Pho
অলস্পোর্ট ডেস্ক: সন্তোষ ট্রফিতে বাংলা ফুটবল দলের বিজয়রথের দৌড় অব্যাহত। রবিবার আসামের ঢাকুয়াখানার মাঠে তৃতীয় ম্যাচে বাস যাত্রার ধকল ও পরপর ম্যাচ খেলার ক্লান্তি নিয়েও ৮৯ মিনিটে সুপার সাব সায়ন ব্যানার্জির গোলে রাজস্থানকে হারিয়ে সন্তোষ ট্রফির শেষ আটে গেল বাংলা। গত ম্যাচের মতো রাজস্থান ম্যাচে নরহরি শ্রেষ্ঠা ও সায়ন ব্যানার্জিকে পরে নামিয়ে ম্যাচ বের করে নিলেন কোচ সঞ্জয় সেন।
৮০ কিলোমিটারের ওপর বাসে পথ পেরিয়ে খেলতে নেমে প্রথম ম্যাচে নাগাল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে অভিযানে শুরু করেছিলেন কোচ সঞ্জয় সেনের ফুটবলাররা। দ্বিতীয় ম্যাচে উত্তরাখন্ডের বিরুদ্ধে ৯৭ মিনিটের গোলে জিতলেও বাংলা কোচ সঞ্জয় সেনের গলায় কোনও উদ্বেগ ধরা পড়েনি। বরং বলেছিলেন, রাজস্থানের বিরুদ্ধে পরের ম্যাচও কঠিন হবে। কারণ এই দলগুলো গাজোয়ারি ফুটবল খেলে, একইসঙ্গে রক্ষণ জমাট করে খেলবে গোল বাঁচাতে। তার থেকেও বড় কথা, ফুটবলারদের সঞ্জয় বলেছিলেন, চাপ নেওয়ার কোনও প্রয়োজন নেই। কোনও ম্যাচে ১ মিনিটে গোল আসতে পারে, কোনও ম্যাচে শেষ মিনিটে। হাল ছাড়লে চলবে না, তার সঙ্গে খেলার শেপ ও শৃঙ্খলা। একটা ম্যাচে খারাপ ফল হলেও কিছু যাবে আসবে না। কারণ দু’টো গ্রুপ থেকে ৪ টি করে দল, অর্থাৎ মোট ৮ দল কোয়ার্টারফাইনালে উঠবে। তার নির্দেশমতো খেলে ফল পেল বাংলা দল।
রাজস্থানের বিরুদ্ধেও কোচ সঞ্জয় সেন প্রথম একাদশে নরহরি বা সায়নকে নামাননি। পরে গোল আসছে না বলে বদলি হিসেবে নামাতেই বাজিমাত। প্রথমার্ধে রাজস্থান গোল পেতে ঝাঁপিয়েছিল। তবে বাংলার গোলকিপার সোমনাথ দত্ত তৎপর থাকায় কোনও বিপদ ঘটেনি। বিরতির পর বাংলার আধিপত্য বাড়ে। তবু ৮৮ মিনিট পর্যন্ত গোল পায়নি বাংলা। ৮৯ মিনিটে বিকি থাপার ক্রশে নরহরি হেড রাজস্থান গোলকিপার আংশিক প্রতিহত করলে, আলগা বল গোলে ঠেলে বাংলাকে ৩ পয়েন্ট এনে দেন সায়ন।
তবে সন্তোষ ট্রফির শেষ আটে জায়গা করে নিলেও বাকি ২ ম্যাচ হাল্কা ভাবে নিচ্ছেন না কোচ সঞ্জয় সেন। বলেন, ‘ গতবার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলেও, গ্রুপ লিগের ৫ ম্যাচের একটা ম্যাচ ড্র হয়েছিল। তাই এবার আসামে খেলতে আসার আগে ফুটবলারদের বলেছিলাম, এর পুনরাবৃত্তি চাই না। সবকটি ম্যাচ জেতার জন্য ঝাঁপাতে হবে। সেই লক্ষ্যটাই থাকছে। রাজস্থানের খেলার ধরনটা একটু আলাদা। ওরা উঁচু লম্বা বাড়িয়ে প্রতিপক্ষ জিফেন্ডারদের ঝামেলায় ফেলার চেষ্টা করে। আমাদের বিরুদ্ধেও সে কৌশল নিয়েছিল। কিন্তু আমাদের ডিফেন্ডাররা সতর্ক থাকায় ওরা ফায়দা তুলতে পারেনি। কোয়ার্টারফাইনালে পোঁছে আত্মতুষ্টিতে ভোগার কোনও জায়গা নেই। জয়ের অভ্যাসটা ধরে রাখা জরুরি। তামিলনাড়ুর বিরুদ্ধে লড়াইটা আরও হাড্ডাহাড্ডি হবে। ওদের খেলা দেখেছি। লড়াকু দল। মাঝে ২ দিন সময় পাব, ওদের মুখোমুখি হওয়ার আগে। তরতাজা হয়ে সেরা দিতে তৈরি থাকবে ফুটবলাররা তামিলনাড়ু ম্যাচে।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
