‘গ্রেট’ বলে তুলে ধরতে দ্বিধা করেননি তিনি। বলেছেন, আফ্রিকান নেশনস কাপ ফাইনালের পুরো ম্যাচটা দেখেছেন। একইসঙ্গে মানের ফাইনাল শেষ করার ব্যাপারে উদ্যোগ নেওয়া প্রশংসনীয় ভূমিকা। যা গোটা বিশ্বের ফুটবল পরিবারের কাছে একটা দৃষ্টান্ত। রোনাল্ডো ও আল নাসরে তাঁর সতীর্থদের এহেন ভালবাসায় অভিভূত মানে। তিনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, এটাই ছিল তাঁর শেষ আফ্রিকান নেশনস কাপে অংশগ্রহণ। ফিফা ২০২৬ বিশ্বকাপে সেনেগালের হয়ে খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত মানসিকভাবে নিয়ে ফেলেছেন। সেনেগালে তাঁর ভক্তরা ও কোচ অবশ্য চান দেশের ফুটবলের স্বার্থে মানে আরও কিছুদিন খেলা চালিয়ে যান।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
