অলস্পোর্ট ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতীয় ফুটবল ফেডারেশনের বর্তমান কমিটি গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে এতদিন বিরত ছিল। তাদের কার্যত ক্ষমতাহীন বলেছিল আদালত। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট শুনানি শেষে সংক্ষিপ্ত রায় দিয়েছে, তাতে ফেডারেশনের বর্তমান কমিটিকেই বলেছে, ভারতীয় ফুটবল ঘিরে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তার অবসান ঘটাতে যেন দ্রুত উদ্যোগ নেয়।
সুপ্রিম কোর্ট ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্দেশ দিয়েছে, আইএসএল আয়োজন ও ভারতীয় ফুটবল মরশুম শুরুর স্বার্থে এআইএফএফ যেন বানিজ্যিক সহযোগী বাছাইয়ের কাজ দ্রুত শুরু করে। তারজন্য যেন প্রয়োজনীয় গ্লোবাল টেন্ডারের মাধ্যমে দরপত্র আহ্বান করে স্বচ্ছ, প্রতিযোগিতামূলক, ওপেন পদ্ধতি নেয়। সঠিক বানিজ্যিক সহযোগী নির্বাচনের দায়িত্ব থাকবে আদালত নিযুক্ত বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের ওপর।
এই নির্দেশে এআইএফএফকে ২০২৫ মরশুম শুরুর উল্লেখের পাশাপাশি সুপার কাপ সহ অন্যান্য টুর্নামেন্ট নিজেদের নিয়ন্ত্রণে রাখার কথা বলা হয়েছে। নতুন কার্যকরী নিরবাচন নিয়ে কোনও নির্দেশ দেওয়া হয়নি এখনই। একইসঙ্গে সংশোধিত সংবিধানের ব্যাপারেও কিছু বলা হয়নি। কারণ ফিফা এব্যাপারে ৩০ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে এই বিষয়টা চুড়ান্ত করতে। তার মধ্যে না হলে ফিফা ব্যানের মুখে পড়তে হবে ভারতীয় ফুটবলকে। তাই এটুকু বলা যায়, সুপ্রিম কোর্টের বিচারপতিরা তার অনেক আগেই চুড়ান্ত রায়ের মাধ্যমে যাবতীয় সমস্যার সমাধান করে দেবেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
