অলস্পোর্ট ডেস্ক: অধিনায়ক সুনীল ছেত্রী, সিনিয়র ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গন এবং গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু এশিয়ান গেমসে ২০২৩ খেলতে যাচ্ছেন ভারতীয় দলের সঙ্গে। মঙ্গলবার আসন্ন এশিয়ান গেমসের জন্য ২২ সদস্যের ভারতীয় পুরুষ ফুটবল দলে জায়গা করে নিলেন তিন জনই। গেমসের আয়োজক শহর চিনের হ্যাংঝৌতে ভারতীয় ফুটবল দলের যাওয়া নিয়ে রীতিমতো টানাপড়েন ছিল একটা সময় পর্যন্ত। তার পর সেই সমস্যা মিটে গেলেও নতুন সমস্যা দেখা দেয় তিন সিনিয়র ফুটবলারকে পাঠানো নিয়ে। এই তিন ফুটবলারের নাম পাঠানোই হয়নি এশিয়ান গেমসের জন্য। তবে মনে করা হচ্ছে শেষ পর্যন্ত সমস্যা মিটেছে।
জানা গিয়েছে এই ভারতীয় দলের জন্য এশিয়ান গেমস আয়োজক এবং এশিয়া অলিম্পিক কাউন্সিলের কাছ থেকে অনুমোদন পাওয়া গিয়েছে। একটা সময় পর্যন্ত ভারতীয় ক্রীড়ামন্ত্রকের নিয়ম অনুযায়ী এশিয়ার মধ্যে সেরা আটে না থাকলে কাউকে এশিয়ান গেমসে না পাঠানোর সমস্যার জড়িয়ে পড়েছিল ভারতীয় ফুটবল।
পরে এআইএফএফ-এর আবেদনের পর মন্ত্রক মানদণ্ড শিথিল করে পুরুষ ও মহিলা দুই ভারতীয় ফুটবল দলকেই এশিয়ান গেমসে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়। প্রধান কোচ স্টিম্যাচও এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়েছিলেন। আপাতত সব সমস্যার সমাধান হল বলেই মনে করা হচ্ছে।
ভারতীয় পুরুষ দল এ’ গ্রুপে আয়োজক চিন, বাংলাদেশ এবং মায়ানমারের সঙ্গে রয়েছে। ২৩টি দল রয়েছে, যাদেরকে ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ, বি, সি, ই এবং এফ-এ চারটি করে দল রয়েছে এবং গ্রুপ ডি-তে তিনটি দল রয়েছে।
দু’বারের এশিয়ান গেমস চ্যাম্পিয়ন ভারত ন’বছরের মধ্যে প্রথমবারের মতো মহাদেশীয় গেমসের ফুটবল ইভেন্টে অংশ নিচ্ছে। এশিয়ান গেমসের ফুটবল প্রতিযোগিতাটি অনূর্ধ্ব-২৩ দলের কিন্তু গেমস আয়োজনে এক বছরের বিলম্বের কারণে, আয়োজকরা ২৪ বছর বয়সীদের অংশগ্রহণের অনুমতি দিয়েছে, জন্মের কাট-অফ তারিখ নির্ধারণ করা হয়েছে। জানুয়ারী ১, ১৯৯৯-এ। এই দলে খেলতে পারবেন তিন জন ২৩ ঊর্ধ্ব ফুটবলার।
জাতীয় ফুটবল দল জাকার্তায় ২০১৮ এশিয়ান গেমসে থেকে খেলেনি।
ভারতী দল
গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, গুরমিত সিং, ধীরাজ সিং মইরাংথেম।
ডিফেন্ডার: সন্দেশ ঝিঙ্গন, আনোয়ার আলি, নরেন্দ্র গেহলট, লালচুংনুঙ্গা, আকাশ মিশ্র, রোশন সিং, আশিস রাই।
মিডফিল্ডার: জিকসন সিং, সুরেশ সিং ওয়াংজাম, আপুইয়া রালতে, অমরজিৎ সিং কিয়াম, রাহুল কেপি, নওরেম মহেশ সিং।
ফরোয়ার্ড: শিব শক্তি নারায়ণন, রহিম আলি, সুনীল ছেত্রী, অনিকেত যাদব, বিক্রম প্রতাপ সিং, রোহিত দানু।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
