Cart Total Items (0)

Cart

All Sports
সুনীল ছেত্রী

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ফুটবল যে গত সাত-আট বছরে অনেক বদলেছে এবং উন্নতিও করেছে, এই নিয়ে তাঁর মনে কোনও সন্দেহ নেই। কিন্তু এই সময়ে ঠিক কতটা উন্নতি করেছে এ দেশের ফুটবল ও ফুটবলাররা, বিশ্বের সর্বোচ্চ স্তরের দলগুলির চেয়ে ঠিক কত ধাপ পিছিয়ে রয়েছে তারা, তা বোঝা যাবে আসন্ন এশিয়ান কাপেই, মনে করেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী ।

আগামী শনিবার থেকে তাদের পঞ্চম এশিয়ান কাপের অভিযান শুরু করছে ভারত। প্রথম ম্যাচে তাদের মুখোমুখি অস্ট্রেলিয়া, ফিফা ক্রমতালিকায় যাদের স্থান ২৫ নম্বরে। সেখানে ভারত রয়েছে ১০২ নম্বরে। প্রথম ম্যাচেই ভারত টুর্নামেন্ট শুরু করছে টুর্নামেন্টের অন্যতম সেরা দলের বিরুদ্ধে। যেমনটা করেছিল ২০১১-য়। সে বারও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে চার গোলে হেরে এশিয়ান কাপ অভিযান শুরু করেছিল ভারত।

তবে এ বার পরিস্থিতি অন্য রকমের, মনে করেন আশাবাদী সুনীল। সে বারও ভারতীয় দলে থাকা তারকা ফরোয়ার্ড বলেন, “২০১১-য় অস্ট্রেলিয়ার ফুটবল সম্পর্কে আমাদের খুব বেশি জানা ছিল না। এখন ওদের সম্পর্কে যতটা বিস্তারিত ভাবে জানি, সেই তুলনায় তখন কিছুই জানতাম না আমরা। প্যালেস্টাইন ও বাহরিনের বিরুদ্ধে ওদের ফ্রেন্ডলি ম্যাচগুলো দেখেছি আমরা। ওদের কোন খেলোয়াড় কোন লিগে খেলে, তাও আমরা এখন জানি। প্রত্যেকের ক্লিপিং আলাদা করে দেখেছি আমরা। এ সবের ফলে আমাদের মধ্যে সব রকমের ভয় কেটে গিয়েছে। স্বীকার করতেই হবে, ওরা খুবই ভাল দল। আমরা আইএসএলে যে ফুটবল খেলি, তার চেয়ে ওরা অন্তত দু’ধাপ এগিয়ে রয়েছে। কিন্তু আমরা অন্তত জানি যে ঠিক কীসের মুখোমুখি হতে চলেছি আমরা”। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে কথাগুলি বলেন তিনি।

১৮ জানুয়ারি ভারতীয় দল তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। প্রথম দুটি ম্যাচই হবে আল রায়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে। লিগ পর্বে তাদের শেষ ম্যাচ ২৩ জানুয়ারি, আল খোরের আল বায়েত স্টেডিয়ামে।

ফিফা ক্রমতালিকায় সিরিয়া ও উজবেকিস্তান রয়েছে যথাক্রমে ৯১ ও ৬৮ নম্বরে। অর্থাৎ এই গ্রুপে সুনীলরাই ক্রমতালিকায় সবচেয়ে পিছিয়ে থাকা দল। ভারত কেমন ফল করতে পারে, সেই বিষয়ে যতটা না বেশি ভাবছেন দলনেতা, তার চেয়ে তিনি বেশি উত্তেজিত মহাদেশের সেরা দলগুলির সঙ্গে মাঠে নেমে খেলতে পারার সুযোগ পাওয়ার জন্য। তিনি বলেন, “আমাদের কাছে এটা বিশাল টুর্নামেন্ট। কারণ, এশিয়ার সেরাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার সুযোগ পাব আমরা। অস্ট্রেলিয়া, উজবেকিস্তান তো বিশ্বকাপ স্তরের দল। ওদের বিরুদ্ধে নিজেদের পরখ করে দেখার সুযোগ পাব আমরা”।

তিনি দেখেত চান গত কয়েক বছরে ভারতীয় ফুটবল উন্নতি করে ঠিক কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। বলেন, “আমরা অবশ্যই গত সাত-আট বছরে নিজেদের অনেক উন্নত করে তুলেছি। এ বার ওদের বিরুদ্ধে খেললে বোঝা যাবে ওদের চেয়ে ঠিক কত দূরে আছি আমরা আর বিশ্ব ফুটবলের গতিপ্রকৃতিই বা কী রকম। তাই আমাদের এখানে সেরাটা উজাড় করে দেওয়া খুবই জরুরি”।

এই টুর্নামেন্টে মোট ছ’টি গ্রুপে ভাগ করা হয়েছে ২৪টি দলকে। ভারত রয়েছে গ্রুপ বি-তে। তাজিকিস্তান, লেবানন, চীন ও আয়োজক কাতার গ্রুপ এ-তে রয়েছে। গ্রুপ সি-তে রয়েছে হংকং চীন, প্যালেস্তাইন, সংযুক্ত আরব আমিরশাহী ও ইরান। ইন্দোনেশিয়া, ইরাক, জাপান ও ভিয়েতনাম রয়েছে গ্রুপ ডি-তে। মালয়েশিয়া, বাহরিন, জর্ডন ও দক্ষিণ কোরিয়া পরষ্পরের বিরুদ্ধে মাঠে নামবে গ্রুপ ই থেকে নক আউট পর্বে যাওয়ার জন্য এবং গ্রুপ এফ-এ রয়েছে থাইল্যান্ড, কিরগিজ রিপাবলিক, ওমান ও সৌদি আরব।

প্রতি গ্রুপ থেকে সেরা দু’টি দল প্রি কোয়ার্টার ফাইনালে উঠবে। ভারত তাদের গ্রুপে সেরা দুইয়ে থাকতে পারবে কি না, সেটাই দেখার। অবশ্য ছ’টি গ্রুপের তিন নম্বর দলগুলির মধ্যে সেরা চারটির মধ্যে থাকলেও ১৬ দলের নক আউট রাউন্ডে খেলার যোগ্যতা পাওয়া যাবে। সে জন্য ভারতকে গ্রুপ পর্বে তিনটির মধ্যে অন্তত দু’টি ম্যাচে জিততে হবে।

এ রকম একটি টুর্নামেন্টে কী ভাবে এগোতে চান তাঁরা, জানতে চাইলে সুনীল বলেন, “প্রতিটা ম্যাচ ধরে ধরে এগোবো আমরা এবং খুবই ভাল খেলার চেষ্টা করব। যথাসম্ভব ভাল প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি, যথাসম্ভব বেশি তথ্য জানার চেষ্টাও করছি এবং সেই অনুযায়ীই এগোনোর চেষ্টাই করব”।

দল ঠিক কী অবস্থায় রয়েছে, তা জানতে চাইলে ভারত অধিনায়ক জানান, “গত সপ্তাহে আমরা প্রচুর পরিশ্রম করেছি। আমাদের অনেকেরই ফিটনেসে আরও উন্নতি হয়েছে। কয়েকজনের ছোটখাটো চোট ছিল, যেগুলো অনেক সেরে উঠেছে। সবাইকেই ফোকাসড মনে হচ্ছে। দলের ছেলেদের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছে, তা অসাধারণ”।

গত ১৯ বছরের ফুটবল জীবনে তিনি ভারতের জার্সি গায়ে ১৪৫ বার মাঠে নেমেছেন। ৯৩ গোলও করেছেন, যে সংখ্যা তাঁকে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ওপরের দিকে জায়গা করে দিয়েছে। ৩৯ বছর বয়সেও আঠারোর তাজা তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে কী করে খেলে যাচ্ছেন সুনীল ছেত্রী, তা শুধু ভারতীয়দের জিজ্ঞাসা নয়, সারা দুনিয়ার ফুটবলপ্রেমীদেরও প্রশ্ন।

তাঁকেও বারবার এই প্রশ্নের মুখোমুখি হতে হয়। যার উত্তরে সুনীল বলেন, “এশিয়ান কাপ ও আফাগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ নিয়ে আমার স্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল। ওর মনে হচ্ছে এই ম্যাচগুলো নিয়ে আমি একটু বেশিই চাপ নিয়ে ফেলছি। ও আমাকে বলে, ‘মাঠে নেমে খেলাটাকে উপভোগ করো। তুমি ফুটবল খেলা শুরু করেছিলে, ফুটবলকে ভালবাস বলে’।

আমরা যখন ছোটবেলায় ফুটবল খেলতাম, তখন খুব মজা হত বলেই খেলতাম। কিন্তু যখন পেশাদার হয়ে উঠি, তখন আশেপাশের চিৎকার, প্রত্যাশা ও হার-জিতের চাপে নুইয়ে পড়ি। মাঝে মাঝে ভুলে যাই, কেন খেলাটা শুরু করেছিলাম। ফুটবলের সেই ভাললাগাটা যেন হারিয়ে গিয়েছে। মাঠে নেমে ফুটবলকে উপভোগ করার মানসিকতাটাই সবচেয়ে জরুরি। অবশ্যই আমাদের শৃঙ্খলা বজায় রাখতে হয় এবং ফুটবলের জন্য প্রয়োজনীয় সব কাজই করতে হয়। নিজের কর্তব্যগুলো ভোলা যায় না। কিন্তু সব কিছু সত্ত্বেও যে কাজটা করছি, সেটা উপভোগ করা প্রয়োজন এবং করিও। জাতীয় দলের জার্সি পরে আর যতদিনই খেলি না কেন, একই ভাবে খেলে যেতে চাই আমি”।   

 তবে বাবা হওয়ার পরে মানুষ সুনীল ছেত্রী অনেক শান্তশিষ্ট হয়ে গিয়েছেন বলে তিনি নিজেই জানিয়েছেন। বলেন, “এখন আমি অনেক খুশি এবং শান্তশিষ্ট। বাবা হওয়ার পর থেকে মনে হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য ও দায়িত্বগুলো পাল্টে গিয়েছে। এগুলো ঠিক বলে বোঝাতে পারব না। আমার স্ত্রী আমাদের জীবনের সবচেয়ে কঠিন কাজগুলোর দায়িত্ব নিয়ে নেয়, যাতে আমি এখানে এসে নিশ্চিন্তে অনুশীলন করতে পারি, ম্যাচ খেলতে পারি এবং আট ঘণ্টা নিশ্চিন্তে ঘুমোতে পারি। আমার আগে যারা বাবা হয়েছে, তারা অনেকেই আমাকে এই নিয়ে অনেক কিছু বলেছিল। কিন্তু তখন তাদের কথা বুঝিনি। তবে অবশ্যই এখন জীবনে আমি অনেক শান্ত, পরিচ্ছন্ন ও খুশি”। এই পাল্টে যাওয়া সুনীল ছেত্রী আসন্ন এশিয়ান কাপে ভারতীয় দলের ওপর কতটা প্রভাব ফেলতে পারেন, সেটা অন্যতম আকর্ষণীয় এক বিষয়।    

ভারতের অনেক ফুটবলপ্রেমীই কাতারে যাচ্ছেন ভারতীয় দলের এই এশীয় অভিযান দেখতে। থাকবেন আইএসএলের প্রতিনিধিও। তবে আপনি যদি ঘরে বসেই ভারতীয় দলের ম্যাচ দেখতে চান ও তাদের জন্য গলা ফাটাতে চান, সেই ব্যবস্থাও করে রেখেছে স্পোর্টস ১৮ ও জিও সিনেমা। টিভিতে সরাসরি ভারতের ম্যাচগুলি সম্প্রচার করবে স্পোর্টস ১৮ এবং আপনার মোবাইলে জিও সিনেমা অ্যাপ ডাউনলোড করে ম্যাচগুলি সরাসরি দেখতে পাবেন।    

(লেখা আইএসএল ওয়েব সাইট থেকে)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *