Cart Total Items (0)

Cart

All Sports India
এএফসি এশিয়ান কাপ

অলস্পোর্ট ডেস্ক:‌ কাফা নেশনস কাপে গ্রুপের শেষ ম্যাচে বৃহস্পতিবার আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগে ভারতীয় ফুটবল শিবির জোর ধাক্কা খেল। ইরান ম্যাচে চোয়ালে চোট পাওয়ার কারণে তাজিকিস্তান থেকে ফিরে আসছেন ভারতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। এর অর্থ আফগানিস্তান ম্যাচে ভারতীয় রক্ষণের জমাট ভাবটা কিছুটা হলেও কমজোর থাকবে সন্দেশের অনুপস্থিতিতে।

তাজিকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয়ের ক্ষেত্রে ভারতীয় ব্যাক ফোরের দুরন্ত লড়াই ও গোলকিপার গুরপ্রীতের বিশ্বস্ত হাত জয় এনে দিয়েছিল। ফিফা ক্রমতালিকায় ২০ নম্বরে থাকা ইরানের বিরুদ্ধে ৫৯ মিনিট পর্যন্ত ম্যাচ গোলশূণ্য রাখার পিছনেও কৃতিত্ব ছিল সন্দেশ ঝিঙ্গান ও আনোয়ার আলি জুটির। আফগানিস্তান ম্যাচে সন্দেশকে পাবেন না ভারতীয় ফুটবল দলের কোচ খালিদ জামিল। স্বাভাবিকভাবেই রক্ষণ সংগঠন নতুন করে সাজানোর কাজটা করতে হবে খালিদকে। তাঁর হাতে চিঙ্গলেসানা আছেন। তবে তিনি কতটা আনোয়ার আলির সঙ্গে জুটি বেঁধে স্টপার পজিশনে ভরসা দিতে পারবেন বলা শক্ত। সেটা মাথায় রেখে রাহুল বেকেকে সাইড ব্যাক থেকে সরিয়ে স্টপারে খেলানোর পথে হাঁটতে পারেন খালিদ।

সন্দেশের এই চোটের কারণে ভারতীয় দলে থেকে ফিরে আসার খবরে মোহনবাগান সুপার জায়ান্ট শিবিরের হাত শক্ত করল। কাফা নেশনস কাপে খেলার জন্য ফুটবলার না ছাড়ার তত্ত্ব জোরালো হল। মোহনবাগান টিম ম্যানেজমেন্টের সঙ্গে ভারতীয় ফুটবল ফেডারেশনের চাপান উতোর তুঙ্গে ওঠে শুভাশিস বসুর চোট ঘিরে। মোহনবাগান ও শুভাশিস বসু যখন নিজে জানান, তাঁর চোট হয় ভারতীয় দলের শিবিরে থাকার সময় সন্তোষ ট্রফির বাংলা দলের বিরুদ্ধে প্র‌্যাকটিস ম্যাচ খেলার সময়, আর ফেডারেশন তাঁর চোট সারাতে কোনও উদ্যোগ নেয়নি, তখন ফেডারেশনের তরফে দাবি করা হয়, শুভাশিস ক্লাব ফুটবলে খেলার সময় চোট নিয়েই এসেছিলেন। সে যাই হোক, সন্দেশের চোট প্রমাণ করে দিল, মোহনবাগানের ফুটবল না ছাড়ার পিছনে যথেষ্ট যুক্তি আছে। তারা আগেই বলেছিল, কাফা নেশনস কাপ ফিফা উইন্ডোতে যেমন হচ্ছে না, তেমন তাদের ১৬ সেপ্টেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-‌র গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। তাই ফুটবলার ছাড়া সম্ভব নয়। সন্দেশের চোটে চিন্তা এফসি গোযার। তাদের ১৭ সেপ্টেম্বর আল জাওরার সঙ্গে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টুর ম্যাচ রয়েছে।

আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইরান ইতিমধ্যেই ২টো ম্যাচ জিতে ভাল জায়গায় রয়েছে। গ্রুপ শীর্ষে যাওয়া প্রায় নিশ্চিত, শেষ ম্যাচে ইরানকে হারিয়ে তাজিকিস্তান অঘটন না ঘটালে। তাজিকিস্তান প্রথম ম্যাচে ভারতের কাছে প্রথম ম্যাচে হারলেও আফগানিস্তানকে ২-‌০ গোলে হারিয়েছে। তাই এইমুহূর্তে ভারত ও তাজিকিস্তানের পয়েন্ট সমান, ৩ পয়েন্ট। তাই গ্রুপে দ্বিতীয় হয়ে তৃতীয়-‌চতুর্থ স্থানের লড়াই নিশ্চিত করতে আফগানিস্তানকে হারানো জরুরি ভারতীয় ফুটবল দলের। তবে ইরানের কাছে তাজিকিস্তান হারলে ড্রই যথেষ্ট। এএফসি এশিয়ান কাপ কোয়ালিয়ারের শেষ দুটি সাক্ষাতে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ফল মোটেই আশাপ্রদ নয়। তাই খালিদ জামিলের দলের পক্ষে আফগানিস্তানের গাঁট পেরোন সহজ হবে না।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *