অলস্পোর্ট ডেস্ক: রবিবার মহিলা বিশ্বকাপ-এ ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে স্পেন। কিন্তু সেই শিরোপা জয়ের উচ্ছ্বাসকে ছাড়িয়ে এখন সমালোচনার বিষয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘চুম্বনকাণ্ড’। ফাইনালে জয়ের পর যখন মেয়েদের দলের ফুটবলাররা একে একে স্টেজে উঠছিলেন সেই সময় সকলকেই জড়িয়ে ধরে চুম্বন করছিলেন স্পেনের ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। আনন্দে আপ্লুত হয়ে কয়েকজনকে কোলেও তুলে নেন তিনি। যদিও স্পেনের সংস্কৃতি অনুযায়ী এটি স্বাভাবিক দৃশ্য। তবে জেনিফার হারমোসের সঙ্গে কিছুটা বাড়াবাড়ি করে ফেলেছেন তিনি। স্টেজে ওঠার পর তাঁকে জড়িয়ে ধরে ঠোঁটে চুম্বন করে বসেন তিনি। লুইসের এমন কান্ড ঘটানোর পর থেকে শুরু হয়েছে তীব্র সমালোচনা। যদিও সমাজ মাধ্যমে লুইস একটি ভিডিও পোস্ট করে বলেছেন, ‘‘আমার ভুল হয়েছে, এটা আমার আগেই বোঝা উচিত ছিল।’’ তিনি আরও বলেছেন, ‘‘এই ঘটনার পিছনে কোনও খারাপ উদ্দেশ্য ছিল না, আমরা আনন্দের মুহূর্তটি নিছকই উপভোগ করার জন্য এটা করেছিলাম। এটি বাইরে থেকে খুবই স্বাভাবিক একটি ব্যাপার ছিল। তবে এটা অনেক বড় প্রভাব ফেলেছে।’’
‘‘আমার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনও উপায় নেই এবং এই বিষয়টি থেকে আমি শিক্ষা নিলাম। বিশেষ করে আরও খেয়াল রাখতে হবে যখন আমি একটা ফেডারেশনের সঙ্গে যুক্ত,’’ বলেছেন স্প্যানিস ফুটবল ফেডারেশনের সভাপতি। তিনি ঘটনাটিকে ‘বোকামি’ বলে চিহ্নিত করেছেন।
স্পেনের ভারপ্রাপ্ত মন্ত্রী মিকেল আইসেটা পাবলিক রেডিওতে বলেছেন, ‘‘আমি মনে করি একজন খেলোয়াড়কে অভিনন্দন জানাতে ঠোঁটে চুম্বন করাটা ঠিক গ্রহন যোগ্য নয়।’’ তিনি আরও বলেছেন, ‘‘লুইসকে প্রথমে এমনটা করার কারণ বলতে হবে, তারপরই তাঁর ক্ষমা গ্রহনযোগ্য হবে। তাছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে এই জয় খুবই আবেগের একটি মুহূর্ত, সরকারি কর্মকর্তাদের সতর্ক হওয়া উচিত, কারণ এই সময় আমরা সমাজের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি। বার্তাটি সমান অধিকার এবং সম্মানের।’’
রবিবার জেনিফার হারমোস সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিওটির উদ্দেশ্যে বলেছেন, ‘‘আমি এটা মোটেও উপভোগ করিনি।’’ যদিও রবিবার ফেডারেশনের তরফ থেকে হারমোসাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘‘এটি বিশ্বকাপ জেতার আনন্দে একটি স্বতঃস্ফূর্ত আচরণ ছিল।’’
হারমোসা আরও জানিয়েছেন যে প্রসিডেন্ট এবং তাঁর মধ্যে সুসম্পর্ক আছে। ‘‘তাঁর আমাদের সকলের প্রতি ব্যবহারই খুবই স্নেহের এবং বন্ধুত্বপূর্ন।’’
গত বছর ডিসেম্বরে স্পেন বিশ্বকাপের প্রস্তুতির সময় দলের ১৫ জন খেলোয়াড় ফেডারেশনকে মেল পাঠিয়ে জানিয়েছিলেন যে তাঁরা দলের হয়ে খেলতে চান না,কোচের ব্যবহার অত্যন্ত রুক্ষ। যদিও সেই সময় রুবিয়ালেস কোচ ভিল্ডাকে সমর্থন করেছিলেন। এবং ওই ১৫ জনকে বিশ্বকাপের জন্য পুনরায় ডেকে পাঠানো হয়েছিল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
