অলস্পোর্ট ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ করার আগ্রহ দেখিয়ে এমনিতেই ইওরোপের দেশগুলোর বিরাগভাজন হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জার্মান ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্তারা ইতিমধ্যেই দাবি করেছেন, ট্রাম্পের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ফিফা ২০২৬ বিশ্বকাপ বয়কট করা উচিত। ৮০ মস্কো অলিম্পিক্স বয়কট করেছিল আমেরিকা রাজনৈতিক কারণ দেখিয়ে। তাহলে ট্রাম্পের বর্তমান ভূমিকায় কেন তাঁরাই বা বিশ্বকাপ বয়কট করবেন না?
এনিয়ে বিতর্কের মাঝে নতুন সংযোজন ফিফার প্রাক্তন সভাপতি শেপ ব্লাটারের প্রতিক্রিয়া। দ্য গার্ডিয়েন পত্রিকায় ব্লাটার তাঁর মনোভাব ব্যক্ত করেছেন। তিনি পরামর্শ দিয়েছেন বিশ্বের ফুটবলভক্তদের। বরং বলা ভাল ব্লাটার সতর্ক করেছেন এই বলে, নিরাপত্তার কারণে বিশ্বের ফুটবল সমর্থকরা আমেরিকায় বিশ্বকাপের ম্যাচ দেখা থেকে বিরত থাকুন। তাঁর মতে, ট্রাম্প ও তাঁর লোকজনরা যেধরনের কথাবার্তা বলছেন, আচরণ করছেন, বিভিন্ন দেশের সমর্থকদের আমেরিকায় ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করছেন, ভিসা বাতিলের হুমকি দিচ্ছেন, তা সত্যি চিন্তার। এই অবস্থায় আমেরিকায় ম্যাচ দেখতে গিয়ে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে ফুটবল সমর্থকদের। তাঁর এই বক্তব্য সোশাল মিডিয়ায় পোস্ট করে তা ট্যাগ করে দিয়েছেন বর্তমান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সহ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও। আসলে গোটা বিশ্ব জেনে গেছে, ফিফা সভাপতি ইনফান্তিনো ভাল সম্পর্ক রেখে চলছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফিফা ২০২৬ বিশ্বকাপের ভালয় ভালয় আয়োজন সম্পন্ন করতে।
ব্লাটার ফিফা সভাপতি থাকাকালীন তাঁর সঙ্গে একসাথে কাজ করেছিলেন সুইশ অ্যান্টিকোরাপশনের আইনজীবি মার্ক পিথ। সম্প্রতি আমেরিকা ইমিগ্রেশন এজেন্টের হাতে প্রাণ যাওয়া এক প্রতিবাদী রেনে গুড ও আলেক্স প্রেতির প্রাণ যাওয়ার নিয়ে মার্ক পিথ একটি সুইশ পত্রিকায় সাক্ষাতকারে বলেছেন, যা দেখছি, তা খুবই উদ্বেগজনক। রাজনৈতিকভাবে ট্রাম্পনীতির বিরোধিতা করলেই, তাঁর ইমিগ্রেশন এজেন্টের হাতে প্রাণ যাচ্ছে মানুষের। সেখানে বিশ্বকাপের খেলা দেখতে আসা সমর্থকদের যে কী হাল হবে কে জানে? তার থেকে না আসাই ভাল।
মার্ক পিথের বক্তব্য, আমেরিকায় এসে হেনস্থা হওয়ার থেকে বাড়িতে বসে বিশ্বকাপ দেখলে অনেক বেশি নিরাপদ থাকবেন। বিশ্বকাপের খেলা স্বস্তিতে উপভোগ করবেন। আমেরিকার ইমিগ্রিশন অফিসারদের চরিত্র তো সকলের জানাই। কে বলতে পারে, সমর্থকরা আমেরিকায় পা দেওয়ার পর উষ্ণ অভ্যর্থনা পাবেন, নাকি নানা অজুহাতে গলা ধাক্কা খাবেন? বিমানবন্দরে পা রাখার পরমুহূর্তেই তাঁদের ঘরে ফেরার বিমান ধরিয়ে দেওয়া হলে অবাক হওয়ার কিছু নেই। যদি ভাগ্যবান হন, তাহলে আমেরিকার স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পাবেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
