Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ফুটবল ঘিরে অচলাবস্থা কাটাতে‌ প্রত্যাশামতোই বৃহস্পতিবার যৌথ প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টের সামনে হাজির হয়েছিল ভারতীয় ফুটবল ফেডারেশন ও এফএসডিএল। যার সারমর্ম হল, আগের ভাবনামতোই ভারতীয় ফুটবলের স্বার্থে, মাঠে বল গড়াতে, সকলের কথা মাথায় রেখে সেপ্টেম্বরে সুপার কাপ দিয়ে ২০২৫-‌২৬ মরশুম শুরু করবে এআইএফএফ। আইএসএল করার পরিকল্পনা ডিসেম্বরে। ভারতীয় ফুটবল ফেডারেশনের সংশোধিত সংবিধান নিয়ে সুপ্রিম কোর্ট তাদের রায়দানের চুড়ান্ত দিন ১ সেপ্টেম্বর ধার্য করেছে।

সুপ্রিম কোর্ট মাস্টার রাইটস এগ্রিমেন্টের ভবিষ্যত ও অবস্থান নিয়ে এআইএফএফ ও এফএসডিএলের যৌথপ্রস্তাবের বিষয়গুলি গুরুত্ব সহকারে শোনে। এইমুহূর্তে মাস্টার রাইটস এগ্রিমেন্ট নিয়ে এফএসডিএল নতুন করে কোনও বিতর্কে যেমন যাচ্ছে না, তেমন পুরোন চুক্তি নবীকরণের পথেও হাঁটছে না। বরং এফএসডিএল তাদের ২০১০ সালের ৮ ডিসেম্বরের প্রথম নেগোশিয়েশনের স্বত্ত্ব ছেড়ে দিচ্ছে। আর নো অবজেকশন দিচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশনকে একটি স্বচ্ছ, ওপেন, প্রতিযোগিমূলক গ্লোবাল টেন্ডার ডাকার জন্য। সেইমতো ভারতীয় ফুটবল ফেডারেশন ঘরোয়া লিগের জন্য নতুন গ্লোবাল টেন্ডার ইস্যু করবে। যার প্রসেস ১৫ অক্টোবরের মধ্যে শেষ হবে। এই ওপেন টেন্ডারে যে কেউ নতুন , এমনকি এফএসডিএলও অংশ নিতে পারে। ফেডারেশন জানিয়েছে, এটা ২০১১ ন্যাশানাল স্পোর্টস ডেভেলপমেন্ট কোড, ২০২৫ ন্যাশানাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট, এআইএফএফ সংবিধান, ফিফা ও এএফসির নিয়মাবলী মেনেই করা হবে।

একইসঙ্গে এফএসডিএলের ঘণিষ্ঠ সূত্র জানিয়েছে, ভারতীয় ফুটবলের ভালর স্বার্থে, তাদের বানিজ্যিক ক্ষতির কথা মাথায় না রেখে তারা সমস্ত পুরোন স্বত্ত্ব ছেড়ে দিয়ে এআইএফএফকে এনওসি দিচ্ছে নতুন গ্লোবাল টেন্ডার আহ্বান করতে। পুরোন এমআরএর শর্ত অনুযায়ী তারা ইতিমধ্যেই জুলাই থেকে সেপ্টেম্বরের কোয়ার্টারলি ফি ১২.‌৫ কোটি টাকা ভারতীয় ফুটবল ফেডারেশনকে দিয়েছে ১৮ আগস্ট। এখন নতুন পরিস্থিতিতেও তারা ফেডারেশনকে অক্টোবর থেকে ডিসেম্বরের মেয়াদের চুক্তির শেষ কিস্তির ১২.‌৫ কোটি টাকা অগ্রিম হিসেবে দিতে রাজি।

ভারতীয় ফুটবল ফেডারেশনের সংশোধিত সংবিধান তৈরি নিয়ে গড়িমসি ঘিরে ফিফার নির্বাসনের হুমকির চিঠি এসেছে। এমনকি এএফসিও বলেছে, ভারত তাদের সদস্যপদও হারাবে দ্রুত সমস্যার সমাধান না হলে। এটা মাথায় রেখেও সুপ্রিম কোর্টের বক্তব্য, তাঁরা সবকিছু শুনলেন। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। ঠিক সময়ে তাঁরা এব্যাপারে তাঁদের রায় দেবেন। আশা করা যায়, আগামী সপ্তাহের শুরুতে সম্ভবত সোমবারই সুপ্রিম কোর্টের শুনানিতে এই জট কাটার ইঙ্গিত মিলবে। তবে চুড়ান্ত রায়দানের বিষয়টি ১ সেপ্টেম্বর পর্যন্ত হাতে রেখেছে সুপ্রিম কোর্ট।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *