Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ অবশেষে ভারতীয় ক্লাব ফুটবলের জট খোলার ইঙ্গিত মিলল সুপ্রিম কোর্টের নির্দেশে। শুক্রবার আইএসএল ঘিরে অচলবস্থা কাটাতে সুপ্রিম কোর্টে শুনানি ছিল। সুপ্রিম কোর্টের দুই বিচারপতি পিএস নরসিমা ও জয়মাল্য বাগচীর বেঞ্চ ভারতীয় ফুটবল ফেডারেশন(‌এআইএফএফ)‌ ও আইএসএল পরিচালনার দায়িত্বে থাকা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড(‌এফএসডিএল)‌কে অনুমতি দিয়েছে মাস্টার রাইটস এগ্রিমেন্ট(‌এম আর এ)‌ নিয়ে এক সপ্তাহের মধ্যে আলোচনায় দ্রুত বসে সমস্যা মেটাতে। সুপ্রিম কোর্টে এনিয়ে পরবর্তী শুনানি ২৮ আগস্ট।

এআইএফএফ ও এফএসডিএলের মাঝে এমআরএ নিয়ে বিতর্কের জেরে আইএসএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে রয়েছে। ১১ জুলাই এফএসডিএল সব ক্লাব ও ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়েছিল, ফেডারেশনের সঙ্গে তাদের বর্তমান এমআরএ ৮ ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে। সে পর্যন্ত আইএসএলের এক তৃতীয়াংশও শেষ হবে না, তারা সেপ্টেম্বরে নির্দিষ্ট সময় আইএসএল শুরু করলে। এই পরিস্থিতিতে তারা আইএসএলের আয়োজন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখছে। ফেডারেশনও নিজেদের অক্ষমতা ঢাকতে সুপ্রিম কোর্টের নির্দেশকে ঢাল করেছিল। তাদের বক্তব্য ছিল, ফেডারেশনের সংশোধিত নয়া সংবিধান না আসা পর্যন্ত তারা নতুন করে কোনও চুক্তিতে যাওয়ার জায়গায় নেই।

এই একে অপরের কোর্টে বল ঠেলার কারণে আইএসএল অংশগ্রহণকারী ক্লাবগুলি সমস্যায় পড়েছে। বেঙ্গালুরু এফসি, ওড়িশা এফসি, চেন্নাইন এফ সি ক্লাবের কাজকর্ম সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় সমস্যায় পড়েছে ফুটবলার ও ফুটবলের সঙ্গে জড়িত অসংখ্য মানুষ। সমাধান খুঁজতে ১১ আগস্ট ফেডারেশন ও ১৩ আইএসএল ক্লাবের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন। তখনই ১১টি (‌ মোহনবাগান ও ইস্টবেঙ্গল ছাড়া)‌ ক্লাব দল ফেডারেশনকে চিঠি লিখে জানিয়েছিল, বিষয়টা দ্রুত সুপ্রিম কোর্টের গোচরে আনতে আইএসএল ঘিরে অচলাবস্থা কাটাতে।

ফেডারেশন এনিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার আগেই সতঃপ্রবৃত্ত হয়ে অ্যামিকাস কিউরিয়ে অর্থাৎ আদালতের নিরপেক্ষ আইনজীবি গত সোমবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চে হাজির হয়ে আইএসএল ঘিরে অচলাবস্থা কাটানোর জন্য হস্তক্ষেপের আবেদন জানান ও রায় দানের। পরিস্থিতির গুরুত্ব বুঝেই সুপ্রিম কোর্টের বিচারপতিরা ফেডারেশন ও এফএসডিএলকে একসঙ্গে বসে চুক্তি বিতর্ক মেটানোর নির্দেশ দিয়েছে। ‌একইসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নরসিমা ও জয়মাল্য বাগচীর বেঞ্চ জানান, ফেডারেশনের সংবিধান সংক্রান্ত কেসের রায় দান করবেন তাঁরা নতুন জাতীয় ক্রীড়া নীতি বিলটা ভালভাবে খতিয়ে দেখে। ফেডারেশন সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা চায় দ্রুত এই সমস্যার সমাধান হোক। মাঠে বল গড়াক। আদালতের নির্দেশ মত এফএসডিএলের সঙ্গে বসতে তৈরি যত তাড়াতাড়ি সম্ভব।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *