অলস্পোর্ট জেস্ক: সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলের। বুধবারই ক্লেটন সিলভার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ক্লাব। তার আগে তিনি কোচ অস্কার ব্রুজোঁর সঙ্গে প্রকাশ্যে ঝামেলায় জড়িয়েছিলেন বার কয়েক। যা থেকে স্পষ্ট দলের অন্দরে এই মুহূর্তে বেশ টানাপড়েন চলছে। দলের শীর্ষ কর্তা যতই অতীতের উদাহরণ টেনে এনে বিষয়টিকে লঘু করার চেষ্টা করুক, তা যে বেশ গুরুতর তা খালি চোখেও দেখা যাচ্ছে। আর ক্লেটন বিদায়ের ২৪ ঘণ্টা কাটার আগেই আরও একটি বিদায়ের খবর আসছে ইস্টবেঙ্গলের তরফে, যদিও এখনও তারা সরকারিভাবে কিছু ঘোষণা করেনি। তবে জানা যাচ্ছে বিদায় জানানো হয়েছে দলের ফিজিও সেনেন ফার্নান্ডেজ আলভারেজকেও।
সেনেন কার্লেস কুয়াদ্রাত জমানার ফিজিও। যদিও কুয়াদ্রাতের বিদায়ের পরও থেকে গিয়েছিলেন তিনি। তবে পুরো মরসুম দলের প্লেয়াররা যেভাবে চোট আঘাতে ভুগেছেন তাতে এই ফিজিওর উপর থেকে ভরসা চলে গিয়েছে ক্লাব কর্তৃপক্ষের। শুধু যদি এটা হতো তাহলেও হয়তো তাঁকে সুপার কাপ পর্যন্ত সুযোগ দেওয়া হলেও হতে পারত। কিন্তু তাঁর বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ। তিনি নাকি, দলের মধ্যে লবি করতেন বলেও অভিযোগ রয়েছে। সব মিলে তাঁকে সরিয়ে দেওয়ার হয়তো সিদ্ধান্ত নিয়েছে ক্লাব।
এই পর্যন্ত তাও সব ঠিক ছিল। মাঝে মাত্র দুটো দিন, তার পরই শুরু হয়ে যাবে সুপার কাপ। গত মরসুমে ভুবনেশ্বরে এই সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল। ওটাই ছিল তাদের একমাত্র প্রাপ্তি। এবারও সব কিছু হাতছাড়া হয়ে যাওয়ার পর সেই সুপার কাপই পাখির চোখ হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গলের। হয়তো তাই আছে। কিন্তু দলের সমস্যা যে প্রতিদিনই বাড়ছে। ক্লেটন বিদায়ের পর এবার চোটের কবলে দলের আর এক বিদেশি সল ক্রেসপো।
দীর্ঘদিন চোটের জন্য মাঠের বাইরে ছিলেন ক্রেসপো। আধা মরসুম তো খেলতেই পারেননি তিনি। তার পর ফিরেছেন। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। আইএসএল-এ ন’নম্বরে শেষ করেছে ইস্টবেঙ্গল। এএফসিতেও স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। এবার সুপার কাপের আগে ক্রেসপোর চোট যদি গুরুতর হয় তাহলে আরও বড় চাপে পড়ে যাবেন অস্কার ব্রুজোঁ। দলের স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপো বাড়িতে পড়ে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। বৃহস্পতিবার পরীক্ষার পরই জানা যাবে চোটের পরিমাণ। এবার সুপার কাপে তিনিও যদি খেলতে না পারেন তাহলে ইস্টবেঙ্গলের হাতে বিদেশি আরও কমে যাবে। প্রথম ম্যাচেই তাদের ২০ এপ্রিল খেলতে হবে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
