Cart Total Items (0)

Cart

All Sports India

সুচরিতা সেন চৌধুরী, জামশেদপুর: শেষ ১০ মিনিটে একটা হালকা ঝড় তুলেছিল জামশেদপুর এফসি। মোহনবাগান বক্সে পর পর আক্রমণে ব্যস্ত রেখেছিল ডিফেন্ডারদের। কিন্তু এদিন প্রথম থেকেই রীতিমতো আটোসাটো ছিল বাগান রক্ষণ। তাও শেষরক্ষা হয়নি। শেষ ৩০ সেকেন্ডেই সব শেষ। সেই আফশোস কিছুতেই যাচ্ছে না কোচ সার্জিও লোবেরার। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মলনে যখন ঢুকলেন তখন হতাশায় থমথমে হয়ে রয়েছে তাঁর মুখ। আগের দিনের সেই প্রাণবন্ততা উধাও। যার প্রমান পাওয়া গেল তাঁর কথায়ও। বার বার ঘুরে ফিরে একটাই কথা বলে গেলেন, ‘‘এই পয়েন্ট নষ্ট বেদনাদায়ক, পেইনফুল।’’ সব কথার শেষে কম করে ১০ বার বললেন, ‘‘পেইনফুল’’।

বেদনাদায়ক তো বটেই, যেভাবে জেতা ম্যাচ মাঠে ফেলে এল মোহনবাগান সেটা যন্ত্রণার দল ও সমর্থকদের জন্য। মোহনবাগান কোচ সার্জিও লোবেরা বলছিলেন, ‘‘আমরা দ্বিতীয় গোল করার সুযোগ হাতছাড়া করেছি। ম্যাচটি জেতার সবরকম সুযোগ আমাদের ছিল, শেষ ১৩ সেকেন্ডে আমরা গোল হজম করলাম, এটা বেদনাদায়ক।’’ তিনি মেনে নিলেন তাঁর দল সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি আর। বলছিলেন, ‘‘আমরা বেশ কিছু নিশ্চিত সুযোগ তৈরি করেছিলাম। প্রতিপক্ষ সেভাবে কোনও সুযোগই পায়নি। কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে যা ঘটল সেটা মেনে নেওয়াটা সত্যিই কঠিন।’’

তবে চ্যাম্পিয়নশিপের আশা মোটেও ছাড়ছেন না তিনি। বলছিলেন, ‘‘আমাদের খেলোয়াড়রা দুর্দান্ত খেলেছে। আমরা বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছি, আমাদের সংগ্রহে ১৪ পয়েন্ট রয়েছে এবং আমরা চ্যাম্পিয়নশিপের দৌঁড়ে ভালোভাবেই টিকে আছি। তালিকার শীর্ষস্থান ধরে রাখাই আমাদের মূল লক্ষ্য।’’ এর সঙ্গে তিনি মনে করিয়ে দেন কীভাবে তাঁর দল ভাল খেলে পয়েন্ট নষ্ট করেছে। বলছিলেন, ‘‘আমরা বিএফসি-র (বেঙ্গালুরু এফসি) বিপক্ষে দারুণ খেলেছিলাম। এমনকি আজকের ম্যাচটিও আমরা প্রায় নিজেদের মুঠোয় পুরেই ফেলেছিলাম। তবে ফুটবলে একটি মাত্র নির্দিষ্ট ঘটনা বা মুহূর্তই সবকিছু ওলটপালট করে দিতে পারে। ফুটবলে আমাদের সবসময় বর্তমানেই থাকতে হবে মুহূর্তের ওপরই মনোযোগ দিতে হবে। আমাদের এখন শুদু তিন পয়েন্ট প্রয়োজন।’’

‘‘গোল পার্থক্যের সুবাদে আমরা বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছি। মুম্বই সিটি তাদের পরবর্তী ম্যাচটি এখানে জামশেদপুরের বিপক্ষে খেলবে। আমাদের পরবর্তী ম্যাচটি ঘরের মাঠে পঞ্জাবের বিরুদ্ধে খেলতে হবে। আমার খেলোয়াড়দের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আজকের ম্যাচে টম (টম আলড্রেড) অসাধারণ খেলেছে। আমার প্লেয়াররা তাদের সেরাটা দিয়েছে’’, বলেন লোবেরা।

এদিকে বিশ্বমানের গোল করেও হতাশায় ডুবে গিয়েছেন লিস্টন কোলাসো। বলছিলেন, ‘‘নিজের গোলের থেকে দলের তিন পয়েন্ট বেশি গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, আমরা পয়েন্ট হাতছাড়া করেছি। পয়েন্টগুলো নিজেদের যোগ্যতায় অর্জন করে নিতে হয়। তবে এমন ঘটনা খেলারই একটি অবিচ্ছেদ্য অংশ। আশা করছি, আমরা আবারও স্বমহিমায় ফিরে আসব। পরবর্তী ম্যাচে আমরা আরও ভালো পারফরম্যান্স উপহার দেব।’’

জামশেদপুর এফসি কোচ ওয়েন কোয়েল বলেন, ‘‘সবাই চায় মরসুমের ইতিটা সেরাভাবেই টানতে, তবে আমরা চাই নিজেদের পারফরম্যান্সের ধারাবাহিক উন্নতি বজায় রাখতে। আমরা প্রস্তুতির জন্য মাত্র ৩ সপ্তাহ সময় পেয়েছিলাম। আমরা বেশ কিছু শক্তিশালী দলের বিপক্ষে খেলেছি—যেমন পঞ্জাব এবং ইস্টবেঙ্গল। আমরা এই ম্যাচে একটি চমৎকার গোলও করেছি। আমরা কখনওই নিজেদের ওপর থেকে বিশ্বাস হারাই না। আজকের এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ—বস্তুত, পুরো মরসুমের প্রেক্ষাপটে এটিই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি এখনও মাদিহ তালালের অভাব তীব্রভাবে অনুভব করছি।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *