মুনাল চট্টোপাধ্যায়: সিডনি টাউন হলে ২০২৬ অস্ট্রেলিয়া এএফসি মহিলা এশিয়ান কাপের মূল পর্বের ড্রয়ে অংশ নেওয়ায় ২৯ জুলাই মোহনবাগান দিবসের সংবর্ধনায় উপস্থিত থাকতে পারেননি ভারতীয় মহিলা ফুটবল দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার সঙ্গীতা বাসফোর। তবে আশা করা যায়, শুক্রবার ইস্টবেঙ্গল প্রতিষ্ঠা দিবসে ভারত গৌরব কিংবদন্তী পি আর শ্রীজেসের সঙ্গে সঙ্গীতাও সংবর্ধনা নিতে হাজির থাকবেন মঞ্চে।
থাইল্যান্ডের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের গ্রুপের শেষ ম্যাচে জোড়া গোল করে ভারতীয় মহিলা দলকে মূল পর্বে তোলা বাংলার মেয়ে সঙ্গীতার চোখে এখন বড় স্বপ্ন। সুনীলদের বিশ্বকাপ খেলার স্বপ্ন কবে পূরণ হবে বলা কঠিন। এশিয়ান কাপের মূল পর্বেই যেখানে সুনীলদের যাওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু সঙ্গীতাদের এই লক্ষ্যপূরণ ২০২৬ এশিয়ান কাপেই হতে পারে নিজেদের সেরাটা তুলে ধরতে পারলে। সঙ্গীতার চোখে এখন সেই স্বপ্নপূরণের অদম্য জেদ।
এশিয়ান কাপের শেষ ৪ দলের মাঝে থাকতে পারলেই, সরাসরি ২০২৭ ব্রাজিল মহিলা বিশ্বকাপে খেলার সুযোগ মিলবে ভারতের। শেষ ৪ দলে না থাকলেও, আরও দুটো সুযোগ থাকছে বিশ্বকাপ খেলা। লুজিং সেমিফাইনালিস্টের মধ্যে প্লেঅফ ম্যাচে বিজয়ী হয়ে। আর সর্বশেষ সুযোগ থাকছে, ইন্টারকন্টিনেন্টাল প্লেঅফ খেলে জিতে ব্রাজিল বিশ্বকাপ যাওয়ার।
এশিয়ান কাপের মূল পর্বে সঙ্গীতাদের প্রতিপক্ষ জাপান, ভিয়েতমান ও চাইনিজ তাইপে। সব দলই সঙ্গীতাদের তুলনায় ফিফা মহিলা ক্রমতালিকায় অনেকটা ওপরে। তবু মাঠে নামার আগেই হেরে বসতে থাকতে নারাজ জীবনযুদ্ধে লড়ে বর্তমান জায়গায় পৌঁছে যাওয়া সঙ্গীতা। বরং সিডনি টাউন হলে ৪ নম্বর পট থেকে ‘ ভারত’ লেখা কাগজটা তুলে ধরে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের দেশের নামটা উচ্চারণের মাধ্যমে সঙ্গীতা বুঝিয়ে দেন, লড়াইয়ের জন্য তাঁরা তৈরি।
রীতিমতো রোমাঞ্চিত সঙ্গীতা ড্রয়ে অংশ নিয়ে। জানালেন, ‘ সিডনি ড্রয়ে অংশ নেওয়াটা আমার কাছে একটা বিশেষ ঘটনা। এশিয়ান কাপটা দেখার পাশাপাশি ছোঁয়ার অভিজ্ঞতা অসাধারন। গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। যেখানে আমরা খেলবে, সিডনির সেই স্টেডিয়ামের মাঠে পা দেওয়ার অনুভূতিও ছিল অনন্য। মনে হচ্ছিল, এই বুঝি বল পায়ে ম্যাচ খেলতে নেমে পড়ব।’
ভারতের গ্রুপে থাকা জাপান, ভিয়েতনাম ও চাইনিজ তাইপে নিঃসন্দেহে শক্তিশালী, কিন্তু তারা কেউ সঙ্গীতাদের অপরিচিত নয়। সম্প্রতি এশিয়ান গেমসে চাইনিজ তাইপের কাছে হারলেও, ২০২১ ফ্রেন্ডলিতে তাদের হারিয়েছিল ভারতীয় মহিলা ফুটবল দল। ২০২৩ অলিম্পিক কোয়ালিফায়ারে ভিয়েতনাম ও জাপানের কাছে লড়ে হেরেছিল ভারত। তবু সঙ্গীতা মনে করেন, নিজেদের সেরা দিয়ে এদের বিরুদ্ধে জিতে ব্রাজিল বিশ্বকাপে খেলা যোগ্যতার্জন সম্ভব।
বলেন, ‘ অতীতে এই তিন দলের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা আছে। তাই কোনওসময় ভাবছি না, এদের আমরা হারাতে পারব না। অতীতের হার থেকে শিক্ষা নিয়ে তৈরি হতে চাই এবার। কোচ ক্রিসপিন ছেত্রীর নির্দেশ মেনে। আমরা যে এশিয়ান কাপের মূল পর্বে খেলব, সেটাই তো অনেকে ভাবেননি। আমরা সেটা করে দেখিয়েছি। এবার এশিয়ান কাপের মঞ্চেও সেরা দিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্নপূরণ করব। ম্যাচ ধরে ধরে এগোব লক্ষ্যের দিকে, নিজেদের আবেগ ধরে রেখে। এখন আমাদের প্রতিপক্ষকে জানি। সেইমতো হায়ার র্যাঙ্কিংয়ের দলের বিরুদ্ধে খেলে নিজেদের ক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার পথে হাঁটাব। অস্ট্রেলিয়ার মাঠে সেরা দিয়ে ব্রাজিল বিশ্বকাপের দরবারে পৌঁছে গোটা বিশ্বকে জানাতে চাই, ভারত ও ভারতের মেয়েরা ফুটবল খেলতে জানে শুধু নয়, ভাল ফুটবল তুলে ধরতে সক্ষম।’
এখন আমাদের সকলেই এটাই প্রার্থনা, সঙ্গীতাদের বিশ্বকাপে খেলার স্বপ্নপূরণ অন্তত হোক। যাতে ভারতীয় মহিলা দলের সাফল্যে উজ্জীবিত হয়ে জাতীয় সিনিয়র পুরুষ দল একদিন সে জায়গায় পৌঁছয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
