সুচরিতা সেন চৌধুরী ○ ভুবনেশ্বর: রাত পোহালেই এএফসি কাপে দুই ভারতীয় দলের একে অপরকে ছাঁপিয়ে যাওয়ার লড়াই। মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ওড়িশা এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট। তার আগের দুপুরে স্টেডিয়ামের কনফারেন্স রুমে একপ্রস্থ কথার ঝড় উঠল। দুই কোচই স্ট্র্যাটেজি মেনে একে অপরকে এগিয়ে রাখলেন ঠিকই কিন্তু নিজেদের সেরাটা দেওয়ারও প্রতিশ্রুতি দিলেন। এদিন ওড়িশা কোচ জানিয়ে দিলেন দেশের প্রতিনিধিত্ব করছেন তাঁরা, তাই তাঁদের কাঁধে অনেক দায়িত্ব। দলের গোলকিপার অমরিন্দর সিং এক সময় সামলেছেন মোহনবাগানের তিন কাঠিও। তবে এখন তিনি ওড়িশার প্লেয়ার। তাই নিজের সেরাটাই দিতে চান দলের জন্য।
প্রশ্ন: এএফসি কাপে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে দলের প্রস্তুতি কেমন?
সের্জিও লোবেরা: আমরা এই ম্যাচের জন্য মুখিয়ে রয়েছি। আমরা চেষ্টা করব এই ম্যাচ না হারার, যদিও কম্পিটিশন কঠিন হবে। দেখা যাক কালকে কেমন দিন যায়।
প্রশ্ন: শিবিরের সবাই কতটা তৈরি?
অমরিন্দর সিং: পুরো দল উচ্ছ্বসিত এই ম্যাচ খেলতে নামার জন্য। আমি খুবই ভাগ্যবান এবং খুশি এই টিমে থাকার জন্য এবং আমরা পুরোপুরি তৈরি আগামীকালের ম্যাচের জন্য।
প্রশ্ন: এই প্রথমবার এএফসি কাপ খেলবে ওড়িশা এফসির জন্য কতটা তৈরি দল?
সের্জিও লোবেরা: হ্যাঁ, এটা প্রথমবার ঠিকই, তবে আমরা তৈরি চ্যালেঞ্জের জন্য। এটা সত্যিই একটা চ্যালেঞ্জ আমাদের কাছে। আমরা আমাদের সব রকমভাবে নিজেদের তৈরি করে নিয়েছি, কিন্তু আমার কাছে এটা খুবই আনন্দের এবং আমি খুবই উচ্ছ্বসিত এই টুর্নামেন্ট নিয়ে। আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে সেগুলো পূরণ করতে তৈরি আমরা।
প্রশ্ন: আপনি মোহনবাগানে খেলেছেন, যে কারণে সবাইকে খুব ভাল করে চেনেন, এটা কতটা সাহায্য করবে আপনাদের?
অমরেন্দ্র সিং: আমরা সবাই সবাইকে চিনি। একসঙ্গে খেলেছি, একে অপরের বিরুদ্ধে খেলেছি। কিন্তু আমার মনে হয় এখন আমাদের মূল কাজ হল নিজেদের উপর এবং নিজেদের গেমের উপর ফোকাস করা। ভাল করে ফুটবলটা খেলা।
প্রশ্ন: আপনি জানেন আপনার প্রতিপক্ষ দল সম্প্রতি ডুরান্ড কাপ জিতেছে, সেই দলে অনেক অভিজ্ঞ ফুটবলার রয়েছেন। আপনারা বিপক্ষ দলকে পরাস্ত করতে কী গেমপ্ল্যান থাকবে?
সের্জিও লোবেরা: হ্যাঁ আমরা জানি। মোহনবাগান এখন ভারতের অন্যতম সেরা দল গুলির মধ্যে একটি। তারা ভাল পরিকল্পনা করে নামে, তাদের ভাল খেলোয়াড় রয়েছে, তারা অনেক কঠিন ম্যাচ জিতেছে। আমি বলব আমাদের ম্যাচটাও কঠিন হতে চলেছে। আমি প্রতিটি দলকে সম্মান করি। তবে আমরাও তৈরি যে কোনও দলকে মাত দেওয়ার জন্য, সেটা মোহনবাগানই হোক কিংবা অন্য কোনও দল।
প্রশ্ন: আপনি এবং হুয়ান ফেরান্দো উভয়ই ফুটবলের সফল কোচ, আপনার কেমন লাগছে তাঁর সঙ্গে লড়াইটা আপনি কতটা উপভোগ করছেন?
সের্জিও লোবেরা: জুয়ান খুব ভাল কোচ। হ্যাঁ আমরা একে অপরকে ভালোভাবেই চিনি, ও ডুরান্ডে খুব ভাল ফল করেছে। কিন্তু শেষে আমরা দু’জনে আলাদা দলের কোচ। আমরা আমাদের নিজেদের দলকে সেরা করার জন্য লড়ব এবং আমরা তৈরি ফেরান্দোর টিমের সঙ্গে লড়াই করতে।
প্রশ্ন: ডিয়েগো মৌরোসিও এবং রয় কৃষ্ণা, তারা আইএসএলের সবচেয়ে সফল স্ট্রাইকারদের মধ্যে রয়েছে। আপনার তাঁদের নিয়ে কী পরিকল্পনা?
সের্জিও লোবেরা: আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, কোনও একজনের উপর ফোকাস না করে গোটা দলে তারা কতটা পারফর্ম করছে সেটার ওপর ফোকাস করা। আমাদের নিঃসন্দেহে ভাল প্লেয়ার রয়েছে। তারা সবাই ভাল খেলে। আমার কাজ হল কোচ হিসেবে তাদেরকে তৈরি করা।
প্রশ্ন: কলিঙ্গ স্টেডিয়াম আপনাদের চেনা। ওড়িশা এফসির হোম গ্রাউন্ড। হোম গ্রাউন্ডের সুবিধে তো অনেকটাই আপনাদের দিকেই থাকবে?
সের্জিও লোবেরা: হ্যাঁ আমি মানছি মাঠ আমাদের চেনা। যার ফলে আমাদের সুবিধা হবে এই ম্যাচ খেলতে। আমার মনে হয় এটা একটা ভাল সুযোগ দেখা যাক কাল আমরা কতটা কী করতে পারি। আমি কোনওরকম প্ল্যান বা কিছু নিয়ে ভাবছি না আমি শুধুমাত্র খুব আনন্দের সঙ্গে খেলতে চাই।
প্রশ্ন: আপনারা সদ্য থাইল্যান্ড থেকে ফিরলেন এবং এখন ভুবনেশ্বরে, দলের পরিস্থিতি কিরকম এবং আপনাদের মোহনবাগানকে হারানোর কোনও স্ট্র্যাটেজি বা প্লান আছে কি?
সের্জিও লোবেরা: আমরা তৈরি পরিকল্পনাকে কাজে লাগানোর জন্য। ছেলেরাও স্বস্তিতে রয়েছে। আমাদের ম্যাচের উপর দখল রাখতে হবে। আমাদের হাতে অল্প সময়। তার মধ্যে অবশ্যই বিশ্রামও দরকার। কিছুদিনের মধ্যেই আমাদের চেন্নাইয়ে ম্যাচ আছে কিন্তু আমাদের প্রথম ম্যাচ ভুবনেশ্বরে হওয়াতে আমরা খুশি। দিন শেষে আমাদের প্রধান উদ্দেশ্য হল ভাল ফুটবল খেলা।
প্রশ্ন: সের্জিও লোবেরার মতো কোচের অধিনে খেলার অভিজ্ঞতা কেমন?
অমরেন্দর সিং: আমার মনে হয় আমরা যখন থেকে তার প্রশিক্ষণে খেলা শুরু করেছি, আমাদের কাছে একজন কোচের থেকেও বেশি তিনি সিনিয়র। তিনি আমাদের কিভাবে খেলতে হয় সেখানে কিভাবে প্ল্যান করতে হয় এবং সবচেয়ে বড় কথা, আমাদের জিজ্ঞাসা করেন আমাদের কিভাবে খেলা উচিত? অন্যান্য কোচেরা হয়তো প্লেয়ারদের বলে দেন কিভাবে কী করতে হবে কিন্তু আমাদের কোচ আমাদের সঙ্গে বসে আলোচনা করেন। যেটা খুব ভাল লাগে আমাদের।
প্রশ্ন: এএফসি কাপে খেলা কতটা চাপের?
সের্জিও লোবেরা: অনেকটা দায়িত্ব কারণ আমরা ভারতের প্রতিনিধিত্ব করছি তাই আমাদের সেরাটা দিতে হবে। এখানে দেশের স্বার্থ জরিয়ে রয়েছে।
প্রশ্ন: কোচ যেমন বললেন দেশের প্রতিনিধিত্ব করা সব সময়ই চাপের, আপনিও কি তাই মনে করেন?
অমরিন্দর সিং: হ্যাঁ আমারও তাই মনে হয়। কালকে দুই দলই ভারতের হয়ে খেলবে, ভারতের জন্য খেলবে। আমরা তৈরি মোহনবাগানের মুখোমুখি হওয়ার জন্য।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
