Cart Total Items (0)

Cart

All Sports
শুভাশিস বসু

অলস্পোর্ট ডেস্ক: ডুরান্ডে খুব আশানুরূপ ফল না হলেও মোহনবাগান পৌঁছে গিয়েছে কোয়ার্টার ফাইনালে। তার মাঝেই খেলতে হয়েছে এএফসি কাপের প্রিলিমিনারি পর্বের ম্যাচ। জোড়া প্রতিযোগিতায় রীতিমতো নাস্তানাবুদ অবস্থা কলকাতার এই দলের। তার মধ্যেই এএফসি কাপের গ্রুপ পর্বে পৌঁছে গিয়েছে মোহনবাগান। রবিবার নামতে হচ্ছে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। যদিও মুম্বই চিরকালই মোহনবাগানের শক্ত গাঁট। তবে দলের অধিনায়ক শুভাশিস বসু আত্মবিশ্বাসী ফল বদলের জন্য। তাঁর অধিনায়কত্বেই সেই বদলটা চান তিনি।

শুভাশিস বসু বলেন, ‘‘মুম্বই যেমন শক্তিশালী, আমরাও এবার যথেষ্ট শক্তিশালী। ওদের দলে যেমন জাতীয় দলের অনেক ফুটবলার আছে, আমাদের দলেও। দু’দলের বিদেশিরাই যথেষ্ট শক্তিশালী। অনেকদিন মুম্বইয়ের বিরুদ্ধে জিতিনি আমরা। আমি চাই আমার অধিনায়কত্বে চাকাটা উল্টোদিকে ঘুরতে শুরু করুক।’’

তিনি বলেন, ‘‘শেষ দু’টি ম্যাচে আমরা ছয় গোল করেছি। এবং দুটোই বিদেশি দলের বিরুদ্ধে। তবে গোল অক্ষত রাখতে পারিনি। মুম্বই ম্যাচে গোল অক্ষত রেখে ফিরতে হবে এই শপথ নিয়েই নামব। এবং জেটা করতে গেলে মাঝমাঠ আরও জমাট করতে হবে। রক্ষণের উপর চাপ যাতে কম পড়ে। আমরা নতুন ফর্মেশনে খেলছি। সেটা সড়গড় হতে একটু সময় লাগছে।’’

‘‘আমাদের দলের অনেকেই নতুন। তাই হয়তো কোথাও কোথাও সমস্যা হচ্ছে। হেক্টর তো কলকাতায় এসে একদিনও বিশ্রাম না পেয়ে মাঠে নেমে বেশ ভালোই খেলেছে। সব থেকে বড় কথা কামিন্স-সাদিকুরা গোল পেয়েছে। এটা ভাল দিক। মুম্বইয়ের উইং আক্রমণ যেমন শক্তিশালী, আমাদের উইংও যথেষ্ট ভাল খেলেছে ঢাকা আবাহনীর বিরুদ্ধে।’’

মুম্বই সম্পর্কে তিনি বলেন, ‘‘মুম্বইয়ের সেট পিস ভাল। ওদের কোথায় কোথায় গলদ আছে সেটা আমাদের কোচেস টিম বা ভিডিও অ্যানালিস্টরা নিশ্চয়ই দেখে নিয়েছে। কোচ যেভাবে রণনীতি ঠিক করে দেবেন রবিবার সেভাবেই মাঠে নামব তবে ম্যাচটা আমাদের একশো শতাংশ দিয়ে জিততে চাই।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *