অলস্পোর্ট ডেক্স: কথাটা শুনতে অবাক লাগলেও, ব্যপারটা সত্যি। ২০২৬ বিশ্বকাপ শুরু হতে যখন ২ মাসের কম সময় বাকি, তখন সৌদি অবাক ছেঁটে ফেলেছে তাদের কোচ হার্ভি রেনার্ডকে। এতে বিশ্বকাপের ঠিক আগে এত অল্প সময়ে নতুন করে দল গোছানোর কাজটা বেশি কঠিন হবে রেনার্ডের জায়গায় আসা নয়া সৌদি কোচের পক্ষে। একইসঙ্গে সৌদি আরবের কোচ অপসারণের সিদ্ধান্ত ঘুম উড়েছে বিশ্বকাপে তাদের গ্রুপে থাকা অন্য দলগুলোর।
ব্যাপারটা একটু খোলসা করে জানালেই এটা পরিষ্কার হয়ে যাবে। ২০২৬ বিশ্বকাপে সৌদি আরবের সঙ্গে একগ্রুপে আছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে। স্বাভাবিকভাবে সৌদির কোচ হিসেবে রেনার্ডের গেম প্ল্যানিং মাথায় রেখে দীর্ঘসময় ধরে নিজের দলের কৌশল ঠিক করেছিলেন গ্রুপের বাকি তিন দলের কোচেরা। এখন রেনার্ডের অপসারণে তাঁদের সেসব পরিকল্পনা ভেস্তে যাওয়ার মুখে, বলতে গেলে একপ্রকার ঘেঁটে গেছে। কারণ এখন যিনি রেনার্ডের জায়গা সৌদির দায়িত্ব নেবেন, তাঁর কোচিং স্টাইল ও দল গঠন এক হবে না, এটা বলাই বাহুল্য। এর ফলে প্রতিপক্ষ দলের কোচদের আবার নতুন করে ভাবনা চিন্তা করতে হবে সৌদির মোকাবিলায়। এই অল্পসময়ে যেটা খুব কঠিন।
হার্ভি রেনার্ড প্রথম দফায় ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত সৌদি আরব জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন। সেসময় ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপের প্রথম ম্যাচে মেসির নেতৃত্বে থাকা আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় দফায় ২০২৪য়ে পুনরায় সৌদির কোচ হিসেবে ফিরে উল্লেখযোগ্য সাফল্য এনে দিতে পারেননি রেনার্ড। বিশেষ করে মিশরের কাছে ০-৪ ও সার্বিয়ার বিরুদ্ধে ১-২ গোলে হারে সৌদি আরব ফুটবল ফেডারেশনের কর্তারা রেনার্ডের ওপর আস্থা হারান। আর তাই ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত রেনার্ডকে আর কোচের পদে রাখতে চাননি। সরিয়েই দিয়েছেন।
কিন্তু বিশ্বকাপের ঠিক আগে একজন সরিয়ে দিয়ে নতুন কাউকে দায়িত্ব দিলেই যে তিনি বিশেষ জাদু মন্ত্রে সৌদিকে বিশ্বকাপে বিরাট সাফল্য এনে দিতে পারবেন এমন নয়। তাই বলে তো আর হাত পা গুটিয়ে বসে থাকা যায় না। জোরালো ভাবেই উঠে এসেছে সৌদি আরবের নতুন কোচ হিসেবে জর্জিয়স ডোনিসের নাম। ৫৬ বছর বয়সী গ্রিক ম্যানেজার ডোনিসের সৌদি আরবের ক্লাবে কোচিং করার দীর্ঘসময়ের অভিজ্ঞতা আছে। ইতিমধ্যেই সৌদির ৫টি ক্লাবে কোচিং করেছেন তিনি। বর্তমানে ডোনিস সৌদি প্রোলিগের ক্লাব আল-খালিজের দায়ত্বে রয়েছেন। দলটি এখন লিগ টেবিলের ১১ নম্বর স্থানে রয়েছে। তবে যদি শেষপর্যন্ত সৌদি আরবের কোচ হন, তবে কোনও জাতীয় দলের দায়িত্ব সামলাবেন প্রথমবার, তাও আবার সরাসরি বিশ্বকাপের মঞ্চে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
